নাইক্ষ্যংছড়িতে তামাকের বিকল্প হয়ে উঠছে তুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির একটি তুলাখেতে ওষুধ ছিটাচ্ছেন চাষি l প্রথম আলো
নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির একটি তুলাখেতে ওষুধ ছিটাচ্ছেন চাষি l প্রথম আলো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী গ্রামের কৃষক ছালেহ আহমদ ১০ বছর ধরে ফসলি জমিতে তামাকের চাষ করছেন। তামাকের জমিতে পরীক্ষামূলকভাবে আঁশ তুলা লাগিয়েছিলেন তিনি। ভালো লাভ হওয়ায় এখন থেকে তুলা চাষ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আশারতলী গ্রামে তাঁর মতো অনেক চাষি তামাক ছেড়ে উন্নত জাতের তুলা চাষ করছেন।
সম্প্রতি নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকা ঘুরে তুলার আবাদ চোখে পড়েছে। আশারতলী গ্রামের সফল কৃষক ছালেহ আহমদের মতো উপজেলার অনেক কৃষকের সঙ্গে কথা হয়। তাঁরা বিশ্বাস করেন, ক্ষতিকর তামাকের ভালো বিকল্প হতে পারে তুলা। এ ব্যাপারে তুলা উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগও কৃষকদের সঙ্গে কাজ করে যাচ্ছে। লাভের মুখও দেখছেন চাষিরা। কৃষক ছালেহ আহমদ জানান, ২০১৪ সালে প্রথমে তিনি এক বিঘা জমিতে আমেরিকান জাতের আঁশ তুলার চাষ করেছিলেন। তুলা উন্নয়ন বোর্ড বিনা মূল্যে সার, কীটনাশক ও বীজ সরবরাহ করেছে। পাঁচ মাসের মাথায় বাগানের তুলা বিক্রি করে তিনি আয় করেন ২৩ হাজার টাকা। যা তামাক চাষ করে সম্ভব হয়নি।
উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তা হালিম উদ্দিন মল্লিক জানান, বর্তমানে নাইক্ষ্যংছড়িতে প্রায় পাঁচ হাজার একর জমিতে তামাক চাষ হচ্ছে। তামাকের বিকল্প হিসেবে এখানে আমেরিকান জাতের আঁশ তুলা চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। চাষিদের প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে। ৫ ডিসেম্বর এমন একটি প্রশিক্ষণ ও মাঠ দিবসের আয়োজন করা হয়।
উপজেলায় তুলা চাষ সম্পর্কে তিনি জানান, ২০১৪ সালে নাইক্ষ্যংছড়ির ছয় বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে আঁশ তুলা চাষ করা হয়। চাষিরা লাভবান হওয়ায় ২০১৫ সালে আরও ১৪ বিঘা জমিতে আঁশ তুলার চাষ হয়েছে। ২০১৬ সালে তুলার চাষ দ্বিগুণ করার চেষ্টা চলছে।
হালিম উদ্দিন মল্লিক আরও জানান, সরকারিভাবে বিনা মূল্যে সার, কীটনাশক ও বীজ সরবরাহ করায় কৃষকেরা তামাক ছেড়ে তুলা চাষে এগিয়ে আসছেন। তা ছাড়া তুলা উন্নয়ন বোর্ড চাষিদের উৎপাদিত তুলা বাজারজাত করারও নিশ্চয়তা দিয়ে থাকেন। তিনি বলেন, উঁচু জমিতে বেলে-দোআঁশ মাটিতে আঁশ তুলার চাষ ভালো হয়। প্রতি ৪০ শতক জমিতে তুলা পাওয়া যায় ১৫-১৬ মণ। প্রতি মণ তুলার বাজারমূল্য দুই হাজার টাকা।
উপজেলার আশারতলী ও জামছড়ি গ্রাম ঘুরে দেখা গেছে, পাহাড়ের ঢালে নিচু জায়গায় তামাকের পাশাপাশি উন্নতজাতের আঁশ তুলা চাষ হচ্ছে। জামছড়ির তুলাচাষি হাবিবুর রহমান জানান, একসময় পুরো জামছড়িতে তামাকের চাষ হতো। এখন তামাক হটিয়ে দিচ্ছে তুলা। তামাকখেতে যখন কীটনাশক দেওয়া হতো, কিংবা চুল্লিতে যখন আগুনে তামাক পাতা পোড়ানো হতো তখন বিকট গন্ধে বাড়িতে থাকা যেত না। দুর্গন্ধে অনেকে অসুস্থ হয়ে পড়ত। এখন তুলা চাষ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাচ্ছে। তুলা চাষে কম পরিশ্রমে বেশি আয় সম্ভব হচ্ছে। তা ছাড়া জমির উর্বরতাশক্তি ও পরিবেশ রক্ষা পাচ্ছে।
চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে তুলা চাষ করতে তাঁদের খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। আর এই পরিমাণ জমিতে তুলা উৎপাদন হয় ৩৫০ থেকে ৪০০ কেজি পর্যন্ত। যা বিক্রি করে পাওয়া যায় ১৮ থেকে ২০ হাজার টাকা।
সোনাইছড়ি গ্রামের চাষি আবদুর রহিম জানান, ২০১৪ সালে তিনি দুই বিঘা জমিতে তুলা চাষ করে ২৭ হাজার টাকা পেয়েছেন। এ বছর তিনি তিন বিঘা জমিতে তুলা চাষ করছেন। তুলা বিক্রি করে ৫০ হাজার টাকা পাওয়ার আশা করছেন। তাঁর অভিমত, সরকার সহযোগিতা করলে আগামী পাঁচ বছরের মাথায় উপজেলার কৃষকেরা তামাক ছেড়ে আঁশ তুলা চাষের দিকে ঝুঁকবেন।