নাইক্ষ্যাংছড়িতে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পেল তিন শতাধিক মানুষ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম চাকঢালা গ্রামে তিন শতাধিক দরিদ্র মানুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়ে খুশি। ১৬ ফেব্রুয়ারি সকালে উত্তর চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরের সহধর্মিণী মেহ্লা প্রু মারমা এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।
মেহ্লা প্রু মরমা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার লোকজন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সুবিধাবঞ্চিত লোকজনের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।
ক্যাম্পে স্বাস্থ্যসেবা দিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মুবিনুল হক চৌধুরী, চিকিৎসক সালমান করিম খান ও উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা তপন বড়ুয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, বান্দরবান জেলা ডেপুটি সিভিল সার্জন অংশৈ প্রু মরমা, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ কবির, বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক অংছালু মরমা, বান্দরবান সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভানু মরমা, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মংহ্লা প্রু।
এতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুসা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মংক্যচিং চৌধুরী, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা মো. শফি উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, যুবলীগ সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।