নাইজেরিয়ায় অবৈধ তেলের কারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ নাইজেরিয়ার একটি এলাকা। সবুজ গাছপালার আচ্ছাদন ফুরিয়ে গিয়ে হঠাৎ করে শুরু বিরান জমি। মাটি কালচে। খরা বা অন্য কোনো কারণে এমন হয়নি। চুরি করা অপরিশোধিত তেলের রমরমা ব্যবসার প্রভাবেই প্রকৃতির এই দশা। ঘটনাস্থলটি নাইজার ডেল্টার ওগোনিল্যান্ডে। বিবিসির একজন সাংবাদিক সম্প্রতি এখানকার একটি অবৈধ তেল শোধনাগার দেখার বিরল সুযোগ পান। শোধনাগারটি তালগাছে ঘেরা একটি খাঁড়িমতো জায়গায়। ‘এডওয়ার্ড’ ছদ্মনামে পরিচয় দেওয়া এক কর্মচারী সাংবাদিককে সব ঘুরিয়ে দেখান। তীরে কাত হয়ে পড়ে থাকা একটি ডিঙি গোছের নৌকা দেখিয়ে এডওয়ার্ড বলেন, ‘এ রকম নৌকায় করে গিয়ে আমরা অপরিশোধিত তেল সংগ্রহ করে এখানে নিয়ে আসি।’এই সংগ্রহ হচ্ছে রাতের আঁধারে বিভিন্ন বহুজাতিক কোম্পানির পাইপলাইন ছিদ্র করে তেল চুরি করা। খাঁড়ির আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনেক ড্রাম দেখিয়ে এডওয়ার্ড জানালেন, চোরাই তেল এসব ড্রামে রেখেই শোধন করা হয়। হাতে তৈরি এসব শোধনাগারের পাশেই গর্তের মধ্যে জমে থাকে উপজাত বিটুমিন। সড়ক নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই বিটুমিন কিনে নেয়। এডওয়ার্ড আরও জানান, সেখানে প্রায় ৪০০ লোক কাজ করে। প্রতি রাতে তারা ১১ হাজার লিটার ডিজেল উৎপাদন করে। তবে আদিম পদ্ধতিতে তেল পরিশোধনের এই কাজ খুব বিপজ্জনক। বর্জ্য হিসেবে বেরিয়ে আসা গ্যাসের বিষয়ে খুব সাবধান থাকতে হয়। কারণ গ্যাসে কোনোভাবে আগুন ধরে গেলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। অ্যান্ডি বলে পরিচয় দেওয়া একজন বলেন, ‘এই কাজ খুব বিপজ্জনক। কিন্তু জীবিকার জন্য এই কাজ করা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই।’অ্যান্ডি বলেন, দুর্ঘটনায় তাঁর পরিচিত অনেকেই মারা গেছেন। তা ছাড়া এই কাজ করলে নানা অসুখ-বিসুখ হয়। নাইজেরিয়ার সেনাবাহিনীর দায়িত্ব অবৈধ তেল উৎপাদন বন্ধ করা। তারা এ লক্ষ্যে অভিযানও চালায়। তবে সেনাদের অনেকে ঘুষ খেয়ে চোখ বন্ধ করে রাখে। অ্যান্ডি বলেন, টাকা থাকলে টাকা, না হলে তেল নেয় তারা। ১০ ড্রাম তেল উৎপাদন করা হলে সেনাদের দুই ড্রাম দিতে হতো। এটা খুবই স্বাভাবিক ঘটনা।নাইজেরিয়ার অর্থমন্ত্রী এনগোজি ওকোনজো-আইওয়েলা সম্প্রতি লন্ডন ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে বলেন, অপরিশোধিত তেলের চোরাই বাণিজ্যের কারণে গত এপ্রিলে বৈধ তেল বিক্রি ১৭ শতাংশ কম হয়। এ হিসাবে প্রতিদিন প্রায় চার লাখ ব্যারেল তেল কম বিক্রি হয়েছে। এতে শুধু এপ্রিলেই প্রায় ১২০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।নাইজেরিয়ার তেল চুরির ঘটনা নতুন কিছু নয়। শান্তি চুক্তির অংশ হিসেবে ২০০৯ সালের সাধারণ ক্ষমার আগে বিদ্রোহীরা পাইপলাইন ছিদ্র করে তেল চুরি করত। আর ওই তেল বিক্রির অর্থ দিয়ে কেনা হতো অস্ত্র। শান্তি চুক্তি হওয়ার পর কোম্পানিগুলো তেলের উৎপাদন অনেকটা বাড়াতে সক্ষম হয়। বাড়ে সরকারের রাজস্ব আয়ও। এ কারণে কেউ এখন তেল চুরিকে তুলনামূলকভাবে ছোট সমস্যা মনে করলেও করতে পারে।কিন্তু দেশের অবহেলিত ও নাজুক এই এলাকায় অরাজকতা চলতে দেওয়া কতটা বুদ্ধিমানের কাজ হচ্ছে? বিশেষ করে যখন নাইজেরিয়ার অর্থনীতির জন্য এই এলাকার রয়েছে বিশেষ গুরুত্ব। পরিস্থিতি মোকাবিলায় সরকার একটি টাস্কফোর্স গঠন করছে। এতে তেল কোম্পানি ও সেনাবাহিনীর লোকও থাকবে।কিন্তু বিশ্লেষকদের খুব কমই মনে করেন যে টাস্কফোর্স কার্যকর কোনো পদক্ষেপ নেবে। কারণ এ থেকে লাভবান হচ্ছে অনেকেই।শেল পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট কোম্পানি জানায়, নাইজেরিয়ায় তেল চুরির ঘটনা দিনে দিনে বেড়েই যাচ্ছে। কোম্পানিগুলো চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। কারণ তাদের হাতে কোনো ক্ষমতা নেই। তাদের সামরিক বাহিনীর ওপর নির্ভর করতে হয়। ধারণা করা হয়, দেশের প্রভাবশালী রাজনীতিকেরাও তেল চুরির ঘটনার সঙ্গে জড়িত। শেল পেট্রোলিয়াম বলেছে, চুরি ঠেকানোর জন্য এখন নতুন করে মাটির চার মিটার গভীরে পাইপলাইন বসানো হচ্ছে। এই লাইনের ওপর থাকবে কংক্রিটের নিরাপত্তা স্ল্যাব। আর স্ল্যাবের নিচেও মূল পাইপলাইনকে সুরক্ষিত রাখতে এর ওপর আলাদা একটি আবরণের মতো পাইপ বসানো হবে।এডওয়ার্ড ও অ্যান্ডির মতো আরও অনেকেই চোরাই তেল পরিশোধনের কাজ থেকে বেরিয়ে আসতে চান। তবে অনুন্নত ওগোনিল্যান্ডে বিকল্প পেশার সুযোগ এখন খুব একটা নেই।  আবুল হোসেন