নাইজেরীয় প্রেসিডেন্টের দুঃসময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুডলাক জোনাথন
গুডলাক জোনাথন

সময়টা মোটেও ভালো কাটছে না নাইজেরীয় প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের৷ ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হাতে অপহৃত ২৭৬ জন স্কুলছাত্রীর এখনো কোনো খোঁজ মেলেনি। তাদের উদ্ধারের জন্য তাঁর ওপর দেশের ভেতরে ও বাইরে চাপ ক্রমেই বাড়ছে। প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও চালানো হচ্ছে সন্ত্রাসী হামলা। এসব নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি।
বোকো হারাম গত ১৪ এপ্রিল নাইজেরিয়ার বোর্নো প্রদেশের চিবক থেকে ওই ২৭৬ স্কুলছাত্রীকে অপহরণ করে। একসঙ্গে এত বেশিসংখ্যক ছাত্রী অপহরণের ঘটনায় গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে যায়। যদিও নাইজেরীয় সেনাবাহিনী অপহৃতদের খুঁজতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের চেষ্টার কোনো ফল এখনো দৃশ্যমান নয়।
এতে অনেক নাইজেরীয় এমন সন্দেহও প্রকাশ করেছে যে প্রেসিডেন্ট অপহৃত ছাত্রীদের উদ্ধারের ব্যাপারে আদৌ কোনো পদক্ষেপ নিয়েছেন কি না। এমন সন্দেহের পেছনে কারণও রয়েছে। স্কুলছাত্রীদের অপহরণের দুই সপ্তাহের বেশি সময় পার হওয়ার পরও প্রেসিডেন্ট এ নিয়ে জনসমক্ষে কোনো ভাষণ দেননি। কারণ ৬ মে থেকে ৮ মে রাজধানী আবুজায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভা ছিল। যেখানে আসেন বহু রাষ্ট্রপ্রধান, তাঁদের সামনে মুখরক্ষা ছিল প্রেসিডেন্টের পক্ষে অনেক বেশি জরুরি। অপহৃত ছাত্রীর সংখ্যা নিয়ে সরকারি কর্মকর্তারা একেক সময় একেক তথ্য দিয়েছেন। নিরাপত্তা কর্মকর্তা ও সামরিক বাহিনীর কমান্ডাররা অপহৃত ছাত্রীরা উদ্ধার হয়েছে—এমন তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন। প্রেসিডেন্ট অপহরণস্থল চিবকেও যাননি। তাঁর স্ত্রী পেশেন্সের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় এক অপহৃত ছাত্রীর মা গ্রেপ্তার হন৷ সব মিলিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
গত ১৬ মে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত আফ্রিকান নেতাদের এক সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ইসরায়েলসহ বেশ কয়েকটি দেশ অপহৃত ছাত্রীদের খঁুজে বের করার ব্যাপারে নাইজেরিয়ার সঙ্গে একযোগে লড়াই করার ঘোষণা দেয়। জোনাথন নিজেও কয়েক দিন আগে বোকো হারামের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেন।
কিন্তু এসব ঘোষণায় যে বোকো হারাম এতটুকু ভীত হয়নি, তা বোঝা যায় তাদের পরবর্তী কর্মকাণ্ডে। গত কয়েক দিনে কানো, জস বোর্নোসহ বেশ কয়েকটি এলাকায় তাদের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। এসব ঘটনায় গোটা দেশ এখন আতঙ্কে ভুগছে।
সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, বোকো হারামকে একা মোকাবিলা করার ক্ষমতা নাইজেরীয় সেনাবাহিনীর নেই। যেসব প্রশিক্ষণ বোকো হারাম তার সদস্যদের দিয়েছে সেসব প্রশিক্ষণ সেনাবাহিনীর নেই। বোকো হারামের হাতে আছে অত্যাধুনিক অস্ত্র ও বিস্ফোরক, যা সেনাবাহিনীর কাছে নেই।
এসব কথা মৌমাছির হুলের মতোই বিঁধছে প্রেসিডেন্ট জোনাথনের শরীরে। বোকো হারাম নামটি এখন তাঁর কাছে দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। ২০০২ সালে গড়ে ওঠা এ জঙ্গি সংগঠনের এখন মূল লক্ষ্য হলো নাইজেরিয়ার বর্তমান সরকারকে উৎখাত করা এবং দেশটিকে ইসলামি রাষ্ট্রে পরিণত করা। তারা এ লক্ষ্য পূরণ করতে গিয়ে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষের ওপর।
অপহৃত ছাত্রীদের উদ্ধারই এখন জোনাথনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেননা প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র আট মাস বাকি৷ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হতে চাইছেন তিনি। কিন্তু অপহৃত ছাত্রীরা উদ্ধার না হলে তাঁর সেই আশা দুরাশায় পরিণত হবে।
জোনাথনের কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, বিরোধীরা পানিতে রক্তের গন্ধ শোঁকার চেষ্টা শুরু করে দিয়েছে। অপহৃত ছাত্রীদের উদ্ধারে ব্যর্থ হওয়ায় তারা প্রেসিডেন্টকে ব্যঙ্গ-বিদ্রূপ করছে।
তবে অপহৃত ছাত্রীদের উদ্ধার করতে পারলেই যে জোনাথন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন, এমন কোনো নিশ্চয়তা নেই। বোকো হারাম ছাড়া আরও নানা সমস্যায় জর্জরিত নাইজেরিয়া । প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও দেশটির অধিকাংশ মানুষ এখনো দরিদ্র। রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রশাসনে দুর্নীতি, বেকারত্ব এসব সমস্যা বিরাজমান। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চাইলে গুডলাক জোনাথনকে এসব সমস্যারও সমাধান করতে হবে।
রোকেয়া রহমান