নাইট্যং পাহাড়ে ব্রিটিশ বাংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ের চারদিকে লতাগুল্ম। দূর থেকে দেখে বোঝার উপায় নেই এর আড়ালে কিছু আছে। কাছে যেতেই চোখে পড়ল তিনটি প্রবেশমুখ। ভেতরে আরও গভীর। যুদ্ধকালীন বাংকার এটি। কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যং পাহাড়ের এ বাংকার এখনো অক্ষত আছে। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাংকার তৈরি করে ব্রিটিশ সেনাবাহিনী। বাংকারে বসে নাফ নদীর ওপারে মিয়ানমারের মংডু শহরে অবস্থানকারী জাপানি সেনাদের প্রত্যক্ষ করতেন তাঁরা। ওই সময় নাইট্যং পাহাড়চূড়ায় ব্রিটিশরা ঘাঁটি করে কয়েক মাস যুদ্ধ করেন। এখান থেকে ছুড়ে মারা কামানের গোলা পড়ত মিয়ানমারের কোলাদাংয়ে। রবার্ট হার্স নামের এক ব্রিটিশ সেনা কমান্ডার এ ঘাঁটির দায়িত্বে ছিলেন। এ সময় টেকনাফের সঙ্গে সরাসরি কোনো সড়ক যোগাযোগ ছিল না। কক্সবাজার থেকে বাসে করে উখিয়ার বালুখালী পর্যন্ত, তারপর বালুখালী থেকে নৌকায় করে নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফ আসা-যাওয়া করতে হতো।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক যুগ পরিত্যক্ত অবস্থায় থকার পর এই বাংকারটি ২০০৫ সালের এপ্রিল মাসে নতুন করে আবিষ্কার করেন তৎকালীন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুহসিন চৌধুরী। ওই সময় প্রথম আলোতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন করেন আবদুল কুদ্দুস। এরপর বাংকারের সংক্ষিপ্ত ইতিহাস সংবলিত একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। এ ছাড়া বাংকারটি পর্যটকদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অর্থায়নে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে একটি সড়ক, পাকা দুটি বেঞ্চ ও প্রতিরোধক দেয়াল (গাইডওয়াল) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পরে শুধু প্রতিরোধক দেয়াল নির্মাণের পর আর কিছু হয়নি। সরেজমিনে দেখা যায়, সড়ক না থাকায় বাংকারে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। সংস্কারের অভাবে লতাগুল্ম ছড়িয়ে পড়ছে বাংকারের চারপাশে। স্থানীয় লোকজন জানান, এই বাংকারের আশপাশে ব্রিটিশ সেনাবাহিনীর ব্যবহার করা অস্ত্র ও গোলাবারুদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েক বছর আগে সেনাবাহিনী বিস্ফোরক বিশেষজ্ঞরা এসবের অনুসন্ধান শুরু করার পর হঠাৎ তা আবার বন্ধ করে দেন। টেকনাফ পৌরসভার মেয়র মো. ইসলাম প্রথম আলোকে বলেন, এটি ব্রিটিশ সেনাবাহিনীর বাংকার। ঠিকভাবে সংস্কার করলে পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান হবে। নতুন প্রজন্মও ইতিহাস সম্পর্কে ধারণা পাবে। পৌর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বাংকারটির সংস্কারকাজ হাতে নেবে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঐতিহাসিক এই বাংকারটি সংরক্ষণ করা জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে উদ্যোগ নেওয়া হবে।