নাইন ইলেভেন মেমোরিয়াল

নিউইয়র্কের ফাল্টন সাবওয়ে থেকে বেরিয়ে চার্চ স্ট্রিট পেরোলেই লিবার্টি স্ট্রিট। তার সামনেই একদিকে ওয়েস্ট স্ট্রিট আর অন্যদিকে ভারসি স্ট্রিট। এই চার স্ট্রিটের মাঝখানের পরিসরেই ঘটেছিল নাইন ইলেভেনের সেই মর্মন্তুদ ঘটনা। সেখানেই একসময় মাথা তুলে দাঁড়িয়েছিল টুইন টাওয়ারখ্যাত বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ডব্লিউটিসি-১ (নর্থ টাওয়ার) ও ডব্লিউটিসি-২ (সাউথ টাওয়ার) নামের দুটি আকাশছোঁয়া অট্টালিকা।
নাইন ইলেভেনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের গর্বের প্রতীক ছিল এই টুইন টাওয়ার। এখন সেখানে গেলে দেখা যায়, গভীর এক নিঃসীম শূন্যতা কেবল সেই দিনটিকে স্মরণ করিয়ে দিতে চাইছে। অঝোর জলধারা দুই স্থানকে (মেমোরিয়াল নর্থ পুল ও মেমোরিয়াল সাউথ পুল) অবিরাম সিক্ত করেই যাচ্ছে। এই নিরবধি জলধারা হলো নব্বইয়ের অধিক দেশের ২ হাজার ৯৭৭ জন নিহত মানুষের আত্মীয়পরিজন ও বিশ্ব বিবেকের অবিরাম বুকভাঙা কান্না, সীমাহীন বেদনা ও চোখের জলের প্রতীক। এই দুই স্মারক পুলবেষ্টিত চার দেয়ালে মুদ্রিত আছে নিখোঁজ ও নিহত সব মানুষের নাম।

সেদিন সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের চারটি বিমান ছিনতাই করেছিল। দুটি বিমান টুইন টাওয়ারে আঘাত হেনেছিল। তৃতীয়টি আঘাত হেনেছিল ভার্জিনিয়ার পেন্টাগনে। চতুর্থ বিমানটি পশ্চিম পেনসিলভানিয়ার একটি খোলা মাঠে ভূপাতিত হয়। এসব বিমানের নিহত যাত্রীদের নামও লিপিবদ্ধ করা হয়েছে সেখানে। আরও লিপিবদ্ধ করা আছে নাইন-ইলেভেনের আগে নিহত ছয়জনের নাম। তাঁরা ১৯৯৩ সালের ২৬ ফেব্রুয়ারি নিহত হন। সন্ত্রাসীরা সেদিন টুইন টাওয়ারসংলগ্ন একটি গ্যারেজে বিস্ফোরণ ঘটায়।
নাইন ইলেভেনকে স্মরণীয় করে রাখার জন্য সেখানে নির্মিত হয়েছে জাদুঘর। এ ছাড়াও রয়েছে বাণিজ্যিক কাজে ব্যবহার উপযোগী স্থাপনা, বিপণিকেন্দ্র ও গণপরিবহন-ব্যবস্থা। আর এই অবকাঠামোর মূল পরিকল্পক ছিলেন ডানিয়েল লাইবেস্কিন্ড (Daniel Libeskind)। তিনি আট একর জমিতে অবস্থিত মেমোরিয়ালের চারদিকে প্যাঁচানো নতুন টাওয়ার নির্মাণকাজের সঙ্গে জড়িত আছেন।
ধ্বংসপ্রাপ্ত টুইন টাওয়ারের মূল স্থানে এখন শোভা পাচ্ছে ৩০ ফুট উচ্চতার জলপ্রপাত। তার চারপাশের দেয়ালে ব্রোঞ্জের ওপর খোদাই করা হয়েছে নিহত মানুষের নাম। এই প্রকল্পের নকশা করেছেন মাইকেল অ্যারাড (Michael Arad)। এ পরিকল্পনা বাস্তবে রূপ দিয়েছেন স্থপতি পিটার ওয়াকার (Peter Walker)।
মূল স্মারকের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নকশা প্রতিযোগিতার মাধ্যমে ৬৩টি দেশ থেকে পাওয়া মোট ৫ হাজার ২০১টি নকশা থেকে বর্তমান স্মারকের নকশাটি নির্বাচিত হয়।
নাইন-ইলেভেনের দশম বার্ষিকী উদযাপনের সময় (বসন্ত ২০১৪) নাইন-ইলেভেন মেমোরিয়াল জাদুঘর উদ্বোধন করা হয়। এই জাদুঘর শুধু নাইন-ইলেভেনের ইতিহাসকে সুরক্ষা করবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঘটনার পূর্বাপর, প্রেক্ষাপট ও ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরবে। প্রায় তিন হাজার প্রাণের আত্মাহুতির প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখেই এই জাদুঘর তার কার্যক্রম অব্যাহত রাখবে।
পাঠক, আপনাদের কেউ যদি ভবিষ্যতে নিউইয়র্কে আসেন, তাহলে অবশ্যই নাইন-ইলেভেন মেমোরিয়াল দেখে যাবেন।
খ্রীষ্টফার পিউরীফিকেশন
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
তথ্যসূত্র: 9/11 Memoria folder