নাইরোবিতে এক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেলের নাম ৬৮০। এ রকম নাম আগে আর কখনো শুনিনি। বিশাল হোটেল। ১৫তলা এল আকৃতির ভবন। নিচে দুটি জমকালো ক্যাসিনো। দোতলায় বিশাল রেস্টুরেন্ট। নাইরোবিতে এর আগেও একবার এসেছি। তখন একটি লিমোজিন নিয়ে চার ঘণ্টার ‘রাইড’ করেছিলাম। এবার থাকব চার দিন। আশা করছি, বিশ্বের সবচেয়ে নামকরা বন্য প্রাণীর অভয়ারণ্যখ্যাত নাইরোবি শহরটা এবার একটু ভালো করে উল্টেপাল্টে দেখে নিতে পারব। প্রায়ই বিদেশে গিয়ে একা একা সময় কাটাতে হয়। প্রথম প্রথম বিস্ময়ভরা চোখে তাকিয়ে থাকতাম। যেদিকে তাকাই সবই ভালো লাগে। এখন চোখের বয়স হয়েছে, ওরা বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠেছে। একা সময় কাটানোটা এখন আর আগের মতো উপভোগ করি না। নির্ধারিত কাজের বাইরেও কিছু কাজ থাকে। পথ চলতে চলতে যা দেখি, তা সংক্ষেপে হাতের কাছের কোনো টুকরো কাগজে টুকে নিই। অধিকাংশ ক্ষেত্রেই এসব টুকরো কাগজ হারিয়ে যায়। লেখার সময় স্মৃতিই ভরসা হয়ে দাঁড়ায়।মে মাসের ১ তারিখ। সন্ধ্যা সাড়ে ছয়টা। এই শহরের তাপমাত্রা সারা বছরই ২০-২১। আমি হোটেল থেকে বেরিয়ে পড়ি। চমৎকার আবহাওয়া। গোধূলিলগ্ন, ঝিরিঝিরি হাওয়া বইছে, শহরবাতিগুলো একে একে জ্বলে উঠছে। সাবধান, নাইরোবি ছিনতাইকারীদের শহর। আসার সময় শুভাকাঙ্ক্ষীরাও সাবধানবাণী শুনিয়ে দিয়েছেন। আমার পকেটে হাজার দুয়েক ডলার আছে। একবার ভাবি, হোটেলে গিয়ে রেখে আসব? আলসেমি লাগছে। যা হয় হবে। ওয়ালেটটা পেছনের পকেট থেকে বের করে প্যান্টের সামনের পকেটে রাখি। নাইরোবি শহরের আদল অনেকটা ঢাকা শহরের মতোই। ব্রিটিশ কলোনি তো। তবে এই শহরে আকাশচুম্বী ভবনের সংখ্যা অনেক কম। আমার কাছে অনেকটা আশির দশকের ঢাকা শহরের মতো লাগছে। হাঁটতে হাঁটতে তেমন জুতসই কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না। হোটেল ৬৮০-এর রেস্টুরেন্টে খেতে পারতাম। ভাবলাম, রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে এলাকাটাও ঘুরে দেখা হবে। ফাস্টফুডের অনেক দোকান অবশ্য পেরিয়ে এসেছি। কিন্তু আমি ফাস্টফুড খেতে চাচ্ছি না। একটি সত্যিকার রেস্টুরেন্টে ঢুকে খাওয়ার অছিলায় খানিকটা সময় কাটাতে চাই। এরপর হোটেলে গিয়ে শুয়ে পড়ব। ভ্রমণের ধকল তো কিছুটা আছেই, সারা গায়ে ক্লান্তির রেশ।আমার পেছনে পেছনে কেউ একজন অনেকক্ষণ ধরে হাঁটছে। ফুটপাত ধরে হাঁটছি আমি, অনেকেই হাঁটছে। এটাই স্বাভাবিক। কিন্তু কেউ একজন মনে হয় একই দূরত্ব বজায় রেখে আমার পেছনে অনেকক্ষণ ধরে হাঁটছে। একটি কিয়স্কের সামনে গিয়ে আমি থেমে পড়ি। এক বোতল পানি কিনি। ঘাড় ঘুরিয়ে পেছনে দেখি এক যুবক, বয়স ২৩-২৪ হবে। মাথায় ক্যাপ, ক্যাপের হুডে চোখ ঢাকা। যে মানুষের চোখ দেখা যায় না, তার মতিগতি বোঝা যায় না। আমি যুবকের মতিগতি বুঝতে পারি না। সেও এসে কিয়স্কের সামনে দাঁড়ায়। সিগারেট কিনছে। তখন ক্যাপের হুডের নিচে লুকানো ওর হলুদ চোখ দুটি এক মুহূর্তের জন্য দেখতে পাই। কী সাংঘাতিক চোখ। শুধু ছিনতাইকারী নয়, মনে হচ্ছে খুনির চোখ। ভয়ে আমার সারা গায়ে কাঁপন ধরে যায়। আমার পানি কেনা হয়ে গেছে। তবু দাঁড়িয়ে আছি। দোকানি জিজ্ঞেস করে, ‘স্যার, আর কিছু লাগবে?’ দোকানির কথায় আমি অপ্রস্তুত হই। ‘ওহ্ না, লাগবে না।’ আমাকে বিদায় না করে দোকানি ওকে মনোযোগ দিচ্ছে না। এরপর আর দাঁড়িয়ে থাকা যায় না।আমি আবার হাঁটতে থাকি। এবার অ্যাবাউট টার্ন। হোটেলের দিকে যাত্রা। কী আশ্চর্য, লোকটিও তো এদিকেই আসছে। এরই মধ্যে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। নাইরোবি তেমন আলোকোজ্জ্বল শহর নয়। অনেক দূরে দূরে লাইটপোস্ট। সোডিয়াম বাতি জ্বলছে। সোডিয়াম বাতির ‘মিডিয়াম’ আলো আর দুই লাইটপোস্টের মাঝখানের অন্ধকার মিলিয়ে একটা ভুতুড়ে পরিবেশ। হঠাৎ করেই যেন পরিবেশটা কেমন নিঝুম হয়ে গেল। সান্ধ্য-শহুরে কোলাহলটা যেন নিমিষেই মিলিয়ে গিয়ে একটা গা ছমছম করা নীরবতা নেমে এসেছে। আর কী আশ্চর্য, সামনে-পেছনে তেমন কোনো পথচারীও নেই। কেবল আমি আর পেছনের ওই ছিনতাইকারী বা খুনি লোকটি। যেকোনো মুহূর্তে ও এসে আমার ওপর হামলে পড়বে। হ্যাঁ, হলোও তাই। সে-ই আমাকে অতিক্রম করে সামনে চলে এল। আমার পা আর নড়ছে না। আমি দাঁড়িয়ে পড়ি। মনে মনে ঠিক করে ফেলি, টাকাগুলো আপসেই ওর হাতে তুলে দেব। আর অনুরোধ করব, যাতে ওয়ালেটটা না নেয়। কারণ, ওতে আমার অনেক কার্ড আছে। কার্ডগুলো খোয়া গেলে বেশ বিপদে পড়ে যাব। কিন্তু যদি ও আমাকে ধরে নিয়ে যায়? যদি বলে কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তুলে দাও। কিছু করার নেই। আমি এখন পরিস্থিতির শিকার। কেন যে সন্ধ্যাবেলায় হেঁটে শহর দেখতে বেরিয়েছিলাম। আমি পকেটে হাত দিই। নে বাবা, চাওয়ার আগেই দিয়ে দিচ্ছি, ছুরিটুরি মারিস না।‘আর ইউ লুকিং ফর সামথিং।’ যুবক বয়স হলেও বুড়োদের মতো ভারী কণ্ঠ। আমি বলি, ‘হ্যাঁ, রেস্টুরেন্ট।’ দেখার চেষ্টা করছি ওর সঙ্গে কী ধরনের অস্ত্র আছে। ওর পরনে একটি সামার জ্যাকেট। দুই হাত জ্যাকেটের পকেটে। পিস্তল নাকি? যেকোনো মুহূর্তে বের করবে বলে মনে হচ্ছে। ‘কাম উইথ মি’। সম্ভবত ভয়েই, আমি ওকে অনুসরণ করি। হোটেলের পথেই এগোচ্ছে এই কৃষ্ণবর্ণের কেনিয়ান যুবক, পেছনে আমি। উল্টোদিকে ঘুরে আমি দৌড় দিতে পারি। কিন্তু তা করি না। এই অচেনা শহরে, রাতের অন্ধকারে, না জানি আরও কত রকমের বিপদ ওত পেতে আছে।আমরা হোটেল ৬৮০-এর সামনে এসে দাঁড়াই। যুবক আঙুল উঁচিয়ে দেখায়, ‘রাস্তার ওপর একটি বড় রেস্টুরেন্ট আছে। আজ শনিবার, কনসার্ট হচ্ছে, তোমার ভালো লাগবে।’ আমি রাস্তা পার হতে যাব তখন ও পকেট থেকে হাত বের করে, ‘আমি ফিলিপ।’ আমি ওর হাতটা না ধরেই বলি, ‘আমি কাজী।’ তারপর রেস্টুরেন্টে না গিয়ে হনহন করে হোটেলের লবিতে ঢুকে পড়ি।লেখক: জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা, কবি।