নাওয়ের নাম ‘তাড়াতাড়ি’
‘মাথায় যখন ভাবনাটা এল, তখন চাই এর বাস্তব রূপ। সেই উদ্দেশ্যেই কুয়াকাটায় চলে যাই আমরা। ঘুরে ঘুরে খুব কাছ থেকে মাছ ধরার নৌকাগুলোকে পর্যবেক্ষণ করতে থাকি। এরপর সাভারে ফিরে এসে সেই মাছ ধরার নৌকাগুলোর অবিকল প্রতিরূপ তৈরি করতে শুরু করি। আমাদের নৌকার নতুনত্ব হলো কাঠের বদলে ফাইবার গ্লাসের ব্যবহার। ফাইবার গ্লাস ব্যবহারের উদ্দেশ্য—নৌকাগুলো যেন কিছুতেই না ডোবে।’ বলছিলেন নৌকাটির নির্মাতা ইভ মার। এরপর পানিতে ভাসিয়ে ‘অগ্নিপরীক্ষা’! হ্যাঁ, নৌকাগুলো পানিতে ঠিকঠাকমতো ভেসে ছিল তো বটেই, স্বভাবতই ডুবে যাওয়ার কোনো লক্ষণও চোখে পড়েনি সে যাত্রায়। তবে করেতাঁ আরও নতুন মালমসলা যোগ করার চিন্তা করলেন তাতে। তাঁর চিন্তার কথাই বলেছিলেন তিনি, ‘ফ্রান্সে নৌকা বানানোর কাজে হরহামেশা শণের আঁশ ব্যবহূত হয় এবং তা কার্যকরও। একদিকে যেমন পরিবেশবান্ধব, অন্যদিকে বেশ সস্তাও। আর ফাইবার গ্লাসের ব্যবহার শুধু ফ্রান্সেই নয়, এই উপমহাদেশের ভারত, শ্রীলঙ্কায়ও চালু হয়েছে। তাই বাংলাদেশে নৌকা বানানোর কাজে সহজলভ্য আঁশের কথা ভাবছিলাম, এ ক্ষেত্রে পাটের থেকে ভালো কিছু আর কী হতে পারে? তাই সেই কথাই ইভ মারকে জানিয়ে দিলাম।’ ব্যস, তার পরই শুরু হলো নতুন করে ভাবনা-চিন্তা। ভাবনা যখন হ্যাঁ বলল, শুরু হলো কাজ। এর মধ্যে বেঙ্গল ফাউন্ডেশনও যুক্ত হলো এই কাজের সঙ্গে। সব রকমের সহযোগিতার দ্বার খুলে দিল প্রতিষ্ঠানটি। আর ব্যাপক গবেষণা ও খাটাখাটুনির পর ৬০ শতাংশ ফাইবার গ্লাস আর ৪০ শতাংশ পাটের আঁশ মিশিয়ে তৈরি করা হলো ‘তাড়াতাড়ি’ নামের বিচিত্র এক নৌকা। যে নৌকা পানিতে তো ডুববেই না, উপরি পাওনা হলো মোটামুটি বায়োডিগ্রেডেবল হলো, মানে পুরোনো হলেও পরিবেশের ক্ষতি না করে সাগরসৈকতে বালুর সঙ্গে মিশে যাবে তা। ‘তবে পুরোপুরি বায়োডিগ্রেডেবল করতে পারলে এখনকার চেয়েআরও ভালো ফল মিলবে এই নৌকা থেকে।’ বলছিলেন ইভ মার।