নাক আর বেল
শৈশবের ঘটনা। পড়ি ক্লাস টু বা থ্রিতে। আমি হাত-মুখ না ধুয়ে চেয়ারে বসে আছি। মা আমাকে বেশ মার দিয়েছেন আজ। আমি সন্ধ্যাকালীন চিৎকার শেষ করার পর আব্বু আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছেন। মা চুলায় কী যেন রাঁধছেন। তার ঘ্রাণে আমার পেটের ভেতর রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। লোভ মনে হয় চোখ দিয়েও বের হয়। আমার লোভাতুর চোখের দিকে তাকিয়েই বোধহয় মায়ের মায়া হলো। তিনি আমাকে কলতলায় নিয়ে গা ধুয়ে দিয়ে এক বাটি তরকারি দিয়ে চেয়ারটায় বসিয়ে দিলেন। কচি লাউ টাকি মাছ দিয়ে রান্না করা হয়েছে। আমার মায়ের সর্বশ্রেষ্ঠ রান্না। আমি ফুঁ দিয়ে খাওয়ার চেষ্টা করছি। রান্না খুব সুস্বাদু হয়েছে। মা যে কিছুক্ষণ আগে আমাকে মেরেছেন, এর জন্য অনুশোচনাবোধ থেকেই হয়তো পাখা দিয়ে আমাকে বাতাস করতে লাগলেন। এ রকম ভালোবাসা পাওয়ার বয়সে আমার নাকের ওপর গাছ থেকে বেল পড়ল। ঘটনা খুব তুচ্ছ। কানা জাহাঙ্গীর গাছ থেকে বেল পাড়বে। চোখে কম দেখে বলে সবাই তাকে এ নামেই ডাকে। আমরা অতি উৎসাহী ছেলেমেয়েরা কানা জাহাঙ্গীর কীভাবে বেলগাছে ওঠে তা দেখার জন্য গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমাদের অবাক করে কানা জাহাঙ্গীর গাছের চূড়ায় উঠে গেল। আমার ঘোর লাগা চোখে বিস্ময়! কানা মানুষ কীভাবে গাছ বেয়ে উঠল? আচ্ছা দেখি, সে বেল খুঁজে পায় কী করে। জাহাঙ্গীর বেল খুঁজে পেয়েছে। গাছের মগডাল থেকে চিৎকার করে বলল, এই ছেলেপেলেরা, তোরা সব সর। বেল ফেললাম কিন্তু। আমরা সবাই সরেই দাঁড়িয়েছি। জাহাঙ্গীরকে দেখলাম মগডাল থেকে বেল ফেলতে। ওই তো বেলটা পড়ছে। এত বড় বেল! ঠিক ওই জায়গায় পড়বে। বেল ফেলল, কিন্তু সেই জায়গায় পড়ল না। আমার মাথার চার-পাঁচ হাত উঁচুতে একটি বাঁশের ওপর পড়ে ছিটকে এসে পড়ল আমার নাকের ওপর। আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ার আগমুহূর্তে শুনতে পেলাম কে যেন চিৎকার দিয়ে বলছে, ‘আহা রে, ছেলেটা মরে গেল।’জ্ঞান ফেরার পর দেখি, আমি বিছানায় শুয়ে আছি। মা আমার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বেল আমার নাকে পড়ে হারিয়ে যায়নি। আমার সোজা বাঁশির মতো নাকটাকে মাঝ বরাবর নিচু করে দিয়ে গেছে। সেই ঘটনার পর থেকে বেলতলা আমার জন্য নিষিদ্ধ। আতিউর রহমান উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।