নাগরকোটে হিমালয় দর্শন
নানা ধরনের ঘুরনেওয়ালা, মানে ভ্রমণকারী আছেন। তবে একই ঘুরনেওয়ালার ধরনেও পরিবর্তন হয় স্থান ও সময় ভেদে। এই ভ্রমণকারীর (লেখকের) সাধারণ প্রবণতা হচ্ছে মূলত কোথাও গিয়ে অলস সময় কাটানো, কখনো প্রকৃতি দেখা, কখনো মানুষ দেখা। সঙ্গে পানাহার। কোরবানির ঈদের ছুটিতে এবার বেছে নিয়েছিলাম নেপাল। মূল লক্ষ্য নাগরকোট। যেখান থেকে দেখা মেলে হিমালয়ের।এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ বন্ধু আলোকচিত্রগ্রাহক কাইজার কবীরের সাম্প্রতিক নেপাল সফর, বিশেষ করে নাগরকোট। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের হয়ে কাজ করেন। তাঁর বাসায় গিয়ে সেই ছবিগুলো দেখতে দেখতেই সিদ্ধান্ত নিয়েছিলাম, নেপালই যাব আর নাগরকোটে বসে হিমালয় দেখব। ভিসার ব্যাপারটিও মাথায় ছিল, কারণ—উড়োজাহাজে টিকিট কেটে বিমানবন্দরে নামলেই হলো, এক কপি ছবিসহ ফরম পূরণেই ভিসা মেলে।এই ইন্টারনেটের যুগে কেউ কোথাও গেলে এখন খোঁজখবর নিয়েই যান। সব তথ্যই এখন হাতের মুঠোয়, মুঠোফোনে। যেখানে যাবেন, যদি দিন-রাতের তাপমাত্রার হেরফের কত জানতে চান, সেটাও তো মিলছে। আর দেখার মতো কী কী আছে বা সন্ধ্যার পর কী কী করে আপনি সময় কাটাতে পারেন—এসব সাধারণ তথ্য তো আছেই। কোথায় থাকবেন, হোটেল বুকিং—এসবও এখন সবাই আগেই সেরে যান। তবে ব্যাকপ্যাক নিয়ে ঘোরেন, এমন হার্ডকোর ঘুরনেওয়ালারা অবশ্য হোটেল বুকিংয়ের ধার ধারেন না। ভ্রমণের আগের এসব আগাম প্রস্তুতি বা খোঁজখবর নেওয়ার কাজ আমরা পশ্চিমা ভ্রমণকারীদেরই বেশি করতে দেখেছি। কোথাও ঘুরতে যাওয়ার আগে এ নিয়ে রীতিমতো গবেষণা-পড়াশোনা সেরে নিন। ঠিক অতটা না হলেও এখন আমরাও তা শুরু করেছি।নাগরকোট যাওয়ার আগে কাঠমান্ডুতে থাকতে হবে। সেখানে হোটেল খোঁজার কাজটি সেরেছেন একমাত্র সহযাত্রী ও বন্ধু মামুনুল হক। যাওয়ার কথা ছিল আমাদের পাঁচ বন্ধুর, শেষ পর্যন্ত বাকিরা পিছুটান দিলেও অটল ছিলাম আমরা দুজন। মানুষ আর প্রকৃতি দেখে সময় কাটানোই যেহেতু মূল উদ্দেশ্য, তাই নাগরকোট রেখেছিলাম প্রকৃতি দেখার জন্য আর কাঠমান্ডু মানুষের জন্য।কাঠমান্ডু থাক, মূল বিষয় তো নাগরকোট। কাঠমান্ডুর এত কাছে হিমালয় দেখার এটাই সেরা জায়গা। কম-বেশি ২০ কিলোমিটারের পথ। বাসে যাওয়ার ঝক্কি না নিতে চাইলে ছোট মারুতি ভ্যান ভাড়া করাই বুদ্ধিমানের কাজ। পাহাড়ি রাস্তায় ঘণ্টা দেড়েকের পথ। নেপালি আর বাংলাদেশি টাকার মান একই, হাজার দুয়েক টাকার মামলা। শহর ছেড়ে যখন পাহাড়ি পথ শুরু হবে, দুই পাশে পাইনের বন দিয়েই শুরু হবে প্রকৃতি, নিসর্গ আর হিমালয়ের কাছাকাছি(!) যাত্রা।হিমালয় দেখাই যখন উদ্দেশ্য, তখন কোন হোটেলে থাকব, সেটাই ছিল বড় বিবেচনা। হিমালয় ভিউ আছে, এমন সবচেয়ে ভালো হোটেল কোনটি? বন্ধু ও একই সঙ্গে বন্ধুর স্ত্রী রমা কবীরের (কাইজার কবীরের স্ত্রী) অনুরোধ আর পরামর্শই মেনে নিয়েছিলাম। হোটেলে উঠে বুঝলাম, সবচেয়ে ভালো হোটেলের পরামর্শই দিয়েছেন। কান্ট্রি সাইড ভিলা। এটাকে হোটেল বা রিসোর্ট যা-ই বলি, এখানে উঠেই বুঝলাম, হিমালয় দেখার জন্য সবচেয়ে ভালো জায়গাটির পরামর্শই তিনি দিয়েছেন। রুমের পর্দা সরালেই হিমালয়, বরফে ঢাকা সাদা আইসক্রিমের মতো অসংখ্য চূড়া। নাগরকোট থেকে এসএমএস করে তাঁকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না।খোলা রেস্তোরাঁয় বসলেই তো হিমালয়ের প্যানারমিক ভিউ! পশ্চিমে ধাউরাগিরি থেকে আকাশ পরিষ্কার থাকলে পূর্বে মাউন্ট এভারেস্ট পর্যন্ত। রহস্যভরা এই স্থবির পর্বতমালার দিকে তাকিয়ে যে কেউ অনায়াসে দুই থেকে তিন দিন কাটিয়ে দিতে পারবেন। আমার মতো ভ্রমণকারীর জন্য অলস সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে! তবে আমার মতো ভ্রমণকারীর সংখ্যা এখানে কমই দেখলাম। যাঁরা আসেন, তাঁদের বেশির ভাগই আসেন বনে বা পাহাড়ে দীর্ঘ বা স্বল্প ট্রেকিং, কোনো নেপালি গ্রামে গিয়ে তাদের জীবনযাপন দেখা বা এ ধরনের নানা পরিকল্পনা নিয়ে।খোলা রেস্তোরাঁয় বসে হিমালয়ের দিকে তাকিয়ে থাকা বা কখনো হিমালয় দেখতে আসা নানা দেশের মানুষ আর তাদের বিস্ময় দেখতে দেখতেই তো দুই দিন কেটে গেল। সবচেয়ে বিস্ময়কর অভিজ্ঞতা ছিল, প্রথম দিন ভোরে হোটেল রুমের পর্দা সরিয়ে গৌরি সংকর, ল্যাংটাং রেঞ্জেস, গনেশ হিমাল বা দর্জিলাকপার মতো হিমালয়ের অসংখ্য পর্বতশৃঙ্গের পেছন থেকে সূর্য ওঠার দৃশ্য। আমার দেখা জীবনের সেরা দৃশ্যগুলোর একটি!