পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ শহরে বাস করে। আগামী দুই দশকের মধ্যে বিশ্বের প্রায় ৬০ শতাংশ মানুষ শহরের অধিবাসী হবে। উন্নয়নশীল দেশগুলোর অধিবাসীদের মধ্যে নগরবাসী হওয়ার প্রবণতা বেশি। ২০০০ সালকে ভিত্তি বছর ধরে ২০৩০ সালের মধ্যে এশিয়া ও আফ্রিকার শহরগুলোর জনসংখ্যা প্রায় দ্বিগুণ হবে। উন্নয়নশীল দেশের শহরগুলোর প্রায় ২৭ শতাংশ অধিবাসী তাদের ঘরে নলবাহিত পানি পায় না। বর্তমান বিশ্বে প্রায় ৮২৮ মিলিয়ন লোক বস্তিতে বাস করে। মুম্বাইয়ের ধারাবি, মেক্সিকোর নেজা চালকো, করাচির ওরাঙ্গি, নাইরোবির কিবেরা বিশ্বের বড় কয়েকটি বস্তি। বিশ্বের মেগা সিটিগুলোতে প্রতিবছর ২৫০ থেকে ৫০০ মিলিয়ন ঘনমিটার পানি অপচয় হয়। এই অপচয় রোধ করে ১০ থেকে ২০ মিলিয়ন লোকের জন্য পানির সংস্থান করা যাবে। ১০ মিলিয়ন বা তার বেশি জনসংখ্যার শহরকে মেগা সিটি বলা হয়। বিশ্বের মোট শহরবাসী জনসংখ্যার প্রায় ৯ শতাংশ মেগা সিটিতে বাস করে। আফ্রিকার প্রায় ৩৮ শতাংশ জনগণ শহরে বাস করে। ২০৫০ সালের মধ্যে এই হার আরও ৫০ শতাংশ বেড়ে যাবে। লাতিন আমেরিকার প্রায় ৭৭ শতাংশ জনগণ শহরে বাস করে। এর মধ্যে ৬০ শতাংশ জনগণ বাস করে উপকূলীয় শহরগুলোতে। গ্রন্থনা: সামসুল আলম