নাগরিক সুযোগ-সুবিধা পাচ্ছেন না পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার এক যুগ পরও টেকনাফ পৌরসভার নিজস্ব কোনো ভবন তৈরি হয়নি। এ ছাড়া এখানকার ৩০ হাজার পৌরবাসী নিয়মিত কর পরিশোধ করেও কোনো ধরনের নাগরিক সুবিধা পাচ্ছেন না।টেকনাফ পৌরসভার কাজ চলে জেলা পরিষদের ডাকবাংলোয়। এর জন্য প্রতি মাসে ভাড়া দিতে হয় তিন হাজার টাকা। পৌরসভার প্রাতিষ্ঠানিক কাঠামো অনুযায়ী ৮৩ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও নিয়োগ দেওয়া হয়েছে মাত্র সাতজনকে। লোকবলের অভাবে স্বাভাবিক কাজকর্ম চলছে না। সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার বেশির ভাগ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী। শাহপরীর দ্বীপ জিপস্টেশন থেকে জিরো পয়েন্ট, অলিয়াবাদ মোড় থেকে আবহাওয়া অফিস পর্যন্ত সড়কে বড় বড় গর্ত। বড় বাজার থেকে লামার বাজার হয়ে কায়ুকখালী খালের ব্রিজ পর্যন্ত আধা কিলোমিটার সড়কটির কার্পেটিং উঠে গিয়ে এবড়োখেবড়ো হয়ে পড়েছে।বড় বাজার, বাসস্টেশনসহ দুয়েকটি স্থানে দু-তিনটি সড়কের পাশে দু-একটি অকেজো, ভেঙে পড়া ডাস্টবিন চোখে পড়লেও আর কোথাও কোনো ডাস্টবিন নেই। বাসস্টেশনসংলগ্ন এলাকার প্রধান সড়কে একটি ডাস্টবিন দখল করে দোকান বসানো হয়েছে।ব্যবসায়ীরা বলেন, তাঁরা অন্যান্য করসহ হোল্ডিং করও দিয়ে আসছেন। মাঠ ও সড়ক দখল করে গবাদিপশু, তরিতরকারি, মাছবাজার, পান-সুপারি বিক্রি করা হলেও কর্তৃপক্ষ প্রতিনিয়ত ইজারা আদায় করছে। অথচ কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না তাঁরা। বাসস্টেশন এলাকার ব্যবসায়ী আবদুল গনি, সবজি ব্যবসায়ী আবদুল মালেক ও বড় বাজারের ব্যবসায়ী শওকত আলী বলেন, পয়োনিষ্কাশন ব্যবস্থা বলতে কিছু নেই এখানে। নর্দমাগুলোতে পানি জমে থাকে। সামান্য বৃষ্টি হলে বাসস্টেশনের প্রধান সড়ক ও টেকনাফ থানার সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তা ছাড়া বেশির ভাগ নালা দখল করে বসে আছেন দোকানদারেরা। ময়লা-আবর্জনা জমে থেকে এলাকায় প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে।পৌর এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ ওয়ার্ডের অধিকাংশ পরিবার এখনো খোলা পায়খানা ব্যবহার করছে, বিশেষ করে পৌরসভার ৮, ৭, ৪, ৩, ২ ও ১ নম্বর ওয়ার্ডের অধিকাংশ মহল্লায় এলাকাবাসীকে নালা-নর্দমা ও খালের উভয়পাশে বসেই মলমূত্র ত্যাগ করতে দেখা যায়। বাজার এলাকায় কোনো গণশৌচাগার নেই। পৌরসভার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানীয় জলেরও তীব্র সংকট। পুুকুর, পাতকুয়া ও ঝরনার পানিই ভরসা বেশির ভাগ মানুষের। বর্তমানে পৌরসভায় তিনটি বড় পুকুর রয়েছে। সেগুলো দিন দিন ভরাট হলেও খননের কোনো ব্যবস্থা করা হয়নি।পৌর এলাকার প্রায় ৩০ হাজার অধিবাসীর স্বাস্থ্যসেবার জন্য রয়েছে একটি ৫০ শয্যাবিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি স্বাস্থ্যকেন্দ্র। পৌরবাসী ছাড়াও উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ চিকিৎসাসেবা নিতে আসে এই কমপ্লেক্সে। কিন্তু চিকিৎসক আছেন মাত্র আটজন। কমপ্লেক্সে পর্যাপ্ত আসবাব নেই। শয্যাগুলোতে বালিশ, বেডশিট, মশারি ও পাখা নেই। পানি নেই, নিম্নমানের খাদ্যও নেই, বৈদ্যুতিক বাতিও নেই। অপরিচ্ছন্ন পরিবেশ। এ প্রসঙ্গে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আতাউর রহমান প্রথম আলোকে জানান, হাসপাতালে কিছু কিছু সমস্যা রয়েছে। সেবক ও সেবিকার সংকটের কারণে প্রতিদিন চিকিৎসাসেবায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পৌর এলাকার ঐতিহাসিক মাথিনের কূপের অবস্থা কিছুটা ভালো থানা-পুলিশের দেখাশোনার কারণে। অন্যদিকে সংস্কারের অভাবে ঐতিহাসিক নিদর্শন এবং প্রাকৃতিক ঝর্নাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অথচ প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশসহ দেশীয় শত শত পর্যটক টেকনাফে আসেন এগুলো দেখতে। টেকনাফ পৌরসভা থেকে প্রতিবছর পান, সুপারি ও গবাদিপশুর হাট বাবদ লাখ লাখ টাকার রাজস্ব আদায় করলেও পৌরসভার নির্দিষ্ট হাট নেই। এতে করে সড়ক ও খেলার মাঠ দখল করে প্রতিনিয়ত পান, সুপারি ও গবাদিপশু বিক্রয় করতে দেখা যায়। টেকনাফ পৌরসভার মেয়র হাজি মো. ইসলাম প্রথম আলোকে বলেন, অধিকাংশ সড়ক, ডাস্টবিন, ড্রেন নষ্ট হয়ে গেছে। চলতি মাসে পৌর বাজেটে উন্নয়নমূলক কাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পৌরসভার ক্ষমতা গ্রহণের পরপর পৌর এলাকায় পানি সরবরাহের একটি প্রকল্প গ্রহণ করা হলেও মন্ত্রণালয়ের নির্দেশে ওই প্রকল্পটি স্থগিত হয়ে যায়। তিনি আরও বলেন, ‘এখন পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা আমার প্রধান কাজ। বিদ্যুৎব্যবস্থা, পানিসংকট, রাস্তাঘাট, শিক্ষাব্যবস্থা, স্যানিটেশন-ব্যবস্থা, ড্রেন, ডাস্টবিন, শিশুপার্ক ও পৌরভবন সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।’