নাচ, গান আর জাদুর মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ থেকে হঠাৎ ভেসে আসে পাখির কলকাকলি। নড়েচড়ে বসেন দর্শকেরা। পাখির কিচিরমিচির শব্দ যেন দূর কোনো পাহাড়ি গ্রামের পটভূমি তৈরি করে। সেই পটভূমিকে পূর্ণতা দিতে ফাঁকা মঞ্চে আদিবাসী পোশাক পরে প্রবেশ করে একদল তরুণী। আবহে বেজে ওঠে ‘হই হই হই...জুমত যেব’ গানটি।নাচের ছন্দে ছন্দে যেন অন্য রকম এক প্রাচুর্যের ছবি আঁকেন নৃত্যশিল্পীরা। মুগ্ধতার আবেশ ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝে। নূরজাহান আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় ফ্যাশন শো-এর ফাঁকে ফাঁকে এভাবেই নাচ আর গানে গানে মঞ্চ মাতিয়ে রাখলেন চট্টগ্রামের শিল্পীরা।সন্ধ্যা সাতটার আগেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ডিজাইনার ও দর্শকদের সবার চোখই তখন মঞ্চের দিকে। শেষ পর্যন্ত সবার অপেক্ষার পালা ঘুচিয়ে ছোট ছোট প্রদীপ নিয়ে মঞ্চে প্রবেশ করেন প্রমা অবন্তী, স্বপন বড়ুয়া ও অনন্য বড়ুয়ার নাচের দল। ওড়িশি, ভরতনাট্যম ও কত্থকের মিশ্রণে পরিবেশিত তাঁদের দলীয় নাচের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নাচ শেষ হতে না হতেই দর্শকদের কথা আর জাদুতে ভোলাতে আসেন জাদুকর রাজীব বসাক। র‌্যাম্পে ফ্যাশন কিউয়ের পাশাপাশি চলতে থাকে জাদুর প্রদর্শনী। উপস্থাপনার দায়িত্বও পড়েছিল রাজীব বসাকের ওপর। তাই কথামালার ভেতরে জাদুর নানা কৌশল পুরে দিতে একটুও ভুল করেননি তিনি। মঞ্চে হাজির হন তিনি একগুচ্ছ ঝরে যাওয়া গোলাপের তোড়া হাতে। তোড়ায় গোলাপ নেই তাই লাল রুমাল দিয়ে জাদুর গোলাপ তৈরি করেন তিনি। দর্শকদের জানান লাল গোলাপ শুভেচ্ছা। জাদুর এই পরশ ছিল অনুষ্ঠানের শেষ পর্যন্ত। অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে মঞ্চে চাটগাঁর গান শোনাতে আসেন শাপলা পাল, টিনা বিশ্বাস, দেবাশীষ চৌধুরী ও দীপেন মহাজন। পরিবেশনার শুরুতে চট্টগ্রামে অতিথিদের স্বাগত জানিয়ে তাঁরা গেয়ে শোনান ‘আইও না আইও না আঁরার দেশত আইও না’। এরপর শাপলা গেয়ে শোনান ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’। টিনার কণ্ঠে উঠে আসে ‘সোনা বন্ধু তুই আমারে’ গানটি। দেবাশীষ একে একে গাইলেন ‘বাঁশখালী মহেশখালী’ ও ‘কইলজার ভিতর বাঁধি রাইখ্যুম তোঁয়ারে’ এই দুটি গান। দীপেন গাইলেন ‘মধু হই হই বিষ হাওয়াইলা’। শেষে চারজন একসঙ্গে পরিবেশন করেন জনপ্রিয় গান ‘ছোড ছোড ঢেউ তুলি..’ এই গানটির সঙ্গে বিচারকদেরও কণ্ঠ মেলাতে দেখা যায়। জনপ্রিয় গানের সঙ্গে প্রমা অবন্তী, স্বপন বড়ুয়া ও অনন্য বড়ুয়ার নাচ আনন্দ দিয়েছে দর্শকদের। রুপালি পর্দার রঙিন আবহ তৈরি করতেই বুঝি তাঁরা নেচেছেন ‘প্রজাপতিমন মেলুক পাখনা’, ‘চোখ পড়েছে তোমার চোখে’ এবং ‘হূদয়ে লিখেছি তোমার নাম’ গানের সঙ্গে।