নাচ-গান কথামালায় শিশুদের অন্য রকম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচ, গান আর কাথামালা—পাঠ্যবইয়ের বাইরে শিশুদের অন্য রকম দিন। নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে আনন্দ আয়োজনে মেতে ওঠে শিশুর দল। সমাজসেবা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানমালার আয়োজন করে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
সকালে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় আয়োজন। এর পর ইনস্টিটিউট মিলনায়তনে বসে আলোচনা সভা। সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক বন্দনা দাশের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানাউল হক। আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। শুরুতে সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা ‘হই-হুল্লোড়’ ও ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ দুটি দলীয় গান পরিবেশন করেন। গানে গানে শিশু অধিকারের কথা বলে যায় স্কার প্রকল্পের শিক্ষার্থীরা। এ ছাড়া ‘আমরা সুন্দর, আমরা শিশু’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে তারা। এর পর শিল্পী হেলাল উদ্দিন ‘কফি হাউস’ ও ‘বুলবুলি’ দুটি গান করে মাত করেন আসর। সমাজসেবা কর্মকর্তা শফি উদ্দিন মেহেদী হাসানের ‘রাফতা রাফতা’ গজলটি পরিবেশন করে জমিয়ে তোলেন আয়োজন। গান শেষে বাঁশিতে সুর তোলেন শফি উদ্দিন। এরপর পাহাড়ি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে শিশু পরিবারের শিক্ষার্থীরা। ‘বাজে বংশী’ ও ‘তীর হারা ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে অপরাজেয় বাংলাদেশের শিক্ষার্থীরা।