নাচটা সবার ভেতরেই আছে
চট্টগ্রামে বেড়ে উঠেছেন নৃত্যশিল্পী শর্মিলা বন্দে্যাপাধ্যায়। ঢাকায় থিতু হলেও চট্টগ্রামকে ছাড়েননি। ‘ছন্দে আনন্দে জীবনের জয়গান’ নামের একটি কর্মসূচি নিয়ে সম্প্রতি এসেছেন নিজ শহরে। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি
প্রথম আলো: কত দিন পর এলেন চট্টগ্রামে?
শর্মিলা বন্দে্যাপাধ্যায়: শেষবার এসেছি দুমাস আগে। কিন্তু এমনিতেই খুব একটা আসা হয় না। বছরে একবার শুধু পূজার সময় আসি। এ সময়টায় আমি সারা বছরের প্রাণশক্তি নিয়ে যাই।
প্রথম আলো: নাচের তালিম নিলেন কোথায় কার কাছে?
শর্মিলা বন্দে্যাপাধ্যায়: সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাই। এরপর ভারতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নাচের ওপর ব্যাচেলর অব মিউজিক কোর্স করি। কলকাতার মণিপুরি নর্তনালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েটও করেছি। গুরু জিতেন সিং, বিপিন সিং ও শ্রীমতী কলাবতী দেবীর কাছে মণিপুরি শিখেছি। এ ছাড়া গুরু কেলুচরণ মাহাপাত্র ও মাধবী মুদগালের কাছে ওডিশি, সি ভি চন্দ্রশেখর, থাংকামনি কুট্টির কাছে ভরতনাট্যম এবং উদয় শংকরের কাছে সৃজনশীল নাচ শিখেছি।
প্রথম আলো: নব্বই দশকে নাচের দল নৃত্যনন্দন প্রতিষ্ঠা করেছেন। এখন নাচকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজও করছেন...
শর্মিলা বন্দে্যাপাধ্যায়: আমি মনে করি, নাচ ও ছন্দ সবার মধ্যেই আছে। বিশ্ব চলছে ছন্দের মধ্য দিয়ে। মানুষের সবচেয়ে প্রাচীন ভাষা ছিল ইশারা ভাষা। সেটাই তো একধরনের নাচ। এখন বিষয়টা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছি। ‘ছন্দে আনন্দে জীবনের জয়গান’ নামের এই কর্মসূচিতে সহায়তা দিচ্ছে নরওয়ের এম্বাসিসহ কয়েকটি সংস্থা। ঢাকায় তিনটি ও চট্টগ্রামের দুটি বিদ্যালয়ে আমাদের পাইলট প্রকল্প চলছে। নৃত্যনন্দনের পঁাচজন প্রশিক্ষক শিশুদের নিয়ে কাজ করছেন। নাচের মধ্য দিয়ে শিশুরা একটু হলেও মুক্তি পাক, এটাই আমাদের উদ্দেশ্য।
প্রথম আলো: এ দেশের নাচের চর্চা সম্পর্কে বলুন। হিন্দি সিনেমার দূষণ কী বিরূপ প্রভাব ফেলেছে?
শর্মিলা বন্দে্যাপাধ্যায়: সামগ্রিকভাবে নৃত্যশিল্পীদের মান ভালো। তবে টিভি চ্যানেলের কারণে অনেকে অল্প সময়ে তারকা বনে যেতে চাইছেন। আর হিন্দি সিনেমায় যঁারা নাচেন, তঁারা শিখেই আসেন। আমি তো বলব ঋতিক আর ঐশ্বরিয়া অসাধারণ নৃত্যশিল্পী!
সাক্ষাৎকার: আহমেদ মুনির