নাচতে হলে শিখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চিত্রাঙ্গদা দেখেছ? কিংবা শ্যামা?’নৃত্যনাট্য দেখে কি নিজের মনটাও নেচে উঠছে না? ইচ্ছে করছে না, ওদের মতো নাচের রাজ্যে শরীরটা ভাসিয়ে দিতে?কিংবা কলসি কাঁখে জল আনতে যাওয়া মেয়েটি তালে তালে ফেলছে পা, ছন্দের দুলুনিতে দুলছে সে নিজেও। ভালো লাগছে না?ভালো না লেগে উপায় নেই। নাচের আছে নিজের ভাষা। মুখের ভাষা দিয়ে নয়, শরীরের ভাষা দিয়ে প্রকাশ করা যায় নিজেকে। নাচের অথৈ সমুদ্রে ভাসতে কার না মন চায়! শরীর-মনে প্রস্তুত হতে পারলে নাচ শিখতে বাধা নেই কোনো। দেশজুড়ে প্রায় ২৫০টি সরকারি-বেসরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে শেখা যেতে পারে নাচ। খোদ রাজধানীতে রয়েছে প্রায় ৩৫টির মতো প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে ধ্রুপদী ও লোকনৃত্যের তালিম দেওয়া হয়। প্রবীণ নৃত্যশিল্পী রাহিজা খানম বলেন, ‘আমি প্রথম মঞ্চে নৃত্য পরিবেশন করি ১৯৫৬ সালে। ওই সময় মেয়েদের নাচ শেখা বেশ কঠিন ছিল। তার পরও সমস্ত জীবন পার করে দিলাম নৃত্যচর্চার মাধ্যমে। বহু দেশে নৃত্য পরিবেশন করেছি। দেশের প্রতিষ্ঠিত বহু নৃত্যশিল্পী আমার ছাত্র—আমি মনে করি নৃত্যচর্চা অত্যন্ত সম্মানজনক। কেবল ছেলেমেয়েদের মেধা বিকাশ নয়, একজন রুচিবান মানুষ হতে গেলে নাচ, গানের চর্চা দরকার।’ নৃত্যশিল্পী ও সংগঠক মীনু হক বলেন, ‘একসময় বুলবুল ললিতকলা একাডেমি, জাগো আর্ট সেন্টার ছিল আমাদের ভরসা। আমরা যখন শিখেছি তখন পদ্ধতিগতভাবে শেখার সুযোগ ছিল না। এখন অনেক নতুন নতুন স্কুল হয়েছে—বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রয়েছেন, যাঁরা যত্ন নিয়ে নাচ শেখাচ্ছেন।’কত্থক নৃত্যশিল্পী সাজু আহমেদ বলেন, ‘নৃত্যচর্চাকে একসময় কলুষ দৃষ্টিতে দেখা হতো। বর্তমানে সে ধারণা পাল্টেছে। এখন বড় পরিবারের ছেলেমেয়েরাও নাচ শিখছে। অনেকে বিদেশ থেকে শিখে এসে নৃত্যচর্চাকে পেশা হিসেবে নিয়েছে। কর্মক্ষেত্রেও সুযোগ হয়েছে। সুতরাং নাচ শেখা মানে ছেলেমেয়েদের সম্ভাবনার বিকাশ ঘটানো।’ নবীন নৃত্যশিল্পী অদিতি টুম্পা জানান, ‘আমি ক্লাস টু থেকে জাগো আর্ট সেন্টারে নাচ শিখছি, এখন স্নাতক পাস করেছি। এখন জাগো আর্টে শেখার পাশাপাশি শিশুদের নাচের ক্লাস নিই। স্কুলটিও আমার পরিবারেরই অংশ, আমার বেড়ে ওঠার সঙ্গে একান্তভাবে মিশে রয়েছে। এত সুন্দর বাগান, শিক্ষকদের আন্তরিকতা কোথাও দেখি না। কোনো এক সপ্তাহ স্কুলটিতে না গেলে মন খারাপ হয়ে যায়।’ পড়াশোনার ফাঁকে ফাঁকে তাই নাচের তালিমটাও নেওয়া হয়ে যাক না! খোঁজ নেওয়া যাক কয়েকটি নৃত্য প্রতিষ্ঠানের।বাংলাদেশ শিশু একাডেমী১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ শিশু একাডেমী। শুরু থেকে সংগীত, নৃত্যকলা, চারুকলা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। নাচ শেখার জন্য এখানে রয়েছে তিন বছর মেয়াদি কোর্স। ঢাকায় একাডেমীর মূল প্রশিক্ষণকেন্দ্রে রয়েছে তিন শতাধিক শিশু। এ ছাড়া ঢাকার বাইরে ৬০টি জেলায় শিশু একাডেমীর শাখা রয়েছে, যেখানে প্রতিবছর প্রায় দুই হাজার শিশু নাচ শিখছে। এখানে প্রশিক্ষণের পাশাপাশি বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কৃতী শিশুশিল্পীদের বিদেশে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। নৃত্যের বিভিন্ন শাখায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা এখানে নাচের প্রশিক্ষণ দেন। ঠিকানা: বাংলাদেশ শিশু একাডেমী, হাইকোর্ট ভবনের পাশে, ঢাকা।বুলবুল ললিতকলা একাডেমিনৃত্যশিল্পী বুলবুল চৌধুরী স্মরণে ঢাকার ওয়াইজঘাটের ওয়াইজ হাউসে প্রতিষ্ঠিত হয় বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)। উদ্যোক্তা ছিলেন বুলবুলের বন্ধু মাহমুদ নূরুল হুদা। বাফার মতিঝিল, উত্তরা, ধানমন্ডি, ওয়াইজঘাট শাখায় প্রায় তিন হাজার শিক্ষার্থী নাচ শেখে। দেশের বিশিষ্ট শিল্পীরা বাফাতে প্রশিক্ষণ দেন। এখানে সার্টিফিকেট কোর্স ও ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। এ পর্যন্ত বাফা ২০টির অধিক নৃত্যনাট্য প্রযোজনা করেছে। বর্তমান সময়ের প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীদের অনেকেই বাফার শিক্ষার্থী ছিলেন। বর্তমানে নাচ, গান, নাটক, চারুকলা, তালযন্ত্র প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিকানা: বুলবুল ললিতকলা একাডেমি, ৭ নম্বর ওয়াইজঘাট, ঢাকা।জাগো আর্ট সেন্টারনৃত্যগুরু গওহর জামিল ও রওশন জামিল প্রতিষ্ঠা করেন জাগো আর্ট সেন্টার। জাগো আর্টে নৃত্য বিষয়ে সার্টিফিকেট কোর্স করার সুযোগ রয়েছে। শেখানো হয় ভরতনাট্যম, লোকনৃত্য এবং গওহর জামিলের নৃত্য কম্পোজিশন। মূল প্রশিক্ষক বেলায়েত হোসেন খান। প্রতিবছর দুই শতাধিক শিশু-কিশোর এখানে পদ্ধতিগতভাবে নাচ শেখার সুযোগ পায়। এ পর্যন্ত জাগো আর্ট ২০টি নৃত্যনাট্য প্রযোজনা করেছে। দেশের সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাগো আর্টের ছেলেমেয়েরা নৃত্য প্রদর্শন করে। ঠিকানা: ৫৫ স্বামীবাগ, ঢাকা।ছায়ানট সংগীত বিদ্যায়তনছায়ানট সংগীত বিদ্যায়তন দেশের গুরুত্বপূর্ণ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন সংগীতজন ওয়াহিদুল হক, সন্জীদা খাতুনসহ অনেকেই। ছায়ানটে কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত এবং নৃত্যবিভাগে প্রতিবছর অন্তত এক হাজার ৫০০ শিক্ষার্থী পাঠগ্রহণ করে থাকে। মণিপুরি ও ভরতনাট্যম নৃত্যের সুশৃঙ্খল শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী ভর্তি করে থাকে। ১৯৮৩ সালে প্রযোজিত ‘শ্যামা’ নৃত্যনাট্য পরিবেশনার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। লায়লা হাসানের শিক্ষকতার মাধ্যমে ছায়ানটের নৃত্যকলা বিভাগ চালু হয়। বর্তমানে শর্মিলা বন্দ্যোপাধ্যায়, বেলায়েত হোসেন খান, তামান্না রহমান ছায়ানটে শিক্ষকতা করছেন। ঠিকানা: ছায়ানট সংগীত বিদ্যায়তন, শংকর বাসস্ট্যান্ড, ঢাকা।কথাকলি সংগীত বিদ্যালয়নৃত্যশিল্পী আলপনা মুমতাজ প্রতিষ্ঠা করেন কথাকলি সংগীত বিদ্যালয়। এখানে পদ্ধতিগত ভরতনাট্যম নৃত্য এবং দেশীয় লোকনৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে সোমা মুমতাজ ও রূপসী মুমতাজের তত্ত্বাবধানে প্রতিবছর অর্ধশতাধিক শিক্ষার্থী এখানে নাচ শেখার সুযোগ পায়। বেণুকা ললিতকলা কেন্দ্রনৃত্যশিল্পী গোলাম মোস্তফা খানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেণুকা ললিতকলা কেন্দ্র। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য বাঙালি সংস্কৃতির চর্চা ও বিকাশ। এখানে সংগীত, নৃত্যকলা এবং চারুকলা বিষয়ে শিক্ষার্থীদের পাঠ দেওয়া হয়। বেণুকা ১৫টি নৃত্যনাট্য প্রযোজনা করেছে। বর্তমানে বেণুকার নৃত্যকলা বিভাগে গোলাম মোস্তফা খান, তাবাচ্ছুম আহমেদ, বেনজির সালাম, লিখন রায়, নাদিয়া শিক্ষকতা করছেন। ঠিকানা: লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ, ঢাকা। নৃত্যাঞ্চল পারফর্মিং আর্টস একাডেমিদেশীয় নৃত্যকলার বিকাশে নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মহম্মদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় নৃত্যাঞ্চল পারফর্মিং আর্টস একাডেমি। এর প্রধান সমন্বয়ক সাংবাদিক মুহম্মদ জাহাঙ্গীর। এখানে লোকনৃত্য, ভরতনাট্যম, কত্থকের প্রশিক্ষণ দেওয়া হয়। বিশিষ্ট শিল্পী ও কোরিওগ্রাফার মালতী শ্যাম, হাই সিং, কবিতা ত্রিবেদী, মহুয়া মুখোপাধ্যায়, মমতাশঙ্কর, স্বপন চৌধুরী, সুকল্যাণ ভট্টাচার্যকে এনে প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ কর্মশালা এবং সাতটি নৃত্যনাট্য প্রয়োজনা করেছে। বর্তমানে ১২ জন শিক্ষকের অধীনে দুটি শাখায় পাঁচ শতাধিক শিক্ষার্থী নৃত্যের তালিম নিচ্ছে। ঠিকানা: রাজধানী হাইস্কুল, সংসদ ভবনের উল্টো দিকে, ঢাকা।রেওয়াজ পারফমার্স স্কুলনৃত্যশিল্পী মুনমুন আহমেদের উদ্যোগে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় রেওয়াজ পারফমার্স স্কুল। পল্লবীনৃত্যশিল্পী মীনু হকের উদ্যোগে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় পল্লবী ওড়িশি নাচের স্কুল। বর্তমানে অর্ধশতাধিক শিক্ষার্থী এখানে পদ্ধতিগত ওশিড়ি নাচ শেখে।নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রনৃত্যশিল্পী তামান্না রহমানের উদ্যোগে ১৯৯৮ সালে নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের যাত্রা শুরু হয়। এখানে মণিপুরি ও ওড়িশী নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয়। নৃত্যনন্দননৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৯৯০ সালে নৃত্যনন্দন যাত্রা শুরু করে। এখানে মণিপুরি, ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয়।