নাচে-গানে পৌষের সন্ধ্যায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত পৌষ মেলায় নৃত্য পরিবেশন করেন একদল শিল্পী l প্রথম আলো
নগরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত পৌষ মেলায় নৃত্য পরিবেশন করেন একদল শিল্পী l প্রথম আলো

পৌষের সন্ধ্যা। হিম হাওয়ার মধ্যেও মানুষে ভরা নগরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। উপলক্ষ পৌষ মেলা। এ আয়োজন সাজানো হয়েছিল পিঠা উৎসব, ঢোল বাদন, লোকজ গান, বাউলগান, দলীয় নাচ ও আবৃত্তির সমন্বয়ে।
২২ ডিসেম্বর সন্ধ্যায় নগরের শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে পৌষ মেলা উদ্যাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজন করা হয়েছে পৌষ মেলার। বাংলার কৃষিজ সংস্কৃতির অংশ আইল্ল্যা (মালসা) জ্বালিয়ে মেলা উদ্বোধন করেন শহীদজায়া বেগম মুশতারী শফী। এবারের পৌষ মেলাটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী আবদুল গফুর হালীকে।
আয়োজনে মেলা উদ্যাপন পরিষদ চট্টগ্রামের সমন্বয়কারী রাশেদ হাসানের সঞ্চালনায় অতিথি ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, কাউন্সিলর শৈবাল দাশ ও সাংস্কৃতিক সংগঠক হাবিব বিপ্লব। সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক শরীফ চৌহান।
উদ্বোধনী অনুষ্ঠানে বেগম মুশতারী শফী বলেন, ‘বাংলার পৌষ মেলা আমরা প্রায় সবাই ভুলতে বসেছি। এটি আমাদের ঐতিহ্য। অথচ এই প্রজন্ম এসব ঐতিহ্য সম্পর্কে জানতে পারছে না। আমারা শৈশবে খেজুর রসের পায়েস খেতাম। এখানকার শিশুরা হয়তো বলতেই পারবে না খেজুর রসের স্বাদ কেমন। শুধু মুখে সংস্কৃতির কথা বললে হবে না, নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সব অনুষঙ্গের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। তাহলেই তারা বাংলা সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে এবং তা লালন করবে।
কথামালার পর সুনীল জলদাস ও তাঁর দলের ঢোল বাদনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। শুরুতে সমবেত সংগীত পরিবেশন করে অভ্যুদয়। এরপর গান পরিবেশন করে সৃজামি সাংস্কৃতিক অঙ্গন ও ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ। গানের পর শুভ্রা সেনগুপ্তের পরিচালনায় স্কুল অব ওরিয়েন্টাল ডান্সের শিল্পীরা পরিবেশন করেন দলীয় নাচ। ভালো লেগেছে রিয়া দাশের পরিচালনায় নৃত্য নিকেতন ও স্বপন দাশের পরিচালনায় ঘুঙুর নৃত্যকলা কেন্দ্রের দলীয় নাচও। এরপর দর্শক মাতাতে মঞ্চে আসেন বাউলশিল্পী পাগলা বাবলু ও ফকির নিজাম সাঁই। তাঁরা দুজনেই আসর মাত করেন। বাউল গানের পর সুরের উষ্ণতা ছড়ান কল্পনা লালা, গীতা আচার্য্য, ইলমা বিনতে বখতিয়ার, আবদুর রহিম, হাম্মাদুর রহমান ও শঙ্কর প্রসাদ দে। গানের পর আবৃত্তি নিয়ে আসেন দেবাশীষ রুদ্র, মিসফাক রাসেল, মাহবুবুর রহমান, মশরুর হোসেন, এহতেশামুল হক, সাইদুল করিম, সেলিম রেজা ও শামীমা শীলা।