নাচে গানে মন মাতে সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাথালেও রোদ মানছিল না, তাই সঙ্গে সানগ্লাস! ছবি: মো. মনজুরুল আলম
মাথালেও রোদ মানছিল না, তাই সঙ্গে সানগ্লাস! ছবি: মো. মনজুরুল আলম

১৪২৩ সনের পয়লা দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সূর্যটা যেন পিচ গলিয়ে দেওয়ার মতো রোদ ঢেলে দিচ্ছিল! তাতে অবশ্য ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক কেন্দ্র লাগোয়া ক্যাফেটেরিয়ার সামনের রাস্তায় লোকসংখ্যা কমল না একটুও, বরং বাড়ল! সবার গায়ে রংবেরঙের সাজপোশাক, হাতে ধরা ব্যানার, উঁচিয়ে রাখা ফেস্টুন ভরা নানা রকম কথামালা, চোখে মুখে দু-টুকরো সূর্যের মতো দ্যুতিতে ঠিকরে পড়ছিল নতুন বছরকে বরণ করে নেওয়ার আনন্দ।
একটু পরে এখান থেকেই শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। উৎসবের এই মূল আকর্ষণের অংশ হতেই এই কাঠফাটা রোদ্দুরকে উপেক্ষা করে সবার জমায়েত হওয়া। ফেস্টুন, ব্যানার, বাঘ, প্যাঁচার মুখোশ আর গিজগিজ করা মানুষের মাথার সঙ্গে শোভাযাত্রায় যোগ দিয়েছিল একটা ফুট দশেক উঁচু মোরগ, ছানাপোনাসহ একটা বিরাটকায় মাছ আর ১৫ ফুট উঁচু একটা টেপা পুতুলও! পয়লা বৈশাখ উপলক্ষে এই বিরাট শিল্পকর্মগুলো বানানোর কৃতিত্ব জাবির চারুকলা বিভাগের শিক্ষার্থীদের।
সকাল ১০টায় উপাচার্য ফারজানা ইসলাম উদ্বোধন করেন মঙ্গল শোভাযাত্রার। সেখানে দেখা মেলে টুকরো টুকরো কিছু বাঙালিয়ানার চিত্র। সাজে, পোশাকে আর রঙে! দুজনকে পাওয়া গেল কৃষক বেশে, পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, মাথায় মাথাল আর চোখে সানগ্লাস! কৃষকের চোখে সানগ্লাস কেন ভাই? এ রকম প্রশ্নের উত্তরে তাঁরা লাজুক হেসে জবাব দিলেন, ‘ইয়ে মানে...যে রোদ পড়ছে, তাতে শুধু মাথালে আর কুলিয়ে উঠতে পারছি না।’
মঙ্গল শোভাযাত্রা শেষে বিকেলে আবার শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ফার্মেসি বিভাগ, বাংলা থেকে ম্যানেজমেন্ট—কোনো বিভাগই বাদ যায়নি অংশগ্রহণ থেকে। সবাই নিজেদের মতো করে মেতে ওঠেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। চলে নাচ, গান, নাটক কিংবা আবৃত্তি। পাশাপাশি ক্যাফেটেরিয়ার পাশের একরত্তি ফাঁকা জায়গায় ছোটখাটো একটা বৈশাখী মেলা তো আছেই। ক্যাম্পাসের বাইরে থেকে প্রতিবারের মতো প্রচুর দর্শনার্থী জুটে গিয়েছিল এবারও। শান্তশিষ্ট ক্যাম্পাস যেন ক্ষণিকের বাঙালিয়ানায় ভরপুর হয়ে যায় তাঁদের কোলাহলে।