
সরকারি কমার্স কলেজ। নামেই বোঝা যাচ্ছে সব সময় কাঠখোট্টা বিষয় নিয়ে নড়াচড়া। ক্যাম্পাসের প্রতিটি ক্লাস কিংবা অলিগলির আনাচকানাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে হিসাববিজ্ঞান, অর্থ, বাণিজ্যিক গণিত আর নিরীক্ষার মতো জটিল সব সমীকরণ। সেই প্রাঙ্গণে সুরের ধারা! খটকা লাগতেই পারে। জটিল সমীকরণ ছাড়াও যে নাচে–গানে এখানকার শিক্ষার্থীরা সমান পারদর্শী তার প্রমাণ মিলেছে।
জঙ্গি ও উগ্রবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে গত ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর ক্যাম্পাসে মেতে ছিল সাংস্কৃতিক আয়োজনে। শিক্ষার্থীরা পরিবেশন করেন গান, নাচ, আবৃত্তি ও মূকাভিনয়। ছিল বিতর্কের আসরও।
কলেজের শহীদ সৈয়দ রফিক মিলনায়তনে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পাঁচ দিনের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয় ২৪ সেপ্টেম্বর। এরপর ছিল দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা। এসব গানে কখনো কখনো দর্শকেরাও গলা মিলিয়েছেন। বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পূজা বড়ুয়ার কণ্ঠে ‘একতারা লাগে না আমার দোতারা লাগে না’ গানটি হৃদয় ছুঁয়ে যায়। তিনি প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া মুগ্ধ করে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী আপন বড়ুয়া ও এনি ঘোষের কণ্ঠে ‘আর কোথা নয় মাগো, আর নয় কোন খানে’ ও ‘তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল’ গান দুটি। তারা হয় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।
এ ছাড়া দ্বিতীয় দিন ছিল লোক, উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্য, আধুনিক গান এবং নজরুলসংগীত প্রতিযোগিতা। তৃতীয় ও চতুর্থ দিন ছিল আবৃত্তি, বক্তৃতা, মূকাভিনয়, গল্প বলা, কৌতুক, অভিনয়, রবীন্দ্রসংগীত, লোকগীতি, পল্লিগীতি, মরমি সংগীত ও বিতর্ক। ‘আমাদের সংকট সম্পদের নয়, সততার’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় যুক্তিবাণে জমজমাট হয়ে ওঠে মিলনায়তন। একই দিন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতামূলক অভিনয় সবার নজর কাড়ে। প্রতিযোগিতায় ১৮টি বিভাগে ২১৫ জন শিক্ষার্থী অংশ নেন। িবজয়ী হয় ৫৮ জন।
শেষ দিন ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া। তিনি ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করেন। সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ আয়োজক কমিটির সভাপতি কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহ আলম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মুবিন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. নুরুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক রাজিয়া সুলতানা।