নাচে-গানে রঙিন মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোঁপায় বড় সাদা ফুল আর হাতে রঙিন পাখা নাড়তে নাড়তে মঞ্চে আসলেন এক ঝাঁক আদিবাসী তরুণী। ‘ঙ্নি রামা যা ফ্রয়তে ম্রারে পুরে তুইনি রে’ (আজ আমার কি যে হলো, কখনো শীত কখনো গরম, অনুভূতি হারিয়ে গেলো) গানের তালে নেচে চললেন পাখা দুলিয়ে। পুরো মঞ্চ জুড়ে বয়ে গেল হরেক রঙের পাখার রঙিন ঢেউ। আর মিলনায়তনজুড়ে উঠল করতালির তরঙ্গ। এর পর কিউর ফাঁকে গানের ডালি নিয়ে মঞ্চে এলেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। ‘আমার মাঝে নেই এখন আমি, স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গে নামি’—তাঁর এ গানের মধ্য দিয়ে তিনি যেন সত্যিই নেমে এলেন স্বর্গে। মঞ্চটাকে মনে হচ্ছিল স্বর্গপুরী। তাঁর এ মঞ্চমাতানো গানে দর্শক-শ্রোতারাও নিজেকে হারিয়ে ফেলেন, হারিয়ে যান সুরের ভুবনে। রাণী কুঠির বাকি ইতিহাসের এ গান ঠাঁই পেল ঈদ ফ্যাশনের ইতিহাসে। শুরুতেই ‘কবিতার এই রাত...কিছু ইচ্ছের হাতছানি’তে তিনি দর্শক-শ্রোতাদের যেন হাতছানি দিয়ে টানলেন সুরের মায়ায়। তাঁর ‘চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা’, এবং ‘চিরদিনই তুমি যে আমার’ গান শেষে শিল্পী মঞ্চ ছেড়ে চলে গেলেন, সুরজালে ঋণী করে গেলেন দর্শকদের।বান্দরবানের মারমা শিল্পীগোষ্ঠীর আদিবাসী তরুণীরা শুধু পাখা নৃত্যেই থেমে ছিলেন না। শ্রাবণের প্রকৃতি রূপ ফিরে পেল মঞ্চে ছাতা নৃত্যের মধ্য দিয়ে। ব্যাকগ্রাউন্ড মিউজিকে গর্জে উঠেছে মেঘ, ঝরছে বৃষ্টি। মুহূর্তেই খুলে গেল এক রাশ বাহারি রঙের ছাতা। তার নিচে নেচে চলেছেন তরুণীরা। মেঘের কান্নায় তরুণীদের উচ্ছ্বলতা ম্লান হয়নি এতটুকুও।বর্ষার প্রকৃতিকে পূর্ণ রূপ দিতেই আদিবাসী তরুণীরা মঞ্চে আসলেন তাঁদের শেষ পরিবেশনা ময়ূর নৃত্য নিয়ে। ‘লিলে থালো থালো, মোলো ক্যালো ক্যালো’ (বাতাস বইছে বৃষ্টি ঝরছে, ময়ূরেরা সব পেখম মেলছে) গানের তালে তালে মযূরকণ্ঠী নীলে রাঙানো আদিবাসী পোশাকে নেচে চলা তরুণীদের দেখে মনে হচ্ছিল, এক ঝাঁক ময়ূর যেন আপন মনে নেচে চলেছে। হঠাৎ মেঘের গুড়গুড় শব্দে পেখম মেলল ময়ূর। আর পুরো মঞ্চ আলোকিত হলো রঙধনুর সাত রঙে।