নাচে-গানে রুশ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার ওরেনবার্গ স্টেট একাডেমি ফোক কয়ার দলের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা l সৌরভ দাশ
রাশিয়ার ওরেনবার্গ স্টেট একাডেমি ফোক কয়ার দলের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা l সৌরভ দাশ

অ্যাক্রবেটিক কায়দায় ক্ষণে ক্ষণে লাফিয়ে উঠছিলেন শিল্পীরা। শূন্যে ঝাঁপ দিয়ে হাওয়ায় ভেসে পরিবেশন করছিলেন নাচ। গানের তালে জুতার গোড়ালি দিয়ে মেঝে ঠুকেও চলল দৃষ্টিনন্দন নাচ। রুশ নৃত্যশিল্পীদের এমন পরিবেশনা দেখতে দেখতে চোখের পলকও ফেলতে ভুলে গিয়েছিল বহু দর্শক।
২৪ নভেম্বর সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে রাশিয়ান সাংস্কৃতিক দিবস বাংলাদেশ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আসরে সংগীত ও নাচ পরিবেশন করেন রাশিয়ার ওরেনবার্গ স্টেট একাডেমি ফোক কয়ার দলের শিল্পীরা।
আয়োজনের শুরুতে ছিল আলোচনা সভা। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেক্সান্ডার এ নিকোলায়েভ ও চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন। আবৃত্তিশিল্পী ফারুক তাহের ও ফাল্গুনী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো. শাওকাত ফারুক।
আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। প্রথমেই বাদ্যযন্ত্রের সুর মূর্ছনায় দর্শকদের বিমোহিত করে ওরেনবার্গের বাদক দল। এরপর শিল্পীদের পরিবেশিত দলীয় ও একক সংগীত এবং নাচ মুগ্ধতার আবেশ ছড়ায়।
বাংলাদেশ ও রাশিয়ার ভৌগোলিক দূরত্ব অনেক। কিন্তু সংস্কৃতি যে কোনো দূরত্ব মানে না, সেটাই প্রমাণ হলো এ আয়োজনে। শিল্পীদের কণ্ঠের মাধুর্য কিংবা যন্ত্রের সুর-মূর্ছনা ভাষার প্রতিবন্ধকতা অতিক্রম করে গেছে। ঐতিহ্যবাহী রুশ পোশাক ও রুশ রীতিতে তৈরি বাদ্যযন্ত্র চট্টগ্রামের দর্শকদের জন্য ছিল নতুন।
নাচ-গানের আসরে অংশ নেন ৪৭ জন রুশ শিল্পী। এই দলে রয়েছেন সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, যন্ত্রশিল্পী, কোরিওগ্রাফার, মেকআপম্যান ও শিল্প সমালোচক। আয়োজন শেষে নৃত্যশিল্পী প্রমা অবন্তী প্রথম আলোকে বলেন, ‘রাশিয়ার লোকজ পরিবেশনার সঙ্গে আমাদের দেশের কিছু পরিবেশনার মিল পেলাম। এর মাধ্যমে নিজেরাও কিছু শিখলাম। এভাবে দুই দেশের মধ্যে যত বেশি সাংস্কৃতিক আদান-প্রদান হবে, তত বেশি আমাদের শিল্পী ও দর্শকেরা সমৃদ্ধ হবে।’