নাচের ছন্দে মিলেছে বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডে​মীতে  অায়োজিত  অনু​ষ্ঠানে নাচ পরিবেশন করেন শিল্পীরা l প্রথম আলো
বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডে​মীতে অায়োজিত অনু​ষ্ঠানে নাচ পরিবেশন করেন শিল্পীরা l প্রথম আলো

গ্রীষ্মের দাবদাহে পুড়ছিল চরাচর। তবু বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত নাচের অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন প্রচুর দর্শক। বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমীতে ৫ মে অনুষ্ঠিত এই আসরে কেবল চট্টগ্রাম নয় দেশের নানা অঞ্চল থেকে নাচের শিল্পীরা এসেছিলেন। নাচের ছন্দে বৈচিত্র্যময় উপস্থাপনা মন ভরিয়েছে দর্শকদের।
‘সন্ত্রাস রুখে দাঁড়াও নৃত্যের ছন্দে’ স্লোগানে সন্ধ্যা সাতটায় শুরু হয় নৃত্যসন্ধ্যা। শুরুতেই ছিল কথামালা পর্ব। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রামের সভাপতি শারমিন হোসেন। এরপর প্রধান অতিথির কথামালা নিয়ে মঞ্চে আসেন ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাকেশ রমন। কথামালা শেষে নেপথ্য থেকে ভেসে আসে সংগীতের সুর। আর মঞ্চে শুরু হয় নৃত্যছন্দে তার রূপায়ণ। নৃত্যের ঝংকারে মেতে ওঠে পুরো শিল্পকলা প্রাঙ্গণ। এরপর বাকি সময়টা শুধুই মুগ্ধ হওয়ার পালা।
বিশ্ব নৃত্য দিবস উপলেক্ষ ২ থেকে ৫ মে পর্যন্ত নগরের শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় ভরত নাট্যম বিষয়ে কর্মশালা। তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। এতে চট্টগ্রামের প্রায় ২০০ নৃত্যশিল্পী অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন ভারতের প্রখ্যাত ভরত নাট্যম শিল্পী অর্কদেব ভট্টাচার্য।
৫ মে সন্ধ্যায় নৃত্যসন্ধ্যায় কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। তাঁদের পরিবেশনা শেষে মঞ্চে আসে সিলেট থেকে আগত নৃত্যদল। ‘তুমি আসবে বলে’ গানের সঙ্গে নাচ পরিবেশন করে মঞ্চ মাতান তাঁরা। এরপর একে একে মঞ্চ মাতিয়ে যায় নোয়াখালী ও রাজশাহী থেকে আসা নৃত্যদলগুলো।
‘বিপুল তরঙ্গ রে’ গানের সঙ্গে নাচ পরিবেশন করতে আবারও মঞ্চে হাজির হন কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এরপর ছিল ফজল আমিন শাওন ও তাঁর দলের পরিবেশনায় ‘ঢোল বাজে’ গানের সঙ্গে নাচ। ‘ও আমার বন্ধু যদি হইতো খাঁটি সোনা রে’ গানের সঙ্গে রিয়া দাশ ও তাঁর দলের নাচ পরিবেশনা আনন্দ দেয় দর্শকদের। এরপর ছিল সঞ্চিতা দত্তের পরিচালনায় ‘আজি ভালো কইরা বাজান গো দোতারা’ গানের সঙ্গে নাচ।
‘সুয়া উড়িলো উড়িলো’ গানের সঙ্গে সিলেট থেকে আসা নৃত্যদলের পরিবেশনা মাতিয়ে তোলে দর্শকদের। এরপর প্রমা অবন্তী ও তাঁর দলের পরিবেশিত তাণ্ডব নৃত্য আয়োজনে যোগ করে ভিন্নমাত্রা।
নাচের ফাঁকে ফাঁকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে মঞ্চে আসেন চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল ইয়েগার, বিস্তার আর্ট কমপ্লেক্সের পরিচালক আলম খোরশেদ ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। প্রদীপ হাতে তন্ময় বড়ুয়া ও তাঁর দলের সদস্যদের পরিবেশিত নাচ মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয় সবার মাঝে। গার্গী মজুমদার ও তাঁর দলের পরিবেশিত রবীন্দ্রনৃত্য এবং জে এম শরীফুল ইসলাম ও তাঁর দলের পরিবেশিত ‘কালো জলে কুচলা তলে’ শিরোনামের গানের সঙ্গে নাচের পরিবেশনাও ভালো লেগেছে দর্শকদের।
‘বাউলের এক তারাতে বাজে মধুর সুর’ শিরোনামের গানের সঙ্গে হিল্লোল দাশ ও তাঁর দলের পরিবেশিত নাচে ছিল ভিন্নতার আবেশ। সেতু বিশ্বাস ও তাঁর দলের কত্থক নৃত্যের পরিবেশনা ছিল আয়োজনের শেষ নৃত্য পরিবেশনা। সবশেষে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন প্রবীর পাল।