
মঞ্চে কখনো প্রেম, কখনো বিরহকাতর যুগলের গল্প। আবার কখনো মন ছুঁয়ে যাওয়া আদিবাসী জীবনধারা। এসব নাচের ছন্দে। কাহিনির বুনন চলছে নৃত্যের তালে তালে। মুগ্ধ দর্শকেরা বুঁদ হয়ে ছিলেন তিন ঘণ্টা। ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মুগ্ধতা–জাগানিয়া এই অনুষ্ঠানের আয়োজন করে মায়াবী ডান্স একাডেমি। নাচের সংগঠনটির নবম বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন।
শুরুতে মায়াবী ডান্স একাডেমির প্রধান উপদেষ্টা মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরোপ্রধান চৌধুরী ফরিদ, নৃত্যশিল্পী সিলভিয়া আফরিন, মো. ইলিয়াছ, সাজিদুর রহমান ও শাহীন আক্তার। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক হানিফ খন্দকার। আলোচনা শেষে মঞ্চ মাতায় নৃত্য। প্রথমেই ভাষাশহীদদের উৎসর্গ করে একাডেমির শিল্পীরা পরিবেশন করেন ‘একুশ থেকে বায়ান্ন’ শিরোনামের দলীয় নৃত্য। এরপর বান্দরবান থেকে আসা আদিবাসী নৃত্যদলের পরিবেশিত পাখানৃত্য মুগ্ধ করে সবাকে। ‘আল্গা কর গো খেঁাপার বঁাধন্’ গানের সঙ্গে ছিল দ্বৈত নৃত্য। পরিবেশন করেন হানিফ খন্দকার ও সপ্তর্ষি তুমা। এরপর দেওয়া হয় সম্মাননা। নৃত্যশিল্পে অবদান রাখার জন্য এ বছর মরণোত্তর সম্মাননা জানানো হয় নৃত্যাচার্য গওহর জামিলকে। তঁার পক্ষে সম্মাননা গ্রহণ করেন ভরতনাট্যম গুরু বেলায়েত হোসেন খান।
ঢাকা থেকে আগত জাগোয়ার সেন্টারের নৃত্যশিল্পীদের জেলেনৃত্যের পরিবেশনা মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয় মিলনায়তনে। এবার সুরের তালে ফিউশনধর্মী যুগলবন্দী নৃত্য পরিবেশন করেন মায়াবী ডান্স একাডেমির শিল্পীরা। আদিবাসী নৃত্যদল আবার মঞ্চে আসে তাদের বঁাশনৃত্যের পরিবেশনা নিয়ে। ‘তোমাকে খঁুজে পাই ওই নীল আকাশে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন মায়াবীর শিল্পীরা। এরপর ‘বোঝে না সে বোঝে না’ গানের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনা। এবার ঢাকার জাগোয়ার সেন্টারের নৃত্যশিল্পীদের পরিবেশনা। তঁারা ফিউশনধর্মী নাচ নিয়ে আসেন মঞ্চে। সবশেষে পঁাচমিশালি বেশ কিছু গানের সঙ্গে মায়াবীর শিল্পীদের নাচের পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন।