দশ পেরিয়ে এগারোতে মায়াবী ড্যান্স একাডেমি। আর এই উদ্যাপন উপলক্ষে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বসেছিল আনন্দ আয়োজন। ১৭ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত এই আনন্দ আয়োজনে কত্থক, ফিউশন, আধুনিক ও পাহাড়ি নাচের ছন্দে মেতেছিল দর্শকেরা। নাচের পাশাপাশি আয়োজনে ছিল কথামালা, স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদানের আয়োজন।
আয়োজনের শুরুতেই এক মঞ্চে হাজির হন ২৪ জন নৃত্যশিল্পী। দুই দলে ভাগ হয়ে জাতীয় পতাকা হাতে তাঁরা ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ শিরোনামের গানের সঙ্গে পরিবেশন করলেন দলগত নাচ। এরপর শুরু হয় আয়োজনের উদ্বোধনী পর্বের আসর। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ সময় প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. জামাল হোসেন।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল-১২–এর কর কমিশনার শাহীন আক্তার, সাংবাদিক চৌধুরী ফরিদ ও ব্যবসায়ী মো. ইলিয়াস।
উদ্বোধনী পর্ব শেষে ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’ শিরোনামের গানের সঙ্গে লোকজ ধারার নাচ নিয়ে মঞ্চে আসেন মায়াবীর ছয় নৃত্যশিল্পীর একটি দল। এরপর ছিল ‘আমি চিনি গো চিনি তোমারে’ শিরোনামের ফিউশন ধাঁচের নাচ।
শিশু নৃত্যশিল্পী আয়মান খন্দকারের সাঁওতালি নাচের পরিবেশনায় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। এ ছাড়া ‘সোনা বন্ধু তুই আমারে’ ও ‘চাঁদ দেখতে গিয়ে’ শিরোনামের গানের সঙ্গে নাচের পরিবেশনা ভালো লেগেছে দর্শকদের। একটি হিন্দি গানের সঙ্গে দ্বৈত নৃত্যের পরিবেশনার সময় একজন নৃত্যশিল্পীর হঠাৎ পা মচকে নাচ বন্ধ হয়ে যায়। তবে আবারও পুরো দমে নাচ শুরু হতে সময় লাগেনি। খুলনার নাচের দল ‘নৃত্য বিহার’ ক্ষুদিরাম স্মরণে নাচ পরিবেশন করে দর্শকদের হৃদয় জয় করে।
আয়োজনে চট্টগ্রামের আঞ্চলিক গানের শিল্পী শেফালী ঘোষ ও শ্যাম সুন্দর বৈষ্ণবকে জানানো হয় সম্মাননা। তাঁদের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন শেফালী ঘোষের ছেলে ছোটন ঘোষ এবং শ্যাম সুন্দর বৈষ্ণবের ছেলে প্রেম সুন্দর বৈষ্ণব। মাইকেল জ্যাকসনের থ্রিলার নাচের আঙ্গিকে মায়াবীর শিল্পীদের ভৌতিক নৃত্য পরিবেশনের মাধ্যমে শেষ হয় আয়োজন।