নাচের ছন্দে মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়াবী ​ড্যান্স একাডেমির ১১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নৃত্যানুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা
মায়াবী ​ড্যান্স একাডেমির ১১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নৃত্যানুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা

শুরুতে ‘বাজেরে বাজে ঢোল বাজে’ গানের সঙ্গে একদল শিল্পীর নৃত্য। এরপর একে একে মঞ্চ মাতানো সব পরিবেশনা। নাচের ছন্দে মুগ্ধ দর্শক। নৃত্য সংগঠন মায়াবী ড্যান্স একাডেমির ১১ বছর পূর্তি উপলক্ষে ২২ অক্টোবর নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বসে এমন আয়োজন।

সন্ধ্যা সাতটায় পঞ্চপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী নৃত্যর পর ‘মন মোর মেঘেরও সঙ্গী’ গানের সঙ্গে ছিল আরও একটি দলীয় পরিবেশনা। মায়াবীর নৃত্যশিল্পীদের এই দলীয় নৃত্যের পরিবেশনা শেষে মঞ্চে আসে স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স দলের শিল্পীরা। একে একে তিনটি গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে মঞ্চ মাতায় তারা।

এরপর মঞ্চে শুরু হয় কথামালা। এই পর্বে স্বাগত বক্তব্য দেন মায়াবী ড্যান্স একাডেমির পরিচালক হানিফ খন্দকার। এতে প্রধান অতিথি ছিলেন কাস্টম কমিশনার জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কর কমিশনার শাহীন আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাজিদুর রহমান, সাংবাদিক চৌধুরী ফরিদ ও ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস। অতিথিরা বলেন, ‘দেশের এই সময়ে সাংস্কৃতিক আন্দোলন চাঙা করা গেলে তরুণেরা আর জঙ্গিবাদে জড়াবে না। তরুণদের সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত করা গেলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।’ কথামালা শেষে তবলাশিল্পী দেলোয়ার হোসেনের হাতে মায়াবীর পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদান তুলে দেন অতিথিরা। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

এসব পর্ব শেষে মঞ্চে আবারও শুরু হয় নৃত্য। ‘আমি এক দিন তোমায় না দেখিলে’ পুরোনো দিনের বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন মায়াবীর শিল্পীরা। এরপর একক নৃত্য পরিবেশন করেন শিল্পী আয়মান খন্দকার। এককের পর আবার দলীয়—তিনটি নাচে মঞ্চ মাতিয়ে যান মায়াবীর নৃত্যশিল্পীরা। প্রতিটি নৃত্যে ছিল আধুনিক ও পাশ্চাত্য ধাঁচের।