নাচের তিন তারা

মঞ্চে নাচ পরিবেশনায় িতনজন একসঙ্গেই থাকেন। আড্ডায়ও সেই তিনজনের দল। লক্ষ্যেও তাঁরা এক—নাচের ছন্দ পাহাড়ে ছড়িয়ে দিতে চান। নাচের এই তিন শিল্পী হলেন ত্রিপনা চাকমা, সাগরিকা চাকমা ও ইতি চাকমা। নাচই তাঁদের পরিচিত করে তুলেছে পার্বত্য এলাকায়। তিন জেলায় তো বটে, চট্টগ্রাম শহরেও অনুষ্ঠানের জন্য ডাক পড়ে তাঁদের।
১০ জুন রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট জাদুঘর ভবনে কথা হয় স্নাতক–পড়ুয়া এই তিন নৃত্যশিল্পীর সঙ্গে। তিনজনই জানালেন, ভবিষ্যতে যা কিছু করেন নাচের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে রাঙামাটি শহরে একটি নাচের স্কুল প্রতিষ্ঠার চিন্তাভাবনা শুরু করেছেন তাঁরা। যেখানে প্রশিক্ষণের পাশাপাশি নতুন গান ও গল্প ঘিরে তৈরি করা হবে ভিন্নধর্মী নাচ। তাঁদের মতে, পাহাড়ি জনগোষ্ঠীর নাচ শুধু পাহাড়িদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সেটাকে ছড়িয়ে দিতে হবে বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে।
সমবয়সী ত্রিপনা ও সাগরিকার বাড়ি রাঙামাটি শহরের রাজদ্বীপ এবং ইতির বাড়ি দেবাশীষ নগরে। তিনজনের নাচের তালিম শুরু হয় পাঁচ বছর বয়সে। ১৯৯৫ সালে রাঙামাটি শিল্পকলা একাডেমিতে নাচের প্রশিক্ষণ নেওয়া শুরু। সেখানেই দেখা তিনজনের। তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে নাচ শেখাও একসঙ্গে। তিন বান্ধবী একসঙ্গে ভারতের দিল্লি, আগ্রা ও ত্রিপুরায় একাধিকবার সাংস্কৃতিক সফর করেছেন। অবশ্য ত্রিপনা ও সাগরিকা জাপানও সফর করেছেন নাচের সূত্র ধরে। এভাবে চলতে গিয়ে তাঁরা বাঁধা পড়েছেন বন্ধুত্বের বাঁধনে।
তাঁরা পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর নাচের পাশাপাশি কত্থক, সাধারণ ও লোকনৃত্য পরিবেশন করেন বিভিন্ন অনুষ্ঠানে। তিনজন নাচের তালিম নিয়েছেন অনেকের কাছে। এঁদের মধ্যে হুমায়ুন কবীর, সঞ্চনা চাকমা, টিটু দেওয়ান, শুক্লা ত্রিপুরা, কনিকা ত্রিপুরা অন্যতম। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন নাচের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকার অনেক গুণী নৃত্যশিল্পীর সান্নিধ্য পেয়েছেন। রাঙামাটির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জুম ঈসথেটিকস কাউন্সিলের প্রযোজনায় মঞ্চস্থ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন তিনজন। তবে নাটকে অভিনয় ধারাবাহিকভাবে করেননি।
নাচ নিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয় তাঁদের। তবু দমার পাত্র নন তাঁরা। ত্রিপনা ও সাগরিকা জানান, তাঁদের বাড়ি রাঙামাটির মূল শহর থেকে বিচ্ছিন্ন। পার হতে হয় কাপ্তাই হ্রদের কিছু অংশ। অনেকবার সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ শেষ করে রাতে খেয়াঘাটে এসে নৌকা না পেয়ে সাঁতার কেটে নদী পার হতে হয়েছে।
বছর তিনেক আগে তাঁদের নেতৃত্বে রাঙামাটির ১৯ জন নৃত্যশিল্পী মিলে ‘পোতপোত্যে’ (আলো ঝলমল) নামে একটি সংগঠন গড়ে তুলেছেন। সংগঠনটির লক্ষ্য বিভিন্ন নৃত্যানুষ্ঠানে পাওয়া সম্মানীর একটি অংশ জমিয়ে রাখা। তাঁরা ওই সংগঠনের পক্ষ থেকে কয়েকজন অসচ্ছল পরিবারের নৃত্যশিল্পীর পরীক্ষার ফরম পূরণ ও বিয়ের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
কথায় কথায় তিন বন্ধু জানলেন তাঁদের আরও একটি পরিকল্পনার কথা। তা হলো দুস্থ নারীদের নিয়ে একটা বুটিক হাউস বা পোশাক কারখানা সামগ্রীর দোকান চালু করা। ওই দোকানে থাকবে নাচের সামগ্রীও। অনেক সময় নৃত্যশিল্পীরা নাচের জন্য পছন্দসই অলংকার পান না। সেই অভাব পূরণ করতেই এই উদ্যোগ।
অবশ্য নাচের বাইরে তিনজনের আলাদা এক জগৎ রয়েছে। এর মধ্যে ত্রিপনার ঝোঁক সাহিত্যে। তিনি কবিতা ও ছোটগল্প লেখেন। ইতি চাকমার স্বপ্ন উদ্যোক্তা হিসেবে নিজের শক্ত অবস্থান গড়ে তোলা। সাগরিকা হতে চান ফ্যাশন ডিজাইনার। তিনজনই নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রত্যয়ী। এগিয়ে যেতে চান অনেক দূর।