পরিবারের সবাই চেয়েছিল ছেলে। তাই সুবর্ণার জন্মের পর একরকম অবহেলাই জোটে তাঁর ভাগ্যে। ব্যতিক্রম হয়নি বোনটির বেলাতেও। উপেক্ষা আর অবজ্ঞার বাধা পেরিয়ে বড় হয় তাঁরা। উচ্চশিক্ষায় শিক্ষিতও হয়। কিন্তু ভুলতে পারে না দুঃসহ স্মৃতি। প্রিয়ার ইচ্ছা করে ছেলেবেলার মতো দাপিয়ে বেড়াতে, খেলতে আর গাছে চড়ে ফল পাড়তে। কিন্তু সে যতই বড় হচ্ছে সমাজের বিধিনিষেধের বেড়াজাল তার ইচ্ছাগুলোকে ছেঁটে ফেলতে চায়। তাকে করে তুলতে চায় কেবলই নারী। সুবর্ণা আর প্রিয়ার এই কাহিনি এ দেশের আরও বহু মেয়ের। তাদের সবার আকুতি মাথা উঁচু করে মানুষের মতো বাঁচবে।নারীজীবনের এই সংকটের কথা নাচের মাধ্যমে তুলে ধরল চট্টগ্রাম ও সিলেটের একদল শিল্পী। ব্যতিক্রমী এই প্রযোজনায় নাচের সঙ্গে সঙ্গে শিল্পীরা স্মৃতিচারণার মতো করে নারীজীবনের সংকটের কথাও বয়ান করেন। গল্পগুলো কুশীলবদের নিজের জীবন থেকে নেওয়া হলেও দর্শক অনুধাবন করেন এ গল্প প্রতিটি নারীরই।গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘সাধনা’র উদ্যোগে এই নারীবাদী নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সাধনা এর আগে ‘শক্তি’ শিরোনামে সাত দিনব্যাপী নারীবাদী নৃত্য কর্মশালার আয়োজন করে। নৃত্যানুষ্ঠানটি ছিল কর্মশালার সমাপনী পর্বেরই অংশ। শিল্পীদের কোরিওগ্রাফিতে নিজেদের বাস্তব অভিজ্ঞতা, অভিমান, ক্ষোভ ও প্রত্যাশা মূর্ত হয়ে উঠেছে। এ নাচের মধ্য দিয়ে দর্শকদের সামনে শিল্পীরা যেন একটা প্রশ্নই ছুড়ে দিলেন। নারী অধিকার রক্ষায় আমরা কতটুকু সোচ্চার? নৃত্যানুষ্ঠান শেষ হওয়ার পর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। পরিবেশনা শেষে মঞ্চে উঠে আসেন সাধনার সাধারণ সম্পাদক ও নৃত্যশিল্পী লুবনা মারিয়াম। তিনি দর্শকদের কাছে সাধনার সংক্ষিপ্ত পরিচিতি কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানের অতিথি কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘নাচ সংস্কৃতির সবচেয়ে সৃজনশীল মাধ্যম। নারীর জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো নাচের মাধ্যমে তুলে ধরা হয়েছে, তা বাস্তব জীবনের প্রতিচ্ছবি। যার যার অবস্থান থেকে নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদ করা উচিত। আমাদের সমাজে নারীর অবস্থানটা পুনর্মূল্যায়ন হওয়া দরকার।’ সাত দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন লুবনা মারিয়াম, সাব্বির আহমেদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম হাসান এবং অভিনেত্রী রেহানা হক।