নাচের শিল্পী রাঁধেন ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের দিন নৃত্যশিল্পী শামীম আরা নীপা নিজেই তৈরি করেন ভিন্ন স্বাদের খাবার। ছবি: খালেদ সরকার
ঈদের দিন নৃত্যশিল্পী শামীম আরা নীপা নিজেই তৈরি করেন ভিন্ন স্বাদের খাবার। ছবি: খালেদ সরকার

নৃত্যশিল্পী শামীম আরা নীপা। তাঁর নাচের ছন্দের কথা তো সবাই জানেন। রান্নাতেও কম ছন্দ তোলেন না এই শিল্পী। ঈদের মতো দিনগুলোতে চেষ্টা করেন ভিন্ন স্বাদের কিছু রান্না করতে।
২৫ জুন শামীম আরা নীপার সঙ্গে কথা হয় ঢাকার মণিপুরিপাড়ায় তাঁর বাসায় বসে। রান্নাঘর থেকে তখনো সুবাস আসছিল বিরিয়ানির। বসার ঘরে আলাপের শুরুতেই শামীম আরা নীপা বলেন, ‘মায়ের কাছেই রান্না শিখেছি। এত দিন যত রান্না খেয়েছি, মায়ের হাতের রান্নাই সেরা।’

ছবি: খালেদ সরকার
ছবি: খালেদ সরকার

নীপার ঈদের দিন শুরু হয় পরিবারের সঙ্গে। হালকা আরামদায়ক পোশাকে সকালটা বাড়িতেই কাটে। ‘সকালে আমার ভাইবোনের ছেলেমেয়েরা ঘিরে ধরে। আমার বোনেরা একেকজন একেক পদের রান্না নিয়ে হাজির হয় এখানে। দুপুরে সবাই খেতে বসি একসঙ্গে। খাবার টেবিল তখন স্মৃতির খোলা অ্যালবাম। পরিবারের সবার আলাপচারিতায় উঠে আসে ছোটবেলার ঈদের দিনগুলোর কথা।’ কথাগুলো বলার সময় একধরনের উৎফুল্ল ভাব ফুটে ওঠে নীপার চোখে–মুখে।
রাতের বেলা বেড়াতে বের হন নীপা। আত্মীয় কিংবা বন্ধুদের বাড়িতে ঘোরাফেরা করেই অনেকটা সময় কেটে যায়। বেড়াতে যাওয়ার আগে তাই জমকালো সাজ বেছে নেন। শাড়ির সঙ্গে তখন নানা ধরনের গয়না পরেন। শাড়ি পরলেও সেটায় আরামকে প্রাধান্য দেন। ছোটবেলায় মায়ের রান্না খেতে খুব ভালোবাসতেন। এখন নিজে পরিবারের জন্য তৈরি করেন নানা পদ।
তাই রান্নার আগ্রহে মাকেই শতভাগ ‘ক্রেডিট’ দিতে চান নীপা। মায়ের কাছেই শিখেছেন নানা পদের রান্না। এবারও কি রান্না করবেন—উত্তরে জানান, ‘অবশ্যই। এবারের ঈদে ভারী খাবার হিসেবে পোস্তা বড়ির বিরিয়ানির সঙ্গে তন্দুরি বিফ রান্না করব। আর ডেজার্ট হিসেবে জেলো পুডিং তৈরি করব। এই দুটি পদই ঈদের দিনের স্পেশাল হিসেবে এবার করব।’
নকশার পাঠকদের জন্য শামীম আরা নীপা দিেয়ছেন দুটি বিশেষ রেসিপি।

পোস্তা বড়ির বিরিয়ানি তন্দুরি বিফ

পোস্তা বড়ির বিরিয়ানি তন্দুরি বিফ
পোস্তা বড়ির বিরিয়ানি তন্দুরি বিফ

উপকরণ: হাড় ছাড়া গরুর মাংস ১ কেজি, টক দই ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, এলাচি ৩ থেকে ৪টা, দারুচিনি বাটা ১ চামচ, লবণ পরিমাণমতো, তেল ৪ টেবিল চামচ, বেরেস্তার জন্য বড় পেঁয়াজ ৪টা, চিনি আধা চা-চামচ, কাঁচা মরিচ কয়েকটা, পোলাওয়ের চাল ১ কেজি ও তন্দুরি মসলা পরিমাণমতো।
প্রণালি: প্রথমে তন্দুরি মসলা মাখিয়ে গরুর মাংস ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর ২ টেবিল চামচ তেলে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। একই তেলে ম্যারিনেট করা মাংস রান্না করে ফেলতে হবে। সঙ্গে অল্প একটু চিনি ছিটিয়ে নিতে হবে ভিন্ন স্বাদের জন্য। মাংস রান্না হয়ে গেলে নামানোর আগে অল্প আঁচে বেশ কয়েকটি কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিতে হবে। এতে একধরনের ঝাল ঝাল স্বাদ পাওয়া যাবে।
এরপর পোলাওয়ের জন্য প্রথমেই পোস্ত বড়ির দানা তেলে ভেজে নিতে হবে। পোস্ত দানার পর ৪ কাপ পানির মধ্যে অল্প আদা, ফ্লেভারের জন্য গরমমসলার সঙ্গে ১ কেজি পোলাওয়ের চাল দিয়ে ঢেকে দিতে হবে। পোলাও হয়ে গেলে একটি ডিশে নামিয়ে নিয়ে এর ওপর ভেজে রাখা পোস্ত বড়ির দানা ছিটিয়ে দিতে হবে। ব্যস, তৈরি।

জেলো পুডিং

জেলো পুডিং
জেলো পুডিং

উপকরণ: দুধ ১ লিটার, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, কনডেন্সড মিল্ক ১ কৌটা, চায়না গ্রাস ১০ আউন্স ও ২ থেকে ৩ রঙের জেলো পাউডার কৌটা।
প্রণালি: প্রথমে দুধটাকে ঘন করে নিতে হবে। এর সঙ্গে কনডেন্সড মিল্ক, কর্নফ্লাওয়ার ও চায়না গ্রাস গুলে মিশিয়ে নিতে হবে। আর জেলো পাউডারগুলোকে ২ কাপ গরম পানিতে গুলে রেফ্রিজারেটরে রেখে দিতে হবে, যতক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে গেলে কিউব করে দুধের যে মিশ্রণ, তার ওপর দিয়ে দিতে হবে। এরপর পুরোটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে ৫ থেকে ৬ ঘণ্টার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে বের করে পরিবেশন করুন।