নাচে-গানে কবিতায় বর্ষাবন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারুণ্যের উচ্ছ্বাসের বর্ষাবরণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা
তারুণ্যের উচ্ছ্বাসের বর্ষাবরণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা

শুদ্ধতার ঋতু বর্ষা। পুরোনো সব গ্লানি ধুয়ে মুছে দিতে প্রকৃতিতে বর্ষার আগমন। আর নগরে বর্ষা মানেই সংগীতের আসর এখানে-ওখানে। এর ব্যতিক্রম হয়নি এবারও। বর্ষার শুরু থেকেই নগরের সাংস্কৃতিকপাড়া জমজমাট বর্ষাবরণের আনন্দে। ১৫ জুন, আষাঢ়ের প্রথম দিবসে বিকেল পাঁচটায় শিল্পকলার মুক্তমঞ্চে বসেছে বর্ষাবন্দনার আনন্দ আয়োজন। নাচ, গান ও কবিতার ছন্দে বর্ষাকে বরণ করে নিতে চতুর্থবারের মতো এ আয়োজন করেছে বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস।
যে বর্ষাকে বরণ করে নিতে এত আয়োজন, সে বর্ষার বারিধারাই যেন বাদ সাধল অনুষ্ঠান আয়োজনে। তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানস্থল স্থানান্তরিত হলো শিল্পকলার মূল মিলনায়তনে।
স্বপ্নিল বড়ুয়ার সঞ্চালনায় আয়োজন শুরু হয় সমবেত কণ্ঠে আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নববর্ষা’ কবিতাটি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। এরপর বাঁশির সুরে বর্ষা আবাহন করেন প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। বর্ষাকে আমন্ত্রণ জানিয়ে তাঁর বাঁশিতে তোলা নানা সুর পুরো মিলনায়তনে ছড়িয়ে দেয় মোহময় আবেশ। সংগীত তীর্থের শিল্পীদের ‘বাদল বাউল বাজাও বাজাও’, ‘বজ্র মানিক দিয়ে গাঁথা’, ‘নীল অঞ্জন ঘন’ গানগুলোর সমবেত পরিবেশনা আচ্ছন্ন করে রাখে দর্শকদের। এ ছাড়া সংগীত ভবন, আনন্দধ্বনি ও অভ্যুদয় সংগীত অঙ্গনের শিল্পীদের পৃথক সমবেত পরিবেশনায় ছিল ‘আবার এসেছে আষাঢ়’, ‘ঝরঝর বরিষে বারিধারা’, ‘মন মোর মেঘেরও সঙ্গী’, ‘এসো এসো শ্যামল ছায়া ঘন’, ‘চঞ্চল শ্যামল এসো গগনে’ গান আসর মাতিয়ে তোলে।
একক সংগীত পরিবেশন করেন শিল্পী কাবেরী সেনগুপ্তা, শ্রেয়সী রায়, শান্তা গুহ, কান্তা দে, সুবর্ণা রহমান, বৈশাখী নাথ, আল তুষি ও আনিকা চৌধুরী। আয়োজনে ‘মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো’ ও ‘রিমঝিম রিমঝিম ঘন দেয়া বরষে’ গানের সঙ্গে ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশনা মুগ্ধ করে। এরপর ‘তোমার খোলা হাওয়া’ গানের সঙ্গে নূপুরের রিনিঝিনি ছন্দে দর্শকদের মাতিয়ে রাখে মায়াবী ডান্স একাডেমির শিল্পীরাও।
সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে ফাঁকে বর্ষাকথন নিয়ে মঞ্চে আসেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব ও অধ্যক্ষ রীতা দত্ত। বর্ষা বন্দনার আয়োজনে কবিকণ্ঠে বর্ষার কবিতা পাঠ করেন কবি কামরুল হাসান, ভাগ্যধন বড়ুয়া, মানজুর মুহাম্মদ, মনিরুল মনির ও মোহাম্মদ জোবায়ের। এ ছাড়া একক আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী ডলিয়া আহমেদ, সঞ্জয় মিত্র, আয়েশা হক, দেবাশীষ রুদ্র, শ্রাবণী দাশগুপ্তা ও সংগীতা দেবী। দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন আশিক উল আলম ও শিউলী চৌধুরী এবং ঐশী চৌধুরী ও হুমায়রা তাবাস্সুম ইকরা।