নাজনীনের মনের যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মার্চ, নাজনীনের কাছে এক কালরাত। ২০০৭ সালের এদিন তিনি বিয়ের পিঁড়িতে বসেন। যে ব্যাপারটি সবার কাছে সুখের এবং আনন্দের বার্তা বয়ে আনে, নাজনীনের কাছে সেটি কাল। এর কারণ কী? উত্তর দেন নাজনীন নিজেই। ‘বাবা অসুস্থ হওয়ায় সবাই বলাবলি করছিল তিনি বাঁচবেন না। তাই মা-বাবার ইচ্ছায় দশম শ্রেণীতে পড়া অবস্থায় সৌদি প্রবাসী সুপাত্রের (!) সঙ্গে আমার বিয়ে হয়। কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে পারি মাত্র ১৮ দিন। তাদের মানসিক ও শারীরিক অত্যাচারের কথা মনে করে আর যাওয়ার সাহস করিনি। এর মধ্যে স্বামীও চলে গেছে বিদেশে। এরপর কেটে গেছে ১৩ মাস।’ এরই মধ্যে নাজনীন এসএসসি পরীক্ষা দেন। জিপিএ-৫ পান। স্বামী ফিরে আসার পর তাঁর কাছেই বায়না ধরেন কলেজে ভর্তি হওয়ার। স্বামীর সাফ জবাব—হয় সংসার, না হয় পড়াশোনা, যেকোনো একটি বেছে নিতে হবে। অনেক ভেবে, মা-বাবার সঙ্গে পরামর্শ করে তিনি বেছে নেন পড়াশোনা। ২০১০ সালে জিপিএ-৫ পেয়ে একবার এসেছিলেন অদম্য মেধাবীদের দেওয়া সংবর্ধনায়। তখন তিনি কথা দিয়েছিলেন পরের বারও অটুট থাকবে সাফল্য। নাজনীন কথা রেখেছেন। নাজনীন এবারও জিপিএ-৫ পেয়েছেন। রাজমিস্ত্রি বাবার সঙ্গে সিলেটের গোলাপগঞ্জ থেকে হাজির হয়েছিলেন সংবর্ধনায়। এই প্রতিকূল অবস্থার মধ্যে থেকেই কী করে এত ভালো ফলাফল করলেন? নাজনীন মাথা উঁচু করে উত্তর দিলেন, ‘অস্ত্র থাকলে সবাই যুদ্ধ করতে পারে, কিন্তু মনের যুদ্ধটাই আসল। আমি সেটাই করেছি মাত্র।’