নাজমা পারভীনের ষড়ঋতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের দোকানে নাজমা পারভীন l ছবি: আনিস মাহমুদ
নিজের দোকানে নাজমা পারভীন l ছবি: আনিস মাহমুদ

নাজমা পারভীন। বাড়ি টাঙ্গাইল। বৈবাহিক সূত্রে সিলেট শহরে বসবাস। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি অবসর কাটিয়েছেন সংস্কৃতিচর্চা করে। সে সময়টাতে নাটক কিংবা অন্য যেকোনো অনুষ্ঠান করার সময় প্রয়োজন পড়ত নানা ধরনের কাপড়চোপড়ের। মূলত এর সূত্র ধরেই কাপড়ের প্রেমে পড়া। এরপর রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষে শিক্ষিকা হিসেবে মন টেকেনি। মনে ছিল ভিন্ন কিছু করার। আর এ চিন্তা থেকেই ২০১০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘ষড়্ঋতু’ নামের একটি দেশীয় কাপড়ের দোকান, নগরের লামাবাজার এলাকায়।
নাজমা পারভীন জানান, তাঁর দোকানে দেশীয় কাপড় ছাড়া অন্য কোনো কাপড়ের পোশাক রাখা হয় না। সিলেটের মণিপুরী, কুমিল্লার খাদি, রাজশাহীর সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, রূপগঞ্জের জামদানিসহ দেশীয় ঐতিহ্যবাহী কাপড়গুলো তাঁর দোকানে পাওয়া যায়। এর বাইরে তাঁর নকশা ও পরিকল্পনায় তাঁতিদের দিয়ে বিশেষ শাড়ি, শিশুদের পোশাক, চাদর, টি-শার্টসহ নানা ধরনের কাপড় তৈরি করে বিক্রি করেন। দোকান পরিচালনায় তাঁর স্বামী হুমায়ূন কবীর ও একজন নারী কর্মী সহায়তা করেন।
দেশীয় ঐতিহ্যের কারণে ‘ষড়্ঋতু’ এখন সিলেট নগরে এক পরিচিত নাম। মাত্র ২৫ হাজার টাকার মূলধন নিয়ে নগরের কাজীটোলা উঁচাসড়ক এলাকায় ছোট্ট একটি কক্ষে দোকানটির যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠার তিন বছর পর ২০১৩ সাল থেকে দোকানটি নগরের লামাবাজার এলাকার দেব ভবনে আরও বিস্তৃত পরিসরে স্থানান্তর করা হয়। কাপড়ের সৃজনশীল ও নান্দনিক বাছাইয়ের কারণে অল্প সময়েই দোকানটি পরিচিতি অর্জন করে নেয়। এখন কেবল ঐতিহ্যবাহী কাপড় সংগ্রহের টানেই প্রতিদিন নগরবাসী ছুটে আসছেন ‘ষড়্ঋতু’তে।
প্রতিষ্ঠানটির স্লোগান হিসেবে রাখা হয়েছে ‘প্রকৃতি-প্রেম-পার্বণে’। ইচ্ছে করলে সিলেটের বাইরের ক্রেতারাও এখান থেকে কাপড় কিনতে করতে পারবেন। এ জন্য ক্রেতাদের ঢুঁ মারতে হবে www.facebook.com/shororitusylhet এই ঠিকানায়।
নাজমা বলেন, ‘কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানটিকে আরও বড় পরিসরে চালু করা হবে। জামালপুরের নকশিকাঁথা, যশোরের সূচিকর্ম, রংপুরের শতরঞ্জি ও বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার তৈরি করা কাপড়ের সমাহার ঘটানোর পরিকল্পনাও আমাদের রয়েছে। এখন সেই লক্ষ্যেই কাজ করছি। সিলেট তো প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এখানে সবকিছুর দাম একটু বেশি। তাই এটি মাথায় রেখে আমরা মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতাদের কথা বিবেচনায় রেখে সুলভ মূল্যে দেশীয় ঐতিহ্যবাহী কাপড় ক্রেতাদের তুলে দেওয়ার চেষ্টা করে চলেছি। ব্যবসার পাশাপাশি দেশি কাপড়ের পুনর্জাগরণ আমার একমাত্র লক্ষ্য।’