নাজমুল আবেদীনের কণ্ঠে সুরের খেলা
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ২০ জানুয়ারি হয়ে গেল নাজমুল আবেদীন চৌধুরীর সংগীতসন্ধ্যা। সংগীত ভবনের প্রতিষ্ঠাতা ওস্তাদ প্রিয়দারঞ্জন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুরুতে অনুষ্ঠানের উপস্থাপক, আবৃত্তিকার মিলি চৌধুরী প্রিয়দারঞ্জনের বর্ণাঢ্য জীবন ও কর্মের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন সংগীত ভবনের সভাপতি শাহজাহান পাটোয়ারী। তিনি বলেন, ‘বাংলাদেশে যুগে যুগে উচ্চাঙ্গ সংগীতের প্রচার-প্রসারে যে কয়েকজন সংগীতজ্ঞ নিবেদিত ছিলেন তাঁদের মধ্যে প্রিয়দারঞ্জন সেনগুপ্ত অন্যতম।’ তিনি প্রিয়দারঞ্জনের বইগুলো পুনর্মুদ্রণ ও বেতারে প্রচারিত গানগুলো সংগ্রহ করে সিডি আকারে প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।এরপর গানের ডালি নিয়ে আসেন নাজমুল আবেদীন চৌধুরী। প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের ‘জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি’ গেয়ে আসর জমিয়ে তোলেন শিল্পী। দ্বিতীয় গান কুমার শানুর ‘কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি’ শুরু করতে না করতেই চলে গেল বিদ্যুৎ। ‘প্রিয়তমা মনে রেখ’ দিয়ে আবার শুরু।এবার দম নিলেন শিল্পী। বললেন, ‘একটু মনিটরে প্রবলেম হচ্ছে।’ তারপর সুবীর সেনের গাওয়া ‘এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়’ গেয়ে কুড়ালেন হাততালি। এবার স্মরণ করলেন প্রবাল চৌধুরীকে। স্মৃতিচারণ করে বললেন, ‘ওকে খুব মিস করি, আজ ও আমাদের মধ্যে নেই।’ তারপর গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়ের ‘অলির কথা শুনে বকুল’। আবার এলেন মিলি চৌধুরী। শিল্পীকে ‘উপস্থাপন’ করলেন তিনি! ফের বৈদ্যুতিক গোলযোগ। মিলি বললেন, ‘আলো আসল!’ রবি ঠাকুরের গান ‘মনে কি দ্বিধা রেখে গেলে’, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ‘ময়ূরকণ্ঠী রাতের নীলে’ ও শ্যামল মিত্রের গান ‘সে দিনের সোনাঝরা সন্ধ্যায়’ গেয়ে বিরতি নিলেন শিল্পী। এবার মঞ্চে ডাক পড়ল বেতার-টেলিভিশন শিল্পী সংস্থার সভাপতি আব্দুল মান্নান রানার। তিনি বললেন, ‘সংগীতের মাঝখানে যে বার বার বিঘ্ন ঘটছে তা শ্রোতাদের জন্য সুখকর নয়। বাংলাদেশের সংগীতাকাশে চট্টগ্রামের আধিপত্য বেশি। এর পেছনে ওস্তাদ প্রিয়দারঞ্জনের মতো মানুষের ভূমিকাই বেশি। সংগীতের সঠিক চর্চা থাকলে এ আধিপত্য ধরে রাখা যাবে।’ নাজমুল আবেদীন চৌধুরী সম্পর্কে তিনি বলেন, ‘তাঁর বয়সী কোনো শিল্পী নেই যিনি চট্টগ্রামের মঞ্চে গান করেন। তিনি তরুণদের আগলে রাখেন। বয়সে প্রবীণ হলে তিনি মনের দিক থেকে অনেক নবীন।’ আবার এলেন নাজমুল আবেদীন। বললেন, ‘এ আয়োজনে এসেছেন বেগম মুশতারী শফী, বেলাল মোহাম্মদ, অনিরুদ্ধ সেনগুপ্ত, সুজিত রায়, মৃণাল ভট্টাচার্যসহ অনেকে। সবার প্রতি আমি কৃতজ্ঞ।’ এরপর তিনি গাইলেন সুবীর সেনের ‘ক্লান্তি যদি নামে’, ‘চেনা চেনা লাগে তবু’, রবীন্দ্রসংগীত ‘চোখের আলোয় দেখেছিলেম’, শ্যামল মিত্রের ‘কেন তুমি ফিরে এলে’, ‘এই পথে যায় চলে’ এবং ‘এই সুন্দর পৃথিবী ছেড়ে’। পুরো আয়োজনে তবলায় লিটন মিত্র, কি-বোর্ডে সৃজন রায়, অক্টোপ্যাডে জুয়েল দাশ, বেজ গিটারে সজল সরকার, লিড গিটারে রাজীব ঘোষ, হারমোনিয়ামে ত্রিদিব কুসুম বড়ুয়া ও বেহালায় শ্যামল দারুণ স্বচ্ছন্দ ছিলেন। শব্দ নিয়ন্ত্রণ করেন মোহাম্মদ জসিম।