নাজিরহাট পৌরসভার কার্যক্রম শুরু হয়নি চার মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির দৌলতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ও সুয়াবিলের পাঁচ ওয়ার্ড নিয়ে নাজিরহাট পৌরসভা ঘোষিত হয় গত বছরের ২৮ সেপ্টেম্বর। এরপর চার মাস পেরিয়ে গেলেও এখনো পৌর কার্যক্রম শুরু হয়নি। ফলে বন্ধ আছে ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা ও সালিসের কার্যক্রম। জন্ম-মৃত্যু ও নাগরিকত্ব সনদ এবং ব্যবসার অনুমতিপত্র (লাইসেন্স) পেতেও পোহাতে হচ্ছে ভোগান্তি।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পৌরসভার প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। কিন্তু এখনো সচিব নিয়োগ দেওয়া হয়নি। ফলে পৌরসভা–সংক্রান্ত কাজে সবাইকে উপজেলা প্রশাসনে আসতে হচ্ছে। নাজিরহাট পৌর এলাকার ব্যবসায়ী মুহাম্মদ ইউসুফ জানান, একটি জন্মসনদের জন্য তাঁকে দুই মাস ধরে ঘোরাঘুরি করতে হচ্ছে। এখনো পাননি। কখন পাবেন তার নিশ্চয়তা কেউ দিতে পারছেন না।
সুয়াবিলের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ নেজাম উদ্দিন বলেন, সচিব নিয়োগ না দিলেও উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এই কাজগুলো সারা যায়। সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। এমনকি অস্থায়ী কার্যালয় পর্যন্ত করা হয়নি। ফলে মানুষের ভোগান্তি বাড়ছে।
দৌলতপুর ও সুয়াবিল ইউপি সূত্র জানায়, দৌলতপুর ইউনিয়নের নয় ও সুয়াবিলের পাঁচটি ওয়ার্ড মিলে জনসংখ্যা প্রায় ৭০ হাজার। দুই ইউনিয়ন পরিষদে প্রতিদিন গড়ে ৫০ জন বিভিন্ন সেবা নিতে আসতেন। এখন সব ধরনের সেবা বন্ধ।
সুয়াবিলের ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবু তালেব চৌধুরী বলেন, ‘পরিষদ ভেঙে নাজিরহাট পৌরসভা হয়েছে। তাই এখন এলাকার দায়িত্বে পৌর প্রশাসক। এসব কার্যক্রম তিনিই দেখবেন।’
এ প্রসঙ্গে নবগঠিত নাজিরহাট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘লোকবল নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌর শাখায় চিঠি লেখা হয়েছে। আশা করছি অল্প কয়েক দিনের মধ্যে এসব সমস্যা দূর হয়ে যাবে।
লোকবল না আসা পর্যন্ত সবাইকে একটু সবুর করতে হবে। তার পরও কিছু কাজ পরোক্ষভাবে চালানো হচ্ছে।’