নাজিরহাট-মাইজভান্ডার সড়কে গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ভোগের আরেক নাম নাজিরহাট-মাইজভান্ডার সড়ক। ফটিকছড়ির নাজিরহাট-মাইজভান্ডার সড়কের ঝংকার প্রেক্ষাগৃহ এলাকা থেকে বাজার পর্যন্ত পৌনে এক কিলোমিটার সড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে একাকার হয়ে যায়। দূর থেকে দেখলে মনে হবে একেকটি গর্ত যেন মিনি (ছোট) পুকুর। এতে যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নাজিরহাট বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। স্থানীয় লোকজন জানান, দীর্ঘ নয় বছর ধরে কার্যকর সংস্কারের অভাব এবং পানি নিষ্কাশনের জন্য নালা-নর্দমা না থাকায় বৃষ্টির সময় সড়কের এমন বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। নাজিরহাট বাজার ফটিকছড়ির দ্বিতীয় বৃহত্তম ব্যবসাকেন্দ্র। সরেজমিনে দেখা যায়, বিশেষ করে গোল মোহাম্মদ তালুকদার বাড়িসংলগ্ন এলাকা থেকে পশ্চিমে বাজার পর্যন্ত রাস্তায় বড় গর্তের সংখ্যা বেশি। সড়কের বিটুমিন, কংক্রিট, ইট উঠে হতশ্রী হয়ে গেছে। গর্তে পড়ে প্রায় সময় ইঞ্জিন বিকল হয়ে যানবাহন আটকে যায়। ফলে ব্যস্ততম এ সড়কে যানজট লেগেই থাকে।স্থানীয় সংস্কৃতিকর্মী লোকমান ছিদ্দিকী, বিদ্যালয়ের শিক্ষক বুদরুছ আলম, বেসরকারি উন্নয়নকর্মী জয়জিৎ তালুকদার, কলেজছাত্র মো. তসলিম উদ্দিনসহ অনেকেই জানান, দুরবস্থার কারণে এ সড়ক দিয়ে বিভিন্ন জায়গায় চলাচল করতে গিয়ে তাঁদের খুবই কষ্ট হয়। বাজারের ব্যবসায়ী শম্ভু কুমার শীল বলেন, পানি নিষ্কাশনের জন্য নালা-নর্দমা না থাকায় প্রতিবছর বৃষ্টির সময় সড়কটির বেহাল দশা হয়। এর প্রতিকারের উদ্যোগ না নেওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের দোষারোপ করেন তিনি। নাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার বলেন, ‘শুনেছি বড় মাপের প্রকল্প ছাড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কাজ করে না। সড়কটি এক কিলোমিটারের কম হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ সমিতির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সালামত উল্লাহ চৌধুরী বলেন, ‘সড়কটির দুরবস্থার কথা উপজেলা সমন্বয় কমিটির সভায় একাধিকবার জানানো হয়েছে। ইতিপূর্বে স্থানীয় সরকার বিভাগ থেকে তিন দফায় দুলাখ ৭৫ হাজার টাকার সংস্কারকাজ করা হয়েছে। যদিও তা সামান্য।’সূত্র জানায়, দীর্ঘদিন রাস্তাটি স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকলেও চার বছর আগে এটি সওজের কাছে হস্তান্তর করা হয়। ব্যস্ততম সড়কটি দীর্ঘদিন কেন মেরামত হচ্ছে না—প্রশ্ন করলে সওজের প্রকল্প কর্মকর্তা রবিউল হোসেন বলেন, ‘পর্যাপ্ত অর্থ না থাকায় সংস্কার সম্ভব হচ্ছে না।’ তবে শিগগিরই বরাদ্দ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. শামশুল আলম প্রথম আলোর এক প্রশ্নের জবাবে বলেন, ‘দৈর্ঘ্য কম হওয়ায় সমস্যা হচ্ছে। তবে, জেলা প্রশাসকের দপ্তর ইচ্ছা করলে এক কিলোমিটারের কম সড়ক মেরামতের উদ্যোগ নিতে পারে।’ উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত বলেন, ‘প্রকল্প প্রাক্কলন তৈরি করে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে, কিন্তু অনুমোদন মেলেনি। শেষতক বাজারের ব্যবসায়ী ও পথচারীদের দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা পরিষদের বাজার উন্নয়ন তহবিল থেকে ১০ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। তাড়াতাড়ি কার্যাদেশ ও মেরামতকাজ শুরু হবে।’