নাজিরহাটে সেতুর রেলিং ভাঙা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নাজিরহাটের কুম্ভারপাড়া এলাকার সেতুটি। ‘সরু সেতু’ নামে পরিচিত এ সেতুতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেখানে যান চলাচলে ঝুঁকি এড়াতে নির্দেশিকাফলক (সাইনবোর্ড) টানিয়ে দিয়ে দায়িত্ব শেষ করেছে। রেলিং সংস্কার না করায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।নাজিরহাট মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বশির উল্লাহ বলেন, সেতুর রেলিং ভেঙে যাওয়ায় কিছুদিন আগে একটি যাত্রীবাহী অটোরিকশা খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। এতে এক ব্যক্তি নিহত ও অপর চারজন আহত হয়। এ ছাড়া প্রায়ই ওই সেতু দিয়ে চলাচলের সময় বিভিন্ন যানবাহন দুর্ঘটনায় পড়ছে।স্থানীয় বাসিন্দা মো. নাসির উদ্দিন বলেন, ‘সেতুর রেলিং ভাঙা এবং সেতুটি তুলনামূলক সরু হওয়ায় গত এক বছরে কমপক্ষে ১৫টি দুর্ঘটনা ঘটেছে।’ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কের চাঁদের গাড়িচালক মো. ইদ্রিছ বলেন, ‘সেতুতে ওঠার আগেই জীবনের ঝুঁকি নিতে হয়। সৃষ্টিকর্তার নাম নিয়ে সেতুতে পাড়ি জমাই।’নাজিরহাট সড়কের বাসচালক মো. হাফিজ উদ্দিন বলেন, অতিরিক্ত বর্ষণ, ঘন কুয়াশা কিংবা গভীর রাতে যাতায়াতের সময় সাইনবোর্ডটি প্রায়ই দেখা যায় না। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।স্থানীয় দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ বলেন, ‘চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাটসংলগ্ন সেতুর রেলিংটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এতে যাত্রী ও জনসাধারণের উপকার হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ বলেন, ‘সেতুর রেলিংগুলো সংস্কার ও দেখাশোনা করার দায়িত্ব সওজের। বিষয়টি তাদের জানানো হবে।’সওজের উপবিভাগীয় প্রকৌশলী শফিউল্লাহ খান প্রথম আলোকে বলেন, সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কার্যাদেশ পেলেই রেলিংটির সংস্কার করা হবে। তাই, আপাতত দুর্ঘটনা এড়াতে ওই স্থানে ‘ঝুঁকিপূর্ণ সরু সেতু’ লেখা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।