নাজিরহাটের ঝংকার এলাকায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট থেকে প্রতিদিন চট্টগ্রাম ও খাগড়াছড়ি যাতায়াত করেন কয়েক হাজার যাত্রী। এ জন্য নাজিরহাটের ঝংকার মোড়ে প্রতিদিন প্রচুর যাত্রী সমাগম হয়। কিন্তু যাত্রীছাউনি ও গণশৌচাগার না থাকায় এখানে বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
স্ত্রী ও শিশুকে নিয়ে চট্টগ্রাম শহরগামী বাসের অপেক্ষায় থাকা নানুপুর গ্রামের আবদুল হালিম বলেন, ‘বসা তো দূরের কথা, বউ-বাচ্চা নিয়ে ভালোভাবে দাঁড়াব তেমন জায়গাও নেই। এত মানুষ এখানে যাওয়া-আসা করে কিন্তু শৌচাগার ও বসার জায়গা নেই। এটা কেমন কথা?’
নাজিরহাট থেকে মানিকছড়িতে নিয়মিত যাতায়াতকারী আইনজীবী মো. সেলিম উদ্দিন জানান, এখানে বাসের অপেক্ষায় রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে হয়। এটা কত কষ্টকর, তা কেবল ভুক্তভোগীরাই জানেন।
হানিফ পরিবহনের নাজিরহাট কাউন্টারের টিকিট বিক্রেতা মো. নজরুলও যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করলেন। তিনি বলেন, এখানে বাসের জন্য অনেক দূর-দূরান্ত থেকে যাত্রীরা এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন। যাত্রীছাউনি ও শৌচাগার হলে অনেকের দুর্ভোগ লাঘব হতো।
উপজেলার রোসাংগিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম বলেন, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে চলাচলকারী বাস, মিনিবাসসহ বিভিন্ন যানবাহন ঝংকার মোড় থেকে যাত্রী পরিবহন করে। যানবাহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করলেও যাত্রীদের সেবায় উদাসীন। যানবাহনের চালক ও চালকের সহকারীরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারও করেন।
নাজিরহাট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোহাম্মদ এসকান্দরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঝংকার এলাকায় একটি যাত্রীছাউনি ও শৌচাগার নির্মাণের জন্য উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) কাছে আবেদন করা হয়েছে। তাঁরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, ঝংকার এলাকায় যাত্রীছাউনি নির্মাণের বিষয়টি আমাদের পরিকল্পনা আছে। এ নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।