সূর্যকুমার সেন। ব্রিটিশ ভারতের প্রখ্যাত বিপ্লবী। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনসহ বহু বিপ্লবের অধিনায়ক। যিনি মাস্টারদা সূর্যসেন নামেই অধিক পরিচিত। তাঁর নেতৃত্বে সামান্য কয়েকটি রিভলবার নিয়ে বিপ্লবীরা চট্টগ্রাম পুলিশ লাইনে অবস্থিত অস্ত্রাগার দখল করেন। ১৯৩০ দশকের অগ্নিযুগের বিপ্লবগাথা নিয়ে খন্দকার মুর্তাজা আলী রচিত ও নির্দেশিত মাস্টার দা নাটক।
নাট্যাধারের মহড়াধীন এ প্রযোজনাটির কিছু অংশ গত ৩০ অক্টোবর সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রদর্শিত হয়। নাট্যাধারের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহড়া দেখার এ ব্যবস্থা। তবে মূল উপলক্ষ ছিল জিয়া হায়দার নাট্যপদক প্রদান। এ বছর চট্টগ্রামে নাট্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নাট্যাধার প্রবর্তিত এই পদক পেয়েছেন নাট্যজন শান্তনু বিশ্বাস।
নাট্যপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন সাইফুল আলম চৌধুরী, মশিউর রহমান, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, নাট্যকলা বিভাগের বর্তমান সভাপতি কুন্তল বড়ুয়া। এ ছাড়া অনুষ্ঠানে নাট্যপদকে ভূষিত শান্তনু বিশ্বাস এবং তাঁর স্ত্রী অভিনেত্রী শুভ্রা বিশ্বাস তাঁদের অনুভূতি জানান।
প্রধান অতিথি কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, শান্তনু বিশ্বাস চট্টগ্রামের নাট্যাঙ্গনে আধুনিক ও লোকজ নাট্যশৈলীর সমন্বয়ে নাট্যচর্চার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছেন। আমাদের নাটকের অঙ্গন তাঁর কাছে ঋণী।