
চারদিকে উৎসবের আমেজ। বিভিন্ন নাটকের স্থিরচিত্র শোভা পাচ্ছে ডিজিটাল প্রিন্টে। ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের ১৮ বছর পূর্তিতে এভাবে সাজানো হয়েছিল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) প্রাঙ্গণ। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী নাটকের মঞ্চায়ন ও বইয়ের প্রকাশনা উৎসব।
গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজনের প্রথম দিন ছিল বইয়ের মোড়ক উন্মোচন ও নাটকের মঞ্চায়ন। ইতালির নাট্যকার কার্লো গোলদোনির বিখ্যাত কমেডি নাটক দ্য সারভেন্ট অব টু মাস্টার্স–এর বাংলা অনুবাদ নওকর শয়তান মালিক হয়রান–এর মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন বইটির অনুবাদক ও ফেইমের পরিচালক অসীম দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার, কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও নাট্যকার ম সাইফুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পের জনপ্রিয় একটি ধারা হচ্ছে নাটক। নাটক সমাজকে পরিশীলিত করে। পাশাপাশি মানবিক, সুন্দর ও সুস্থ সাংস্কৃতিক আবহ তৈরি করতে ভূমিকা রাখে। ফেইমও সেই কাজ করে যাচ্ছে। গত ১৮ বছরে ফেইম ২২টি নাটক, ৫টি নৃত্যনাট্য ও ৩টি শিশুতোষ নাটক উপহার দিয়েছে।
কথামালার পর সন্ধ্যা সাতটায় মূল মঞ্চে মঞ্চস্থ হয় ফ্রানজ কাফকার মেটামরফসিস উপন্যাস অবলম্বনে অসীম দাশ নির্দেশিত নাটক অমৃতের সন্ধানে। বাংলায় মেটামরফসিস উপন্যাসের দুটি রূপান্তর—বুদ্ধদেব ভট্টাচার্যের পোকা ও শক্তি সেনগুপ্তের বিকার নাটককে অনুসরণ করেছেন নাট্যকার অসীম দাশ। মূল উপন্যাসে দেখা যায়, বিক্রয়কর্মী গ্রেগর সামসা একদিন হঠাৎ তেলাপোকায় পরিণত হয়। পরিবারের একমাত্র আয় উপার্জনকারী ব্যক্তিটির এমন করুণ দশায় কেউ সমব্যথী হয় না। বরং পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়ায় গ্রেগর। একসময় সবাই তার মৃত্যু কামনা করতে থাকে। অমৃতের সন্ধানে নাটকের মহীনও গ্রেগরের মতোই বিক্রয়কর্মী। তবে নাটকে তেলাপোকা হওয়ার বদলে সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। পোকা হোক বা না হোক—রোজগেরে মহীনও একসময় পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়।
আয়োজনের দ্বিতীয় দিন ৩০ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় টিআইসি মিলনায়তনে প্রদর্শিত হয় কার্লো গোলদোনির বিখ্যাত কমেডি নাটক নওকর শয়তান মালিক হয়রান। নাটকের মঞ্চ ও পোশাক পরিকল্পনা, অভিনয়—সবই ছিল মূলানুগ। সোয়া ঘণ্টার এই জমজমাট নাটক শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উপভোগ্য।
নাট্য আয়োজনের শেষদিন ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় টিআইসি মিলনায়তনে প্রদর্শিত হয় আলবেয়ার কামু রচিত ক্যালিগুলা। স্বৈরাচারী ও খেয়ালি শাসক ক্যালিগুলা খুন করে আনন্দ পান। অসম্ভবকে জয় করার চেষ্টায় অন্যকে খুন করেন। নিষ্ঠুরতা তাঁর বিনোদন। পৃথিবীর সব স্বৈরশাসকের মাঝেই যেন ক্যালিগুলাকে আবিষ্কার করা যায়। চরম নিষ্ঠুর হলেও একই সঙ্গে নিঃসঙ্গও তাঁরা।