রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীতে তাঁর রচিত বিসর্জন নাটকের ২০০তম প্রদর্শনী হয়েছে চট্টগ্রামে। রবীন্দ্রনাথের কোনো নাটকের এত বেশি প্রদর্শনী আর কোথাও কখনো হয়নি। এ ঘটনা শুধু চট্টগ্রামের নয়, সারা বাংলাদেশের নাট্যাঙ্গনের জন্যও গৌরবের ঘটনা। আর এই বিরল অর্জনের পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি তিনি তির্যক নাট্যদলের নেতা আহমেদ ইকবাল হায়দার। ‘আমি তো নাটক নিয়েই আছি। আমার কাজ তো একটাই।’ টিআইসিতে (থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম) মধুমালা নাটকের মহড়ার ফাঁকে কথা বলছিলেন তিনি। নাটক বলতে অভিনয় আর নির্দেশনা ছাড়াও মঞ্চের অন্তরালে যত রাজ্যের কাজ আছে, সবকিছুতেই হায়দারের ছোঁয়া থাকে। নিজেকে তাই অভিনেতা কিংবা নির্দেশক নয়, একজন সার্বক্ষণিক নাট্যকর্মী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। নাটক যেন তাঁর জীবনেরই অংশ। সেই হিসেবেই গত ৩৭ বছর ধরে নাটকের নির্দেশক, ডিজাইনার, সংগঠক ও পরিকল্পক হিসেবে কাজ করে যাচ্ছেন। এর পরও তাঁর মধ্যে রয়ে গেছে অতৃপ্তি। ছোটবেলা থেকে যে রকম নাটকের স্বপ্ন দেখে আসছেন, এখনো যেন স্বপ্নের দৃশ্যকাব্যটি রচনা করতে পারেননি। তিনি বলেন, ‘আমি স্বপ্ন দেখেছি অনেক কিছু, কিন্তু এখন পর্যন্ত তৃপ্তিটা পাইনি। দলে যখন কাজ করি তখন থেকে ভাবি দর্শক যেন আমাকে আলাদা ভাবে চেনে—সেটা ডিজাইনে হোক, অভিনয়ে হোক বা নির্দেশনায় হোক—একটা নিজস্বতা তৈরি করতে চেয়েছি। সফল কতটুকু হয়েছি, সেটা ভিন্ন জিনিস।’ ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে যুক্ত হতে শিল্পকলা একাডেমীতে স্বেচ্ছায় সংস্কারমূলক কাজ করেছেন। স্টুডিও থিয়েটার নির্মাণেও কাজ করেছেন। চট্টগ্রামে নাটকের অত্যাধুনিক মিলনায়তন থিয়েটার ইনস্টিটিউট নির্মাণের স্বপ্নটাও ছিল তাঁর এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সাহায্য নিয়ে শেষ পর্যন্ত গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠানটি। সিটি করপোরেশন কাজটির জন্য বরাদ্দ দিয়েছে ঠিকই কিন্তু কাজটি শেষ করার পেছনে তাঁরই ভূমিকা ছিল বেশি। থিয়েটার ইনস্টিটিউট সম্পর্কে তিনি বললেন, ‘ক্ষেত্র না থাকলে তো কাজ করা যায় না। তাই চট্টগ্রামে নাট্যচর্চার জন্য একটি ক্ষেত্র তৈরি করেছি। নাটক ছাড়া আমার আর কোনো কাজ নেই। থিয়েটার ইনস্টিটিউটে আমি আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে কাজ করছি। আমার নাটকের সঙ্গে এই কাজের সম্পৃক্ততা আছে বলেই এ কাজ বেছে নিয়েছি।’ নাটক বলি আর থিয়েটার ইনস্টিটিউট বলি, যে কাজে তিনি এখন ব্যস্ত, তার ক্ষেত্র কিন্তু তিনি নিজেই করেছেন। তিনি বলেন, ‘এখনকার একজন তরুণ যদি নাটকে কাজ করতে চায়, তার জন্য ক্ষেত্র প্রস্তুত আছে। আমাদের সময় তা ছিল না। আমাদের ক্ষেত্র আমাদের তৈরি করে নিতে হয়েছে।’ বিসর্জন নাটকের ২০০তম মঞ্চায়ন করেই ক্ষান্ত হয়নি তির্যক। তাদের আরেকটি উল্লেখযোগ্য প্রযোজনা রবীন্দ্রনাথের রক্তকরবী। সেটি শততম মঞ্চায়নের অপেক্ষায়। রক্তকরবী ও মুধমালা নাটক নিয়ে এখন ব্যস্ত আহমেদ ইকবাল হায়দার। এসব নাটক ছাড়া তাঁর অভিনীত নির্দেশিত উল্লেখযোগ্য নাটক হলো আততায়ী, সমাধান, ভোমা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, সহজ সরল পথ, স্মৃতি: ৭১, দ্বাররুদ্ধ, সমুদ্র পিপাসা, মার্চেন্ট অব ভেনিস, ডাকঘর, ইডিপাস, রাজা। তিনি গ্রুপ থিয়েটারে কাজ শুরু করেন ১৯৭৫ সালে। তির্যক দিয়েই। নাট্যচর্চার জন্য, সৃজনশীল কাজে নিজেকে নিবেদিত করার জন্য চট্টগ্রামকেই তিনি যথার্থ জায়গা বলে মনে করেন। তাই ঢাকা থেকে বিভিন্ন সময় নানা প্রস্তাব পেয়েও তিনি চট্টগ্রাম ছাড়ার কথা চিন্তা করেননি।। তবে চট্টগ্রামে কাজ করার নানা সীমাবদ্ধতার কথাও বললেন তিনি, ‘এখানকার কোনো নাট্যকর্মীকে স্থায়ীভাবে পাচ্ছি না। যার কারণে কোনো কাজে সন্তুষ্টির সাথে সমাপ্তি টানতে পারি না। কেউ বা বিভিন্ন পেশায় জড়িয়ে, কেউ বিয়ে করে নাটকের দল ছাড়ছেন। এখনো পেশাদারিত্বটা দাঁড়ায়নি। সেই কারণে ঢাকা থেকে পিছিয়ে আছি আমরা।’ নানা সীমাবদ্ধতা, নানা সংকটের মাধ্যমে চট্টগ্রামের নাটকের জগতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন হায়দার। তিনি মনে করেন সংস্কৃতির এক উর্বর জায়গা চট্টগ্রাম। সেই উর্বরতা আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে একদিন বাংলার মানুষের জন্য সাংস্কৃতিক তীর্থভূমিতে পরিণত করতে পারবেন এটাই তাঁর স্বপ্ন।