নাটকপাগল গিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই অন্যকে অনুকরণে পটু ছেলেটা। কেউ কাঁদলে তার মতো কাঁদা, কেউ হাসলে তেমনি হাসা। এমনকি বাড়ির পাশের ঝগড়াও হুবহু অনুকরণ! সবাই মজা পেত তা দেখে। তার এই অনুকরণই পরবর্তী সময়ে তাকে টেনে আনে অভিনয়ের দুনিয়ায়। তবে শুরুটা হয়েছিল নাটক লেখা দিয়ে। আশপাশের স্কুলের শিক্ষার্থীদের জন্য একক অভিনয়ের স্ক্রিপ্ট লেখা দিয়ে শুরু। এতে পুরস্কারও মিলত ছেলেপুলেদের। এরপর একদিন পুরো একটি নাটকই লিখে ফেলা। আর সেই নাটকে অভিনয়ের মাধ্যমেই অভিনয়ের শুরু। এরপর ২০০৭ সালে এলাকার অগ্রজদের সহায়তায় নিজের বন্ধুদের সঙ্গে মিলে ‘বন্ধন থিয়েটার’ নামে যাত্রা করে তাদের নাট্যদল। আর তার পর থেকেই চলছে তার অভিনয় আর স্ক্রিপ্ট লেখা এবং নির্দেশনার কাজ। বলছিলাম সুনামগঞ্জের নাটকপাগল ছেলে দেওয়ান গিয়াস চৌধুরীর কথা। সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই চলছে অভিনয়। আইনে পড়েও অভিনয়টা চালিয়ে আসছেন শুরু থেকেই। গিয়াস বলেন, ‘নাটকের কারণে নিয়মিত ক্লাস করা হতো না অনেক সময়। শিক্ষকেরাও বকা দিতেন। কিন্তু আবার অনেক সময় সংবাদপত্রে ছবি দেখে তাঁরাই বাহবা দিতেন। বলতেন, এগিয়ে যাও। ’নিজের লেখা নাটকের সংখ্যা ২৫টির মতো। যেখানে নির্দেশকও তিনি নিজেই। এ ছাড়া অভিনয় করছেন সেসব নাটকের অধিকাংশতে। এত প্রতিভা নিয়ে শুধু মঞ্চেই অভিনয় করছেন, টিভিতে নয় কেন? প্রশ্নটা শুনে যেন নড়েচড়ে বসলেন গিয়াস চৌধুরী। বললেন, ‘আমি মূলত নাটক করি আমার জেলার মধ্যে। তা ছাড়া এটা আমি করি অনেকটা শখের বশে। তাই টিভিতে অভিনয়ের কথা ভাবিনি।’ এ ছাড়া আমাদের দলটি নিয়েই অনেক ব্যস্ত সময় পার করতে হয়। তার ওপর আবার নিজের পড়াশোনা আছে। নিজের জেলার যেকোনো অনুষ্ঠানে উপস্থাপনার জন্য ডাক পড়ে তাঁর। হোক সে পয়লা বৈশাখ বা হাসন রাজার অনুষ্ঠান। উপস্থাপনা করেও নাকি আনন্দ পান তিনি। এরই মধ্যে এলএলবিতে (আইন) অনার্স শেষ করেছেন। তবে এতে বন্ধুদের অবদানও কম নয়। ‘তারা জানে, আমি অনেক ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। তাই পড়াশোনায় যেকোনো সহযোগিতায় তারা সবাই সাহায্য করে।’ বলছিলেন গিয়াস। ২০১১ সালে জেলা শিশু একাডেমী আয়োজিত প্রতিযোগিতায় একটি নাটকের নির্দেশনা দেন তিনি। ফলাফলে পেয়ে যান সেরা নির্দেশকের পুরস্কার। এ ছাড়া আমার কোরিওগ্রাফিতে গত চার বছর নিয়মিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুরস্কার পাচ্ছে শিক্ষার্থীরা। পাঠক, একজন শিক্ষার্থী কত কাজ করতে পারে, এই প্রশ্ন যদি মনে আসে, তাহলে তা ঝেড়ে ফেলুন। কারণ, তিনি স্কাউটেরও একজন নিয়মিত সদস্য। তবে সবকিছুকে ছাপিয়ে পড়াশোনার পাশাপাশি একজন নাট্যাভিনেতা পরিচয়টাকেই পছন্দ করেন তিনি। ভবিষ্যতে অন্য পেশায় গেলেও নাটক ছাড়বেন না বলেই জানান দৃঢ়ভাবে।