
প্রেম যখন বাস্তবের আয়নায় প্রতিফলিত হয়, তখন কেমন হয় এর পরিণতি? ভবিষ্যতের সংকটের আগাম সমাধানের চেষ্টা, নাকি সব বাধাকে উপেক্ষা করে দুটি হৃদয়ের মিলন। আদতে প্রেমের কাছে সব বাধাই তুচ্ছ। শুধু তা–ই নয়, উসকে দেয় মানুষের মনের ধর্মনিরপেক্ষ মানবিক আবেগ। প্রেমপত্র নাটক যেন সমাজ-বাস্তবতার বয়ান। নাটকে সবকিছুর ঊর্ধ্বে উঠে বারবার ঘোষিত হয়েছে মানব প্রেমের জয়গান।
১৯ ডিসেম্বর ব্লাড ক্যানসারে আক্রান্ত নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শামসুল ইসলামের চিকিৎসা তহবিল গঠনের লক্ষ্যে বেলা ১১টায় ও তিনটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ঢাকার নাট্যদল প্রাকৃতজন প্রযোজিত নাটক প্রেমপত্র মঞ্চায়ন হয়। ভৈকম মুহম্মদ বশীরের গল্প অবলম্বনে নাটকের নাট্যরূপ দিয়েছেন শ্যামল ভট্টাচার্য। নাটকটির নির্দেশনা করেছেন সেলিম রেজা।
নাটকের প্রধান চরিত্র রিচার্ড ও তটিনী। তাদের ঘিরেই আবর্তিত হয় নাটকের গল্প। সূত্রধর বলে যায় তাদের গল্প আর সেই ধারায় চলে অভিনয়। রিচার্ড একটি ব্যাংকে কেরানির চাকরি করে। সে তটিনীদের বাড়িতে ভাড়া থাকে। মনে মনে তটিনীকে ভালোবাসে আর তাকে চিঠি লেখে প্রতিদিন। কিন্তু তটিনীর দৃঢ় ব্যক্তিত্বের কাছে হার মানে, পৌঁছে না সেই চিঠি। এদিকে তটিনীর ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে। সেই থেকে সৎমায়ের নানা অত্যাচার সয়ে যাচ্ছে সে। একদিন সৎমায়ের অত্যাচার সহ্য করতে না পেরে তটিনী রিচার্ডের কাছে যায় তাকে যেন একটি চাকরি খুঁজে দেয়।
এরপর কাহিনি দ্রুত বদলায়। এদিকে রিচার্ডের চাকরির বদলি ঘটলে তটিনী জানায় সেও যেতে চায় সঙ্গে। যাওয়ার প্রশ্নে সংকট তৈরি হয় দুজনের মধ্যে। তাদের জীবনের বাধা হয়ে দাঁড়ায় ধর্ম। পরে তারা সিদ্ধান্ত নেয় তাদের পারস্পরিক চিন্তা, চেতনা ও বিশ্বাসে এগিয়ে যাবে সব বাধা পেরিয়ে। তাদের ভবিষ্যৎ প্রজন্ম অগ্রসর হবে সামাজিক প্রথা, গোঁড়ামি ও প্রচলিত ধারণা ভেঙে। সংলাপে ঠাসা, সাবলীল অভিনয় ও পরিকল্পিত নাট্যরূপে এই নাটকের কাহিনি এক অনন্য সামাজিক দলিল হয়ে ওঠে।
এই গল্পে রিচার্ড চরিত্রে সেলিম রেজা, তটিনীর চরিত্রে ফারজানা করিম এবং সূত্রধর চরিত্রে অভিনয় করেছেন রাফায়েল আহসান ও ফরহাদ হোসেন। মঞ্চ ও আলো পরিকল্পনায় কাজ করেছেন ফয়েজ জহির।