নাটকে লোকায়ত ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরিন্দমের দুতিয়ার চান নাটকের একটি দৃশ্য
অরিন্দমের দুতিয়ার চান নাটকের একটি দৃশ্য

নাটকের নাম দুতিয়ার চান। আলকুমারি আর ছয়ফুরের প্রেমের কাহিনি। কিন্তু কেবল প্রেমের কাহিনি নয়, অষ্টাদশ শতকে চট্টগ্রামের সমাজকাঠামোরও এক অনন্য ছবি পাওয়া যায় এই নাটকে। শুধু দুতিয়ার চান নয়, অরিন্দমের নাট্যোৎসবে নাটক কিংবা লোকগীতির মধ্য দিয়ে বারবারই নানা রূপ নিয়ে গ্রামবাংলার লোকায়ত চেহারা ফিরে এসেছে দর্শকদের সামনে।
৮ থেকে ১৬ মার্চ—এই নয় দিনব্যাপী শিল্পকলায় হয়ে গেল অরিন্দমের নাট্যোৎসব। এই নাট্য সংগঠনের ৪২ বছর পূর্তি উপলক্ষেই এমন আয়োজন। ১০ মার্চ সন্ধ্যায় উৎসবের তৃতীয় দিন মঞ্চস্থ হয় দুতিয়ার চান নাটকটি। নির্দেশনায় ছিলেন আকবর রেজা এবং রচনা করেন দীপংকর দে।
উৎসবে চট্টগ্রামের লোকজ আঙ্গিকের নাটক ও গানের পাশাপাশি ছিল বিভিন্ন অঞ্চলের লোকজ সংস্কৃতির পরিবেশনা। শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অরিন্দম উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অরিন্দম নাট্য সম্প্রদায়ের সভাপতি আকবর রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, অরিন্দম নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি শিশির দত্ত প্রমুখ। অনুষ্ঠানে অরিন্দমের প্রতিষ্ঠাতা সভাপতি সদরুল পাশা স্মরণে অভিনেত্রী সারা যাকেরকে প্রদান করা হয় ‘সদরুল পাশা স্মারক’। এরপরে উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চন্দনা মজুমদার।
উৎসবের দ্বিতীয় দিন মুক্তমঞ্চ মাতান চট্টগ্রাম আঞ্চলিক গানের শিল্পী প্রেম সুন্দর বৈষ্ণব ও নীলু চৌধুরী। এরপর মূল মঞ্চে উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট অবলম্বনে কবি নূরুল হুদা রচিত নীল সমুদ্রের ঝড় নাটকটি পরিবেশন করে কক্সবাজার থিয়েটার। নির্দেশনায় ছিলেন স্বপন ভট্টাচার্য।
উৎসবের তৃতীয় দিন মুক্তমঞ্চে শিমুল শীলের পরিবেশনায় ছিল চট্টগ্রামের মাইজভান্ডারি গান। চতুর্থ দিন অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রামের নাট্যাঙ্গনে মঞ্চ কলাকুশলীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। এরপরে বাউলগান পরিবেশন করেন ঢাকার শিল্পী আরিফ দেওয়ান। মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ঢাকার নাট্যদল প্রাঙ্গণেমোরের নাটক আমি ও রবীন্দ্রনাথ। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নূনা আফরোজ।
পঞ্চম দিন মুক্তমঞ্চ মাতান খুলনার শিল্পীরা। তাঁরা পরিবেশন করেন খুলনার ঐতিহ্যবাহী মধুগীত। খুলনার মধুগীতের পর মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় যশোরের বিবর্তন থিয়েটারের নাটক রাজা প্রতাপাদিত্য। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন আশীষ খন্দকার।
ষষ্ঠ দিন রাজশাহীর শিল্পীরা পরিবেশন করেন ‘নছিমন’ পালার গান। এরপর মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় বগুড়া থিয়েটারের নাটক দ্রোহ। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন তৌফিক হাসান ময়না।
সপ্তম দিন রংপুরের ভাওয়াইয়া গান করেন শিল্পীরা। এরপর মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় রংপুর নাট্য কেন্দ্রের নাটক শিখণ্ডী কথা। নাটকটি রচনা করেন আনন জামান ও নির্দেশনায় ছিলেন আর্য শশাঙ্ক।
উৎসবের অষ্টম দিন পরিবেশিত হয় সিলেটের শাহ আবদুল কিরম ও হাসান রাজার গান। এরপর মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় সিলেটের জীবন সংকেত নাট্য গোষ্ঠীর নাটক জ্যোতি সংহিতা। নাটকটি রচনা করেন রুমা মোদক এবং নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী।
উৎসবের শেষ দিনের শুরুতে মঞ্চ অভিনেত্রীদের দেওয়া হয় সংবর্ধনা। এরপর বরিশালের চারণ কবি মুকুন্দ দাসের গান পরিবেশিত হয়। মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ভোলা থিয়েটার পরিবেশন করে নাটক বীর পালা। নাটকটি রচনা করেন অতনু করঞ্জাই এবং নির্দেশনায় ছিলেন আনোয়ার শামীম।