নিপীড়ক আর নিপীড়িত এ দুটি শ্রেণী সব সমাজে আজও বিদ্যমান। এরা চায় পরস্পরকে বিনাশ করতে। এ দুই শ্রেণীর মানুষের দ্বন্দ্ব নিয়ে রচিত হয়েছে কথক থিয়েটারের নাটক করোটি। এটি এই নাট্যদলের তৃতীয় প্রযোজনা ও ৫২তম মঞ্চায়ন।
চীনের নাট্যকার ল্যু সুনের কাহিনি অবলম্বনে অমল রায় রচিত এ নাটকের মঞ্চায়ন হয় গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। নাটকের নির্দেশনায় ছিলেন শোভনময় ভট্টাচার্য।
প্রহসনধর্মী এ নাটকের কাহিনি আবর্তিত হয়েছে এক সন্ন্যাসীকে ঘিরে। সন্ন্যাসীর একটি বরের বদৌলতে করোটি থেকে পুনর্জীবন লাভ করে এক ব্যক্তি। সেই ব্যক্তির স্মৃতিশক্তির মাধ্যমে জানা যায় কীভাবে হাজার বছর ধরে শোষক ও শোষিতের দ্বন্দ্ব চলছে। বাংলায় রূপান্তরিত এই নাটকে পাকিস্তান আমল ও ঔপনিবেশিক শাসনকালে এ অঞ্চলের জনগোষ্ঠীর শোষণের চিত্র তুলে ধরা হয়। নাটকে দেখা যায় সাম্রাজ্যবাদী ব্যবস্থার কারণে এখনো কৃষক ও সাধারণ জনগণ শোষিত হচ্ছে। খাদ্য যেখানে বেঁচে থাকার মূল অবলম্বন, সেখানে একদল লোক খাদ্য উৎপাদনের উৎসস্থলগুলো দখল করে রাখছে। আর খাদ্যের অভাবে বেঁচে থাকার সংগ্রামে নামছে আরেক দল লোক। এভাবেই নিপীড়ক আর নিপীড়িত মানুষের চিরদিনের দ্বন্দ্ব দেখানো হয় নাটকে।
করোটি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার বিশ্বাস, মুহাম্মদ শাহ আলম, বাপ্পি বড়ুয়া, মোশাররফ হোসাইন, সৈকত নাথ, মোস্তফা কামাল, পিয়াস চৌধুরী, জলি মুখার্জি প্রমুখ।