নাটকে সাংস্কৃতিক বৈচিত্র্যের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকমাদের রাধামন–ধনপুদি প্রণয় আখ্যান অবলম্বনে নির্মিত নাটক ধনপুদির একটি দৃশ্য
চাকমাদের রাধামন–ধনপুদি প্রণয় আখ্যান অবলম্বনে নির্মিত নাটক ধনপুদির একটি দৃশ্য

পাহাড়ি গ্রামের দুই তরুণ-তরুণী রাধামন ও ধনপুদির দিন কাটে জুম খেতে হাসি-আনন্দে। তবু তরুণ রাধামন রাখে না ধনপুদির মনের খবর। একদিন খুব অপরূপ সুন্দরী ধনপুদি জলভরা কলসি কাঁখে নিয়ে হাজির হয় রাধামনে বাড়ির সামনে। চাকমাসমাজে অবিবাহিত তরুণীরা এভাবে কলসি নিয়ে পছন্দের পুরুষের বাড়ি যাওয়ার অর্থ হলো ঘর বাঁধার প্রস্তাব।
রাধামন-ধনপুদির প্রেমগাথা যুগ যুগ ধরে প্রচলিত আছে চাকমা সমাজে। তারই রূপায়ণ দেখা গেল নাটক ধনপুদিতে। রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মঞ্চে ৩ মার্চ নাটকটি মঞ্চায়ন করে রাঙামাটির জুমফুল থিয়েটার। রচনা ও নির্দেশনায় ছিলেন তরুণ নাট্যকার নিরূপম চাকমা। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে ৩ মার্চ শুরু হওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী নাট্যোৎসবের উদ্বোধনী দিনেই প্রদর্শিত হয় এই নাটক। উদ্বোধনী দিন থেকে ৬ মার্চ শেষ দিন পর্যন্ত দর্শকে ঠাসা ছিল মিলনায়তন। চার দিনব্যাপী এ নাট্যোৎসবে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার ভাষায় রচিত ও অনূদিত আটটি নাটক মঞ্চস্থ হয়। তবে চাকমা নাটক ধনপুদি দর্শকদের অনুরোধে মঞ্চস্থ হয়েছে দুবার।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে এই নাট্যোৎসবের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম।
উদ্বোধনীর দিন ধনপুদির পাশাপাশি মঞ্চস্থ হয় চাগা থিয়েটার আর্টসের মারমা নাটক স্বাইতিক স্বাং। এর পরদিন ৪ মার্চ খাগড়াছড়ি য়ামুক নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ত্রিপুরা নাটক আপেলা ও বান্দরবান ত্রিপুরা লোক নাটক হকচিনি আড়ং। ৫ মার্চ রাঙামাটি ফুরমোন জুম্ম সাংস্কৃতিক নাট্যগোষ্ঠীর পরিবেশনায় চাকমা নাটক মানেই জিংকানি ও রাজশাহী মানওয়া নাট্যদলের পরিবেশনায় সাঁওতাল নাটক সাঁওতা অৗরি পরিবেশিত হয়। উৎসবের শেষ দিন ৬ মার্চ মঞ্চস্থ হয় চাকমা নাটক আক্কলর শাস্তি ও মৌলভীবাজারের মণিপুরি থিয়েটারের পরিবেশনায় মণিপুরি নাটক লেইমা।
উৎসবের বোদ্ধা দর্শকদের ভাবিয়েছে মণিপুরি থিয়েটারের লেইমা। স্পেনের কবি ফেদেরিকো গারসিয়া লোরকার ইয়ের্মা নাটকের রূপান্তর এটি। রূপান্তর ও নির্দেশনায় ছিলেন কবি শুভাশিস সিনহা। নাটকের মূল চরিত্র লেইমার ভূমিকায় অনবদ্য অভিনয় করেন জ্যোতি সিনহা।
নাটকে দেখা যায়, সন্তানের জন্য লেইমা মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু স্বামী জয় এ বিষয়ে একেবারে উদাসীন। সে নিজের আর্থিক অবস্থার উত্তরণের ইচ্ছাও হারিয়ে বসে। এমন টানাপোড়েনের মাঝেই লেইমা খুন করে বসে তার স্বামীকে। মণিপুরি নাট্য আঙ্গিক ও পাশ্চাত্য রীতির সংমিশ্রণে পরিবেশিত দেড় ঘণ্টার এই নাটক মুগ্ধ হয়ে দেখেছে দর্শক।