নাটকের উৎসব নাট্যপার্বণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম আল দীন মুক্তমঞ্চে মনিপুরী থিয়েটারের নাটক ‘ইঙাল আঁধার পালা’। ছবি: লেখক
সেলিম আল দীন মুক্তমঞ্চে মনিপুরী থিয়েটারের নাটক ‘ইঙাল আঁধার পালা’। ছবি: লেখক

পৌষের মাঝামাঝি এসেও ঢাকায় যেখানে শীতের তেমন প্রকোপ নেই, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শীত জাঁকিয়ে বসেছে আগেই। ক্যাম্পাসজুড়েই কেমন হিমহিম ভাব! শীতের রেশ ধরেই ‘রৌদ্রস্নাত দিনে হোক নব সূর্যের নির্মাণ’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করেছিল ‘নাট্যপার্বণ-২০১৭’।

বছরের প্রথম দিন থেকে শুরু হয়ে নাট্যপার্বণের পর্দা নেমেছে ৬ জানুয়ারি। এই ছয় দিনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে রোজ সন্ধ্যায় একটি করে নাটক মঞ্চস্থ হয়। জাহাঙ্গীরনগর থিয়েটার ও বিশ্ববিদ্যালয়ের বাইরের আরও কয়েকটি থিয়েটার মিলে নাটকগুলো মঞ্চস্থ করে। সেখানে দুটি পরিবেশনা ছিল আয়োজক জাহাঙ্গীরনগর থিয়েটারের।

নাট্যপার্বণ কী, কেনই বা এই আয়োজন? এ প্রসঙ্গে কথা বলতে গেলে জাহাঙ্গীরনগর থিয়েটারের কর্মীরা জানান, প্রায় সারা বছরই ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে তাঁরা মঞ্চনাটক পরিবেশন করেন। অন্যান্য নাট্যদলগুলোর কাজ সম্পর্কে জানতেই এই আয়োজন। এর মাধ্যমে ক্যাম্পাসের বাইরের নাট্যদলগুলোর সঙ্গে একটা বন্ধন তৈরি হয়। এটি তাঁদের থিয়েটারের বার্ষিক উৎসবও।

এ তো গেল নাট্যকর্মীদের বক্তব্য। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা কী ভাবছেন? ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুনুর রশীদ বলেন, ‘মুক্তমঞ্চে নাটক হলে সময় পেলেই দেখি। আর নাট্যপার্বণের মতো আয়োজন আমার মতো দর্শকের জন্য একটা দারুণ সুযোগ। সব সময় তো আর মঞ্চনাটক দেখার সুযোগ হয় না।’

সুদূর ময়মনসিংহ থেকে এবারের নাট্যপার্বণে ভানু সুন্দরীর পালা নাটকটি নিয়ে এসেছিল অন্বেষা থিয়েটার। তাঁদের পরিবেশনা দেখতে নাট্যপার্বণের তৃতীয় দিনে সেলিম আল দীন মুক্তমঞ্চে ভিড় করেছিলেন শিক্ষার্থীরা। এত দর্শক দেখে নাট্যকর্মীরাও ভীষণ খুশি। অন্বেষা থিয়েটারের এক কর্মী বলছিলেন, ‘এখানে এসে মনে হলো, মঞ্চনাটকের দর্শক কমেনি। সুযোগ হয় না বলেই লোকে নাটক দেখেন না। সারা দেশে নাট্যপার্বণের মতো আয়োজনই মঞ্চনাটককে প্রাণ দিতে পারে।’ ক্যাম্পাসের বাইরের নাট্যসংগঠনগুলোর মধ্যে অন্বেষা থিয়েটার ছাড়াও উৎসবে নাটক পরিবেশন করেছে মণিপুরী থিয়েটার, তিরন্দাজ রেপারেটরী থিয়েটার ও পাবনার সমন্বয় থিয়েটার।