নাটকের গানে ইতিহাসের আখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংস্কৃতিক সংগঠন চেরাগী পথের হাট আয়োজিত অনুষ্ঠানে নাটকের গান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা
সাংস্কৃতিক সংগঠন চেরাগী পথের হাট আয়োজিত অনুষ্ঠানে নাটকের গান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা

‘শোন শোন হে বিশ্বজন, শোন শোন হে অমৃতের পুত্র যত/ দেববান দিব্যবানবাসী, আমি জেনেছি তাহারে, আমি জেনেছি তাহারে, মহান্ত পুরুষ যিনি/ আঁধারের পরে জ্যোতির্ময়, তাঁর পানে চেয়ে/ মৃত্যুরে লঙ্ঘিতে পারি অন্য পথ নাহি...’
তাপস চক্রবর্তী রচিত প্রীতিলতা নাটকের এই সংলাপ যেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের দিনগুলো আরও একবার ফিরিয়ে আনল চেরাগী পাহাড়ের চত্বরে।
১৫ জানুয়ারি সন্ধ্যায় নগরের চেরাগী পাহাড়ে সাংস্কৃতিক সংগঠন চেরাগী পথের হাটের উদ্যোগে নাটকের গান নিয়ে আয়োজন করা হয় ভিন্নধারার এক সংগীত আসরের। ‘সভ্যতার নিনাদ’ শিরোনামে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। আয়োজনে নাটকের গান ছাড়াও ছিল পাঠ ও আবৃত্তি। গান, পাঠ ও অভিনয়ের সার্বিক নির্দেশনাও দিয়েছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।
এক ঘণ্টার এই অনুষ্ঠানে ব্রিটিশবিরোধী আন্দোলন, দেশবিভাগ, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা–পরবর্তী সময়কাল নিয়ে রচিত নানা নাটকের গান ও সংলাপ শোনান নবীন অভিনয় শিল্পীরা। পদ্মাবতী, কাজলরেখা, রমেশ শীল, প্রীতিলতা, কমরেড হাত নামান, মিছিল ও ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল নাটকের গান নিয়ে সাজানো হয়েছিল এই আয়োজন।
গীতি–আলেখ্যর ঢঙে সাজানো এই আসরে ছিল মঞ্চের আবহ। নানা নাটকের গানের কথা এক সুতায় গেঁথে অনুপম এক মুহূর্ত তৈরি করেন নাট্যশিল্পীরা। ‘নিষ্কণ্টক আপসে বেঁচে থাকতে হয়’ এমন সংলাপ দিয়ে আলেখ্যর সূচনা করেন শওকত আলী। এরপর সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘প্রণমহ গণপতি বিঘ্ন হন্তা মহামতি’, ‘মনরে তরাইয়া লহ আমারে’ ও ‘পাষাণ মনরে আমার’ শিরোনামে তিনটি গান।
যাত্রাপালার ঢঙে মামুনুল হক পরিবেশন করেন ‘ইতিহাসের ধারাপাতে আমরা প্রভাবিত হই চিরকাল’ শিরোনামে সংলাপ। এরপর ‘কতজন তুলেছিল মাথা’ সংলাপটি শোনান নাজমুল হুদা। সংলাপের পর সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘খোকা ঘুমাল পাড়া জুড়াল বর্গি এল দেশে’ গানটি।
বেশ কয়েকটি পরিবেশনার পর সিকান্দার আবু জাফরের ‘মাগো ওরা বলে’ কবিতাটি আবৃত্তি করলেন সারাবান তাহুরা। এরপর সমবেত কণ্ঠে ছিল ভাষা আন্দোলন নিয়ে বিখ্যাত গান ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’। এটির পর একাত্তরের উত্তাল সময়ের ঘটনা নিয়ে অভিজিৎ বড়ুয়া গাইলেন ‘কে তরী অকূলে ভাসল’ গানটি।
দেশ স্বাধীন হওয়ার পর আবার পরাজিত শক্তিরা এল ক্ষমতায়, জায়গা করে নিল মন্ত্রিসভায়ও। সে সময়ের কথা স্মরণ করে শিল্পীরা গেয়ে উঠলেন ‘আজব দেশরে ভাই, রাজাকার মন্ত্রী হয় স্বাধীন বাংলায়’। সব মিলিয়ে ১০টি নাটকের গান ও সংলাপ ছিল মনমাতানো এই পরিবেশনায়।