হাসিকান্না এবং বিভিন্ন বাধা পেরিয়ে দুজন যুবকের ভালোবাসার গল্প নিয়ে মঞ্চে চলছে পরিবেশনা। দর্শক চুপ করে তাকিয়ে আছে মঞ্চের দিকে। নীরবতা। শুধু শোনা যাচ্ছে সংলাপ। মজার মজার সব সংলাপে দর্শক মাঝেমধ্যে হাততালি দিচ্ছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনে অ্যান্ড ড্রামা ক্লাবের নাটক বলে কথা।১৫ ও ১৬ মার্চ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সিনে অ্যান্ড ড্রামা ক্লাবের নতুন প্রযোজনা আইরিশ লেখক অস্কার ওয়াইল্ডের নাটক দ্য ইম্পরটেন্স অব বিং আর্নেস্ট মঞ্চায়ন হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এর আগে শিল্পকলা একাডেমীতে ২৮ ফেব্রুয়ারি একই নাটক মঞ্চায়িত হয়।এই নাটকটির সবচেয়ে আকর্ষণীয় উপাদান হলো এর হাস্যরস। ১৯৮০ সালের দিকে ইংল্যান্ডে বসবাসকারী দুজন যুবকের প্রেমের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে দ্য ইম্পরটেন্স অব বিং আর্নেস্ট নাটকটি।হাস্যরসমিশ্রিত এ নাটকে রয়েছে এক রোমান্টিক গল্প যার সঙ্গে অসংগতির ব্যঙ্গাত্মক উপস্থাপনা এবং সমাজের প্রতি ইঙ্গিতপূর্ণ কিছু বার্তা নাটকটিকে করে তুলেছিল অসাধারণ। এটি ছিল তাদের ৩৫তম প্রযোজনা।নাটকটির মূল আমেজ ধরে রেখে সমসাময়িক সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে অভিনেতাদের কিছু সংলাপ দর্শকদের আরও কাছে নিয়ে আসে। এ সময় দর্শকেরা করতালির মধ্য দিয়ে স্বাগত জানান অভিনেতাদের।‘গত ১২-১৩ বছরের প্রচেষ্টায় ক্লাবটিকে আজ এখানে আনতে সক্ষম হয়েছি। এই ক্লাব থেকে যেসব ছেলেমেয়ে কাজ করে বাইরে বের হয়ে যাচ্ছে, বাইরে গিয়ে তারা বেশ ভালো করছে। অনেক ইংরেজি নাটক ছাত্ররা বাংলায় অনুবাদ করে তা দিয়ে নাটক করছে। নতুন ছেলেমেয়েদের দিয়ে কাজ করেছি কিন্তু নাটক দেখে মনে হবে তারা পুরোনো অভিনেতা।’ বলছিলেন এনএসইউ সিডিসির উপদেষ্টা আবদুস সেলিম।সব মিলিয়ে অনেক ভালো হয়েছে। নতুনদের ভালো করতে নাটক করার আগে ওয়ার্কশপ করানো হয়েছিল। তারা নাটকটির জন্য দুই মাস রিহার্সাল করেছে। ছুটির দিনসহ প্রতিদিন চার-পাঁচ ঘণ্টা কাজ করতে হয়েছে তাদের। এমন প্রচেষ্টায় তাদের এই পরিবেশনাটিও সুন্দর হয়েছে বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ও দ্য ইম্পরটেন্স অব বিং আর্নেস্ট-এর পরিচালক সুদীপ্ত চক্রবর্তী। নাটকটি অনুবাদ করেছেন আরিফুর রহমান। সেট, আলো আর সাজসজ্জায় সহায়তা করেছেন ফাহমিদা সুলতানা ও ফারহানা খানম।‘আমাদের এই নাটকে ১১ জনের চারজন ছিল একেবারে নতুন। এ জন্য একটু ভয়ে ছিলাম। কিন্তু তারা অসাধারণ পরফর্ম করেছে। আমি বলব, এটা আমাদের ক্লাবের জন্য ইতিহাস হয়ে থাকবে।’ বলছিলেন এনএসইউ সিডিসির সভাপতি তিশা। নাটকে সবার ছাড় দেওয়ার মানসিকতার জন্য তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের রুদমিলার ছিল নিউমনিয়া। সে এ অবস্থায় নাটকে অংশ নিয়েছে। নাটকপাগল বলেই এটা সম্ভব হয়েছে, বলছিলেন দীপ।নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌরভ, মাহী, মাহদী, ইসাবা, পিনাশ, রাত্রি, ইমরান, তিশা, তানিম ও রোদমিলা। এই শিক্ষার্থীদের সুবাদে বেশ কিছু মৌলিক বা লোকনাটকের পাণ্ডুলিপি থেকে শুরু করে বিশ্বখ্যাত নাট্যকারদের পাণ্ডুলিপির বাংলাদেশে প্রথম মঞ্চায়ন দেখার সুযোগ হচ্ছে আমাদের। কমেডি, থ্রিলার, অ্যাবসার্ড থেকে লোকপ্রেমের গল্প সবই স্থান পেয়েছে তাদের পরিবেশনায়। সামনের দিনগুলোতেও ভিন্নধর্মী এই দলটি এভাবেই আমাদের মঞ্চে নতুন সব সৃষ্টি নিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা, বলছিলেন নিয়মিত নাটক দেখা এনএসইউর বিবিএর শিক্ষার্থী আতিক ফয়সাল।