‘শিল্পের জন্য শিল্প নয়, জনগণের জন্য শিল্প’ স্লোগানে নাট্যদল তির্যকের পথচলা শুরু হয়েছিল ৩৬ বছর আগে, ১৯৭৪ সালে। নানা সংকট পথচলায় কাঁটা বিছালেও বড় গৌরবে মাথা উঁচু করেই তিন যুগ পূর্তি করেছে সংগঠনটি। ১৬ মে নগরের জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারিতে হয়ে গেল তির্যক নাট্যগোষ্ঠীর ৩৬ বছর পূর্তি অনুষ্ঠান। সন্ধ্যা সাতটায় প্রবীণ সদস্যদের স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্মৃতিচারণ করতে গিয়ে ইশতিয়াক বাবু ও জাহাঙ্গীর কবীর ফিরে যান যৌবনের দিনগুলোতে। তাঁরা শোনান নাটকের ভেলা ভাসিয়ে দুঃসাহসিক সেই অভিযাত্রার গল্প। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, কবি এজাজ ইউসুফী ও অরিন্দমের মনির হেলাল। মাহবুবুল হক দেশের থিয়েটার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখায় তির্যককে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় শিল্প-সাহিত্যের বিকাশ ও ঐতিহ্য সমুন্নত রেখে নাট্যচর্চার আহ্বান জানান। মনির হেলাল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন কোনো ভালো নাট্যকার বা কোনো ভালো নাটক উপহার দিতে পারেনি।’অনুষ্ঠানে কবি কাজী মোতাহের হোসেনকে লেখা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি চিঠি শোনান অরুণ ভদ্র। শেষে দলের নবীন ও প্রবীণ কর্মীরা তির্যকের নাটক স্বপ্নপথ, ভোমা, তীর্থযাত্রা, লজ্জার চুম্বকাংশ-এর অংশবিশেষ মঞ্চস্থ করেন। গান করে সংগীত ভবনের শিল্পীরা। সবশেষে কেক কাটা হয়, বিতরণ করা হয় মিষ্টান্ন। আর ছিল দেশি গানের সঙ্গে নাচের আনন্দ। তির্যকের সদস্যরা জানান, রবিউল আলম, আলী আনোয়ার মোল্লা, কামরুল ইসলাম, খালেদা ফেরদৌস, এসএম কামাল উদ্দিনের প্রচেষ্টায় গঠিত হয়েছিল ঐতিহ্যবাহী ও সবচেয়ে সফল নাট্যদলটি। এ পর্যন্ত তির্যক ৩১টি নাটক মঞ্চস্থ করে। জননীর মৃত্যু চাই ছিল তির্যকের প্রথম পরিবেশনা।