নাটকের মানুষটিকে মনে রাখবে চট্টগ্রাম শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যজন মাহবুব হাসান চলে গেলেন না ফেরার দেশে। মাস চারেক আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বড় কষ্ট পাচ্ছিলেন। এ ছাড়া আগে থেকেই তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। তাঁর বয়সও হয়েছিল প্রায় ৮১ বছর।শৈশবে একবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন তিনি। কোনো এক সহূদয় ব্যক্তির সহায়তায় সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন বলেই চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গন তাঁর মতো উজ্জ্বল ব্যক্তির সংস্পর্শে সমৃদ্ধ হয়েছে।জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘ছোটবেলায় সিরাজগঞ্জে একবার বড়শি দিয়ে মাছ ধরার সময় পুকুরে ডুবে মরতে বসেছিলাম। এক লোক আমাকে উদ্ধার করেন। সেদিন তিনি আমাদের উদ্ধারে এগিয়ে না এলে আজ আমার এই অস্তিত্ব হয়তো থাকত না।’ মাহবুব হাসানের বাবা মোহাম্মদ মহসীন ছিলেন সরকারি কর্মকর্তা, ব্রিটিশ আমলের সাব ডেপুটি ম্যাজিস্ট্রেট। দাদা মুন্সি মেহেরুল্লাহ ছিলেন ইসলাম প্রচারক। গ্রামের বাড়ি যশোর জেলার সাথিয়ানতলা—যেটি এখন তাঁর দাদার নামে মেহেরুল্লা নগর নামেই পরিচিত। এক ভাই, দুই বোন। বাবার চাকরিস্থল রাজশাহী জেলার গোদাগাড়ীতে তাঁর জন্ম ১৯৩০ সালের ২৪ জুলাই। বাবার চাকরির কারণে তাঁকে বিভিন্ন জেলায় থেকে পড়ালেখা করতে হয়েছে। ১৯৪৯ সালে বাবার সঙ্গে চট্টগ্রামে এসে ভর্তি হন চট্টগ্রাম কলেজে। সেখান থেকেই স্নাতক ডিগ্রি লাভ করেন ১৯৫২ সালে। পেশাগত জীবনে তিনি নানা চাকরি ও ব্যবসার স্বাদ নিয়েছেন। কিন্তু কোথাও স্থির থাকতে পারেননি। কারণ, নাটক তাঁকে বারবার হাতছানি দিয়ে কাছে টেনে নিয়েছে। শেষ পর্যন্ত নাট্যশিল্পেই তাঁর স্থিতি এবং এতেই সফলতা ও স্বস্তি পেয়েছেন। শেষ চাকরিজীবনও কেটেছে রেডিওতে নাট্যপ্রযোজক হিসেবে। আবৃত্তি এবং সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার পেছনেও রেখেছেন প্রশংসনীয় ভূমিকা। তাঁর কথা, ‘নাটক করতে না পারলে যেন কিছুই ভালো লাগে না। অবশেষে সব ছেড়ে চলে এলাম রেডিওতে। সেখানে নাটক হলো, চাকরিও হলো, তাই মানিয়ে নিতে অসুবিধা হলো না। রেডিওতে ১৯৭২ সালে নাট্যপ্রযোজক পদে যোগ দিই। ১৯৯৮ সালে অবসরে আসি। অবশ্য ১৯৭২ সালের আগেও রেডিওতে নাট্যপ্রযোজনার কাজ করেছি অনিয়মিতভাবে।’নাটকের প্রতি যে তাঁর নাড়ির টান, সে সম্পর্কে বলেছিলেন, ‘শিশুকাল থেকেই আমার খুব ঝোঁক ছিল নাটকের প্রতি। ছোটবেলায় যখন দিনাজপুর জেলার বালুরঘাটে ছিলাম, তখন সেখানে অনুষ্ঠান করতে আসে ভোলানাথ অপেরা পার্টি। আমাদের বাসার সামনেই প্যান্ডেল টানিয়ে তাদের যাত্রানুষ্ঠান দেখে আমার অসম্ভব ভালো লেগেছিল। যাত্রা অনুষ্ঠান রাতে শুরু হয়ে ভোর রাতে শেষ হতো। শিল্পীদের দেখার জন্য আমরা অধীর হয়ে থাকতাম। সেখান থেকেই আমার অভিনয়ের দিকে যাওয়ার আগ্রহ জন্মে। আড্ডাবাজ ছিলাম, তবে সেই আড্ডায় পড়াশোনার চেয়ে যাত্রা, থিয়েটার—এগুলোরই ছিল প্রাধান্য।’ মাহবুব হাসানের তারুণ্য ও আনন্দময়-রোমাঞ্চকর সময় শুরু চট্টগ্রাম কলেজে ভর্তি হওয়ার পর থেকে। আজিজ মিছির, আবু মোহাম্মদ শাহাবুদ্দিন, মহিউল ইসলাম, কামাল উদ্দিন, রমেন মজুমদার, মৃণাল কান্তি দস্তিদার, আসাদুজ্জামান, গোপাল বিশ্বাস, সুনীল চক্রবর্তী, পূর্ণেন্দু দস্তিদার, দেবেন সিকদার, চৌধুরী হারুণ অর রশিদ, ফকির আহমদসহ সমমনা অনেক বন্ধু-সহযাত্রীর সন্ধান পান তিনি। মূলত পঞ্চাশের দশকে মাহবুব হাসানদের সময়টা ছিল চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের বিকাশের গৌরবময় সময়। মাহবুব হাসান বোয়ালখালীর কানুনগোপাড়া, সারোয়াতলী, পটিয়া সদর, কেলিশহর, বাঁশখালীর ছনুয়া ইত্যাদি এলাকায় গিয়েও অভিনয় করেছেন। ১৯৫২ সালে তাঁরা প্রান্তিক নবনাট্য সংঘ নামে একটি সংগঠন করেন। মাহবুব হাসানের কাছেই জানা যায়, তিনি প্রায় ২০০ নাটকে অভিনয় করেছেন। তিনি রেডিওতে চাকরি করার সময় ৫০টির বেশি নাটক লিখেছেন। চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের সেই সময়ের ঘটনাপ্রবাহ, ইতিহাস ইত্যাদি নিয়ে চট্টগ্রামে সাংস্কৃতিক আন্দোলন প্রগতিশীল ধারা নামে একটি বইও (সংকলিত) প্রকাশ করেছেন তিনি। একাত্তরের মার্চের উত্তাল দিনগুলোতে চট্টগ্রামে অবস্থানরত নাট্যকর্মীদের আন্দোলনের অন্যতম সহযাত্রী ছিলেন তিনি। পাকিস্তানি সামরিক শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে ১৫ মার্চ লালদীঘির মাঠে গণসংগীত এবং এবারের সংগ্রাম নাটকে অংশ নেন। মমতাজ উদ্দিন আহমদের এবারের সংগ্রাম নাটকে অভিনয় করেন বাদশাহ চরিত্রে।১৬ মার্চ থেকে পরবর্তী সময়ে আরও কয়েক দিন ধরে নাটকটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক মোড় ছাড়াও রাঙ্গুনিয়া ও বোয়ালখালীতে মঞ্চস্থ হয়। ২৪ মার্চ চকবাজার প্যারেড ময়দানে মমতাজ উদ্দিন আহমদের স্বাধীনতার সংগ্রাম নাটকেও অভিনয় করেন তিনি। ওই নাটকে পাকিস্তানিদের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করা ও পাকিস্তানি সৈন্যদের মারার দৃশ্য ছিল। আর্থিক বা বৈষয়িক কোনো কিছু অর্জনের জন্য নয়—জনআকাঙ্ক্ষাকে নাটকে রূপ দেওয়ার মাধ্যমে সমাজকে সচেতন করার তাড়না থেকে কাজ করেছেন তিনি। তাঁর ভাষায়, ‘আমরা নাটক করেছি, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছি স্বার্থ ছাড়াই। এখন সবাই ব্যবসায়ী হয়ে গেছেন। আমরা যখন নাটক করতাম তখন গাড়ি-বাড়ির কথা ভাবিনি। আর এখন গাড়ি ছাড়া নাটকপাড়ার লোকজনের জীবনই যেন অচল!’ নাট্যজন মাহবুব হাসান বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন বেশ কিছু। জনগণের ভালোবাসাও পেয়েছেন অকুণ্ঠ। মৃত্যুর পর তাঁর বাসা, টিআইসি (থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম) এবং জানাজায় সর্বস্তরের মানুষের উপস্থিতিই তাঁর সাক্ষ্য বহন করে। নাটকের এই মানুষটিকে চট্টগ্রামের মানুষ মনে রাখবে দীর্ঘদিন।