নাটোরে আজাদের সংগ্রহশালা

ছয়টি পিতলের পাত্রে ভরা ধনদৌলত। সেগুলো পাহারা দিচ্ছে দুটি বিষধর সাপ। লোভে পড়ে কেউ হাত বাড়ালে আর রক্ষা নেই। কল্পকাহিনির অনুকরণেই সাজানো সংগ্রহশালা। তবে পাত্রভরা দামি জিনিস থাকলেও সাপগুলো প্লাস্টিকের। সেটার নাম দেওয়া হয়েছে রত্নভান্ডার। এই রত্নভান্ডার ছাড়াও নানা দুর্লভ জিনিসের সংগ্রহ রয়েছে সেখানে। আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ধাতব মুদ্রাসহ ১৭৬ দেশের মুদ্রা, ১৩০ বছর আগের কাঠের খড়ম, ১৭০ বছর আগের কাঠের ঢেঁকি, ১৯০ বছর আগের রুপার তৈরি মাজার বিছাসহ প্রায় ২ হাজার প্রাচীন নিদর্শন। এসব কিছুই দেখা যাবে ‘প্রীতম-প্রীয়ন্তী’ সংগ্রহশালায়।

শখের বসে এমন প্রাচীন ও দুর্লভ জিনিসের সংগ্রহশালা গড়ে তুলেছেন আবুল কালাম আজাদ তালুকদার। নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় তালুকদারপাড়ায় নিজের বাড়িতেই এই সংগ্রহশালা।
সংগ্রহশালায় একদিন
আজাদের বাড়ির একটি ঘরজুড়ে জায়গা হয়েছে এসব সংগ্রহের। সেই ঘর ছাড়াও লম্বা বারান্দায় সাজানো রয়েছে নিদর্শনগুলো। কক্ষে ঢুকতেই দেখা গেল রত্নভান্ডারটি। প্লাস্টিকের জন্তু দিয়ে তৈরি চিড়িয়াখানা, পোকামাকড়ের ঘরবসতি, ২ টাকার নোট দিয়ে তৈরি পোশাক, কাঁসা-পিতল, কড়ি, ঝিনুক ও হাতির দাঁতের তৈরি শোপিস দেখা গেল এদিক-ওদিক। বারান্দায় রয়েছে প্রাচীন সব নিদর্শন। কাচে ঢাকা না থাকায় ধুলার আস্তরণ অনেক নিদর্শনে। তবে কিছু কাচের ফ্রেমেও রাখা আছে।

গত ৩১ ডিসেম্বর এই সংগ্রহশালায় দেখা যায়, পাবনার বাঘাবাড়ী থেকে চলনবিলে বনভোজনে আসা একদল যুবক এসেছেন আজাদের সংগ্রহশালা দেখতে। সেই দলেরই একজন শাহজাদপুর সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র মুহিন বলেন, ‘স্থানীয় লোকের মুখে শুনেই আমরা এখানে এসেছি। সংগ্রহ দেখে অনেক কিছুই দেখার ও জানার রয়েছে।’
সংগ্রাহক আবুল কালাম আজাদ তালুকদার জানালেন, প্রায় ২২ বছর ধরে এসব সংগ্রহ করেছেন। শুরুর দিকে সংরক্ষণ করতে বেশ বেগ পেতে হয়েছে। রাখাও ছিল এলোমেলোভাবে। তাঁর স্ত্রী জেসমীন সুলতানা এ কাজে দারুণভাবে সহযোগিতা করেছেন।


দেশ ও বিদেশের এসব উপকরণ সংগ্রহ ও সংরক্ষণের জন্য প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে বলেও জানালেন আজাদ। তিনি এখনো সংগ্রহশালাটি সমৃদ্ধ করতে কাজ করছেন। সংগ্রহশালাটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। সপ্তাহের প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে সংগ্রহশালাটি। অন্য দিনগুলোতে কেন নয়? আজাদ বলেন, ‘পেশাগত কারণে সময় দিতে পারি না। যেহেতু সংগ্রশালাটি বাসায়, তাই প্রতিদিন খোলা রাখা সম্ভব হয় না। তবে শুক্রবার প্রায় ২০০ জন দর্শনার্থী আসেন।’
শুরু যেভাবে
১৯৯৪ সাল। সবে এসএসসি পরীক্ষা শেষ করেছেন আজাদ। অফুরন্ত সময়। সচ্ছল পরিবার। এক আত্মীয়র বাসায় ঘুরতে যান আজাদ। সেখানেই তিনি পান হাতির দাঁত; যেটা তাঁর আত্মীয় বাড়িতে বংশপরম্পরায় সংগ্রহ করছিলেন। সেই যে মাথায় সংগ্রহের পোকা ঢোকে। তখন থেকেই পরিচিত মানুষ তো বটেই, উদ্যোগ নিয়ে বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করেন এসব।
আজাদের বাবা আয়নাল হক তালুকদার বলেন, ‘আজাদের এসব দুর্লভ নিদর্শন সংগ্রহ করা দেখে প্রথম দিকে হেঁয়ালিপনা মনে হতো। আমরা সবাই তাকে পাগল বলতাম। অনেক টাকা খরচ করে এমন কাজ কে করে, বলেন? তবে এখন আজাদের এই সংগ্রহশালা নিয়ে আমরা গর্ব করি।’
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার বলেন, ‘ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা সংগ্রহশালাটি দেখে আমি অভিভূত।’

সংগ্রহশালায় আরও আছে
১৮০০ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা, পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ ১৭০ দেশের মুদ্রা রয়েছে আজাদের সংগ্রহে। ২০০ বছর আগের কড়ি, ২০০ বছর আগের পঞ্চমী ও কাঁসার বগিপ্লেট, ৩০০ বছর আগের পিতলের পিকদানি, ৯০ বছরের পুরোনো ক্যামেরা, ১৭০ বছর আগের কাঠের ঢেঁকিসহ নানা ধরনের সংগ্রহ।